বিপদসংকুল পথে তীর্থযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক হাজার ৩০০ ফুট উঁচু পাহাড়ে এক হাজার ৪০০ সিঁড়ি ভেঙে পৌঁছাতে হয় চন্দ্রনাথের শীর্ষে। এমন খাড়া পাহাড়ে বিপদসংকুল সিঁড়ি ভেঙে ওঠা খুব সহজ নয় টগবগে তরুণ-তরুণীদের পক্ষেও। এক হাজার ৪০০ সিঁড়ির মধ্যে এক হাজার ২০০ সিঁড়ির অবস্থাই বেশ নাজুক। তার ওপর আছে ভিড়ের চাপ, ক্ষুধাতৃষ্ণার কষ্ট, পকেটমার ও ছিনতাইকারীদের উৎ পাত। তবে এসব সমস্যার কথা জেনেও দুর্লঙ্ঘ্য পাহাড়ে ওঠার সংকল্প ভোলেননি সীতাকুণ্ডের শিবচতুর্দশীর মেলায় আসা লাখো তীর্থযাত্রী। লাঠিতে ভর দিয়ে বিপদসংকুল পথে পাড়ি জমিয়েছিলেন বৃদ্ধ-বৃদ্ধারাও। তাঁদের অনেকেই পৌঁছাতে পারেননি পাহাড়ের শীর্ষে। মাঝপথে অসুস্থ হয়ে পড়েছিলেন কেউ কেউ। অসুস্থ অবস্থায় মৃত্যু ঘটেছে দুই তীর্থযাত্রীর। তবু এই পুণ্যযাত্রায় উৎ সাহ-উদ্দীপনার কমতি ছিল না এতটুকু।তিন দিনব্যাপী এই মেলা শেষ হয়েছে ৪ মার্চ। দেশি-বিদেশি সাধু-সন্ন্যাসী, মঠ-মন্দির ও আশ্রমের প্রধান, পর্যটক, তীর্থযাত্রী হাজির হয়েছিলেন চন্দ্রনাথধামের এই মেলায়। মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী।তিন দিনের মূল আয়োজন শেষ হলেও মেলা চলবে ১৮-২০ মার্চ দোলপূর্ণিমা পর্যন্ত। মেলার পাশাপাশি প্রতিবারের মতো এবারও বিশ্ববৈদিক সম্মেলন, ঋষি সমাবেশ, মহাতীর্থ পদক ও সম্মাননা পদক বিতরণ অনুষ্ঠান হয়েছে। গত তিন দিন মেলাপ্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, সীতাকুণ্ড কলেজ রোড থেকে চন্দ্রনাথ মন্দিরের পাদদেশ পর্যন্ত লোকে লোকারণ্য ছিল। শিবরাত্রীকে কেন্দ্র করে তীর্থযাত্রীরা চন্দ্রনাথধামের বিভিন্ন মঠ-মন্দির ঘুরে দেখেন। তবে সরু পথ, ভাঙা সিঁড়ি, সড়কের পাশে অস্থায়ী দোকান স্থাপন ও রাত্রিকালীন সড়কে পর্যাপ্ত বাতি না থাকার কারণে তীর্থযাত্রীদের ভোগান্তির সীমা ছিল না। মেলায় ২৫০ জন নিরাপত্তারক্ষী, ৩৫০ জন স্বেচ্ছাসেবক ছিলেন বলে জানা গেছে। তবে চন্দ্রনাথের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তীর্থযাত্রীরা মাত্র দু-একজন পুলিশ ও স্বেচ্ছাসেবকের দেখা পেয়েছেন।সীতাকু্্ণ্ড স্বাস্থ্যকেন্দ্র ও চন্দ্রনাথ স্বেচ্ছাসেবক সমিতি সূত্র জানায়, তিন দিনে চন্দ্রনাথ শিবমন্দির দেখতে গিয়ে ভিড়ের চাপে ৩০ জন তীর্থযাত্রী আহত হয়েছেন। অসুস্থ হয়ে ফেনী জেলার মনোরঞ্জন দাশ (৬৫) ও গাইবান্ধার গোপাল ভৌমিক (৬৮) নামের দুবৃদ্ধ নিহত হয়েছেন। এ ছাড়া অর্ধশতাধিক বৃদ্ধ নারী-পুরুষ প্রাথমিক চিকিৎ সা নিয়েছেন। কিশোরগঞ্জ থেকে আসা তীর্থযাত্রী দয়াময় রায় বলেন, ‘যত বিপদই আসুক না কেন শিবমন্দির দর্শনের সংকল্প নিয়েই এখানে এসেছি।’ টাঙ্গাইল মধুপুর থেকে ৪০ জনের একটি দল নিয়ে এসেছিলেন স্বপন সাহা। তিনি বলেন, ‘পাহাড়চূড়ার রাস্তাটি চলাচলের অনুপযোগী। বৃদ্ধদের নিয়ে এমন রাস্তায় ওঠা সম্ভব নয়।’ মেলা কমিটি জানিয়েছে, ভিড়ের সুযোগে পকেটমাররা তীর্থযাত্রীদের কাছ থেকে দুই শতাধিক মুঠোফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিয়েছে। মেলা কমিটির স্বেচ্ছাসেবকেরা ২৫ জন মহিলাসহ ৬৫ জন পকেটমারকে আটক করেছেন। সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক হারাধন চৌধুরী জানান, এবারের মেলায় প্রায় ১২ লাখ তীর্থযাত্রীর আগমন ঘটেছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মন্দিরে ওঠার প্রায় এক হাজার ৪০০ সিঁড়ির মধ্যে প্রায় এক হাজার ২০০ সিঁড়ির অবস্থা খুবই নাজুক। চন্দ্রনাথ তীর্থের বড় বড় মন্দিরগুলো ব্যক্তি বিশেষের সাহায্যে নির্মিত হয়েছে। অথচ প্রতিবছরই শিবচতুর্দশী মেলায় আগত তীর্থযাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।’ বোয়ালখালীর দীপক সাহা জানান, যাত্রী নিবাসগুলো ভাড়া দেওয়ায় তীর্থযাত্রীদের ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। তিনি চন্দ্রনাথ তীর্থের অবকাঠামো সংস্কার দাবি করেছেন। তীর্থ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুখময় চক্রবর্তী জানান, মেলার পরেই চন্দ্রনাথধামের অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ বলেন, তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে পুলিশবাহিনী আপ্রাণ চেষ্টা করেছে। তারপরও পকেটমারদের উৎ পাত থামানো যাচ্ছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মেলা কমিটির সভাপতি মো. আবদুুর রউফ জানান, মেলা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। তবে সরু রাস্তা বেয়ে চন্দ্রনাথ মন্দিরে উঠতে গিয়ে অনেককে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে।