নগরের বিভিন্ন এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনগুলো পথচারীদের জন্য বিপজ্জনক হয়ে পড়েছে। বিল্ডিং কোড অনুসারে নির্মাণাধীন ভবন জাল দিয়ে ঢেকে দেওয়া এবং নিরাপত্তা বেষ্টনী রাখার বিধান রয়েছে। তবে এ নিয়ম মানছেন না অনেকেই। নিয়ম মেনে চলার ব্যাপারে খবরদারি ও নজরদারি করার দায়িত্ব চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক)। চউকের কর্মকর্তারা এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। ২০ ও ২১ জুলাই সরেজমিন নগরের বিভিন্ন জায়গা ঘুরে দেখা গেছে, একাধিক নির্মাণাধীন বহুতল ভবনে জাল দেওয়া নিরাপত্তা বেষ্টনী না রেখেই কাজ চালিয়ে যাচ্ছে। কোথাও কোথাও জাল দিয়ে ভবন ঢাকলেও নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে টিনের বেষ্টনী রাখা হয়নি।সংশ্লিষ্ট ভবনের আশপাশের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, নগরের কোনো না কোনো জায়গায় দু-একটা ঘটনা ঘটছেই। ১৯ আগস্ট দুপুর ১২টায় নগরের মুরাদপুরে চিটাগাং টেকনিক্যাল কলেজ থেকে বাসায় ফেরার পথে নির্মাণাধীন একটি ভবন থেকে ইটের টুকরো পড়ে গুরুতর আহত হন ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ঊষা-ই-মারমা। এ ঘটনার প্রতিবাদে তাঁর সহপাঠীরা ওই দিন সড়ক অবরোধ করে। এর আগে ১৬ জুলাই রাজধানী ঢাকায় পান্থপথে একটি হাসপাতালে অসুস্থ মাকে দেখে বাসায় ফেরার পথে নির্মাণাধীন ভবনের ওপর থেকে পড়া একটি ইট কেড়ে নেয় হাবিবুর রহমান নামের এক তরুণের তরতাজা প্রাণ।২১ জুলাই মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার সৈয়দ নেছার আহমদ জামে মসজিদের বিপরীতে নির্মাতা প্রতিষ্ঠান মিশকাত হোল্ডিংয়ের নির্মাণাধীন পাঁচতলা ভবনে কোনো প্রকার নিরাপত্তামূলক ব্যবস্থা রাখা হয়নি। এই ভবনটির পাশের গ্যারেজের (যমুনা মোটরস) মালিক মৃদুল কান্তি দাশ অভিযোগ করে বলেন, ভবনটির ওপর থেকে প্রায় সময় গ্যারেজের টিনের ওপর ইট, রড পড়ে। আমরা নির্মাতা প্রতিষ্ঠানকে এ ব্যাপারে একাধিকবার অভিযোগ করেছি। কিন্তু তাঁরা তা আমলেই নিচ্ছেন না।’ এ ব্যাপারে মুঠোফোনে (০১৮১৯৩৯৯৬৮১) জানতে নির্মাতা প্রতিষ্ঠান মিশকাত হোল্ডিংসের দায়িত্বশীল এক কর্মকর্তা নিজের নাম জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ‘আপনি জায়গার মালিকের সঙ্গে কথা বলেন।’ একইভাবে পাঁচলাইশ শহীদ জানে আলম সওদাগর সড়কে নির্মাতা প্রতিষ্ঠান আল ওয়ান হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেডের নির্মাণাধীন ১০ তলা ভবনেও জাল দিয়ে ঢাকা হয়নি কিংবা নিরাপত্তামূলক ব্যবস্থা হিসেবে মাচাও রাখা হয়নি। এ ব্যাপারে ভবনের কাজ তদারককারী মো. জাহাঙ্গীর আলম বিল্ডিং কোড না মানার বিষয়টি স্বীকার করে বলেছেন, ‘আমি প্রতিষ্ঠানের প্রধান কর্মকর্তাকে বিষয়টি জানাব।’ এদিকে বাগমনিরাম ওয়ার্ডে ওয়াসা ভবনের বিপরীতে গিয়ে দেখা যায়, সৈকত বিল্ডার্সের নির্মাণাধীন নয় তলা ভবনের দক্ষিণ পাশে জাল দিয়ে ঢাকা হয়নি। টিনের বেষ্টনীও রাখা হয়নি। এ ব্যাপারে সৈকত বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘ভবনের দক্ষিণ পাশের কাজ শেষ হওয়ায় আমরা নিরাপত্তা বেষ্টনীটা তুলে ফেলেছি।’ তবে স্থানীয় লোকজন জানান, ভবনটির দক্ষিণ পাশে কখনো নিরাপত্তা বেষ্টনী রাখা হয়নি। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার ২২ জুলাই প্রথম আলোকে বলেন, ‘চউকে দুজন অথরাইজড কর্মকর্তা রয়েছেন। নির্মাণাধীন ভবনে বিল্ডিং কোড মানা হচ্ছে কি না, তা তদারকির দায়িত্ব তাঁদের।’ তবে বিষয়টি তদারকিতে অথরাইজড কর্মকর্তাদের গাফিলতি রয়েছে এমন অভিযোগের কথাও তিনি স্বীকার করেন।