বিপদভরা জীবন শেরপাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্বতারোহীদের মালামাল নিয়ে এভারেস্টে উঠছেন একজন শেরপা
পর্বতারোহীদের মালামাল নিয়ে এভারেস্টে উঠছেন একজন শেরপা

‘ঘড়ির কাঁটায় তখন ভোর সাড়ে ছয়টার মতো বাজে। এভারেস্টের ক্যাম্প-২-এ পৌঁছাতে বাকি মাত্র ৪০০ মিটার পথ। এর মধ্যেই হঠাৎ বিকট শব্দে বরফখণ্ড ভেঙে পড়তে লাগল। এভারেস্টের ঢাল বেয়ে তুষারস্রোতের মতো বরফখণ্ডগুলো আমাদের দিকে ধেয়ে আসছিল। অথচ নিরাপদ কোনো আশ্রয় নেই। আমার সঙ্গে থাকা দুজন শেরপা বরফখণ্ডের স্রোতে ভেসে গেলেন, এঁদের একজন আমার বন্ধু আকাশ তামাং। সবই ঘটল আমার চোখের সামনে। অসহায়ের মতো দেখলাম, কিছুই করতে পারলাম না।’
বিষণ্ন আর আতঙ্কিত মুখে কথাগুলো বলছিলেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শেরপা আবিরাল রাই। তাঁর চোখের সামনেই ১৮ এপ্রিল এভারেস্টের ঢালে ওই তুষারধসে অন্তত ১২ জন স্থানীয় শেরপা গাইড মারা যান।
১৯২১ সালে এভারেস্ট আরোহণের উদ্যোগ শুরুর পর থেকে এটিকেই সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ওই দুর্ঘটনায় এখনো চারজন শেরপার খোঁজ মেলেনি। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে কয়েকজনকে। দুর্ঘটনায় হতাহতের তালিকায় কোনো বিদেশি নেই, সবাই স্থানীয় শেরপা গাইড।
শেরপারা বছরের পর বছর ধরে বিদেশি পর্বতারোহীদের গাইড হিসেবে কাজ করে যাচ্ছেন। গাইড হিসেবে কী করতে হয় না তাঁদের! পর্বত জয়ের আশায় এভারেস্টে আসা আরোহীদের খাবার ও মালামালের বোঝা টেনে ওপরে তুলতে হয়, তাঁবু টানিয়ে আরোহীর জন্য থাকার জায়গা করতে হয়। এই কাজগুলো তাঁরা করেন রাতের আঁধারে। কারণ, দিনের আলোর তাপে বরফখণ্ড ভেঙে পড়ার আশঙ্কা থাকে। শেরপারা যখন বিপদসংকুল পথ পাড়ি দিয়ে এসব কাজ করেন, তখন বেস ক্যাম্পে বসে অনুকূল আবহাওয়ার অপেক্ষায় থাকেন পর্বতারোহীরা।
প্রতিপদে মৃত্যুর ফাঁদ থাকার কথা জানার পরও শেরপারা কেন এমন কাজ করেন? এককথায় বলতে গেলে, নেপালের দরিদ্র এই নৃতাত্ত্বিক গোষ্ঠীর আসলে আর কোনো উপায় নেই। তাঁরা এতটাই প্রত্যন্ত অঞ্চলে থাকেন যে অর্থ উপার্জনের আর কোনো ভালো রাস্তা তাঁদের নেই। ছোটবেলা থেকে তাঁরা সুউচ্চ পর্বতারোহণে ভীষণ দক্ষ হন। বড় হয়ে সেই দক্ষতা কাজে লাগিয়ে অর্থের বিনিময়ে তাঁরা বিদেশিদের গাইড হন, এভারেস্ট জয়ে সহায়তা করেন।
পর্বতারোহীদের হয়ে কঠিন, কষ্টকর ও ঝুঁকিপূর্ণ কাজগুলো করে খুব বেশি অর্থ পান না শেরপারা। মালামাল নিয়ে প্রতিবার আরোহণের জন্য তাঁরা ১২৫ ডলারের মতো পান। তাই যত বেশিবার আরোহণ, তত বেশি অর্থ। এই অর্থ দিয়েই পরিবারের এক বছরের খরচ চালাতে হয়।
নেপাল ন্যাশনাল মাউন্টেইন গাইড অ্যাসোসিয়েশনের পাসাং শেরপা বলেন, ‘শেরপারাই সব কঠিন কাজ করে থাকেন। পর্বতারোহী হয়তো বলবেন, আমি তিনবার বা চারবার এভারেস্ট জয় করেছি। তাঁরা আমাদের অতিথি, আমাদের সেটা মানতে হবে। পর্বতারোহীরা যাতে নির্বিঘ্নে এভারেস্ট জয় করতে পারেন, সে কাজ করাই আমাদের দায়িত্ব।’
নেপালের দিক থেকে এভারেস্ট জয়ের পথটি পর্বতারোহীদের কাছে বেশ জনপ্রিয়। এভারেস্ট জয়ের সবচেয়ে ভালো সময় মে মাস। এ বছর ওই সময়ে এভারেস্ট জয়ে আগ্রহীরা এখন ভিড় জমিয়েছেন বেস ক্যাম্পে। আর এখান থেকে তাঁদের মালামালসহ প্রয়োজনীয় জিনিস ওপরে তোলার কাজ করছেন ৩৫০-৪৫০ জন শেরপা।
শেরপাদের যেভাবে ব্যবহার করা হয় তা নিয়ে আপত্তি প্রকাশ করেছেন ভারতের লাইফস্টাইল ম্যাগাজিন দ্য আউটডোর-এর প্রতিষ্ঠাতা অপূর্ব প্রসাদ। তাঁর মতে, ‘এটি খুবই জঘন্য কাজ। একই সঙ্গে এটি অনেক পরিশ্রমের ও বিপজ্জনক কাজ। ন্যূনতম নিরাপত্তার নিশ্চয়তা ছাড়াই তাঁরা পর্বতে ওঠেন।’
গত বছরের এপ্রিলে বিদেশি পর্বতারোহীদের নিজস্ব উদ্যোগে নিয়ে আসা গাইডদের সঙ্গে স্থানীয় শেরপা গাইডদের মারামারির ঘটনা ঘটে। শেরপারা আশঙ্কা প্রকাশ করতে থাকেন, বিদেশি গাইডদের সংখ্যা বাড়তে থাকলে তাঁদের রুটি-রুজি হুমকির মধ্যে পড়বে। এমন পরিস্থিতিতে নেপাল সরকার নিয়ম করে, এভারেস্টের ২৬ হাজার ফুটের বেশি গেলেই স্থানীয় গাইডদের ভাড়া করতে হবে।
শেরপাদের ভবিষ্যৎ কী হবে বা কীভাবে এমন বিপজ্জনক কাজের সময় তাঁদের জীবনের নিরাপত্তা দেওয়া যায়, দুর্ঘটনার পর বিষয়গুলো নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। নেপাল মাউন্টেইনারিং অ্যাসোসিয়েশনের সভাপতি ও শেরপা সম্প্রদায়ের নেতা অ্যানং সেরিং জানালেন, ‘দুর্ঘটনার পর ডেপুটি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে কমানো যায় সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। আর এবার যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হবে।’
তপতী বর্মন, সূত্র: নিউইয়র্ক টাইমস