বিপদে-আপদে 'বদি আলম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঞ্চালন তারের ওপর পড়ে থাকা গাছ সরাতে কিংবা কোনো গ্রাহকের বৈদ্যুতিক ত্রুটি সারাতে প্রায়ই ডাক পড়ে নেয়ামত আলীর। খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের সঙ্গে কাজ করছেন ১১ বছর ধরে। পান না কোনো বেতন-ভাতা। গ্রাহকেরা খুশিমনে যা দেন, তা দিয়েই চলে সংসার।
দীঘিনালার বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের কাছে নেয়ামত ‘বদি আলম’ হিসেবে পরিচিত। কর্মকর্তা–কর্মচারীরা জানালেন, গুরুত্বপূর্ণ এই কেন্দ্রের নানা সমস্যায় নেয়ামতের মতো ‘বদি আলমদের’ বাধ্য হয়ে ডাকেন তাঁরা। অনেক গ্রাহকও সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানের আশায় তাঁদের দ্বারস্থ হন। উপজেলায় এমন বদি আলমের সংখ্যা ২০ জনের মতো।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রে ২৬টি পদ থাকলেও কর্মকর্তা ও কর্মচারী মিলে বর্তমানে নয়জন কর্মরত আছেন। এই কেন্দ্রের আওতায় দীঘিনালা, রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার কিছু অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। এ ছাড়া তিনটি সেনা জোন ও বিজিবির একটি ব্যাটালিয়ন সদর দপ্তরেও এই কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। কেন্দ্র থেকে বিভিন্ন এলাকায় যাওয়া সঞ্চালন তারের মোট দৈর্ঘ্য দাঁড়ায় ১২৭ কিলোমিটার। পাহাড়ি উঁচু–নিচু পথ ধরে যাওয়া এই সঞ্চালন তারে ত্রুটি দেখা দিলে কর্মকর্তা ও কর্মচারীরা ছোটেন মোটরসাইকেলে। মই ও আনুষঙ্গিক যন্ত্রপাতি বহন করা হয় চাঁদের গাড়িতে করে। সম্প্রতি এই উপকেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে।
দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী যত্নমানিক চাকমা বর্তমানে আবাসিক প্রকৌশলীরাও দায়িত্ব পালন করছেন। তিনি জানান, তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহের কাজ করছেন মাত্র নয়জন কর্মচারী। এঁদের মধ্যে তিনি ছাড়াও একজন লাইনম্যান, তিনজন সাহায্যকারী, একজন উচ্চমান হিসাবরক্ষক ও তিনজন এমএলএসএস কর্মরত আছেন।
কোথাও সঞ্চালন তারে সমস্যা হলে কী করে সামাল দেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এ ক্ষেত্রে মোটরসাইকেলই ভরসা। আমাদের একজন লাইনম্যান ও িতনজন সাহায্যকারী আনি। কিন্তু তাঁদের কয়টা জায়গায় পাঠাব। তাই বাধ্য হয়ে আমরা বদি আলমদের ডাকি।’
যত্নমানিক চাকমা জানান, দীঘিনালা উপকেন্দ্র থেকে ১১ হাজার ভোল্টের (১১ কেভি) সঞ্চালন তার চারটি ফিডারের মাধ্যমে বিভিন্ন উপজেলায় গেছে। এর মধ্যে উপজেলার বাবুছড়া সঞ্চালন তার ৩০ কিলোমিটার, রাঙামাটির লংগদুরটি ৭৫ কিলোমিটার, বাঘাইছড়ির ২০ কিলোমিটার ও দীঘিনালা সেনা জোনের লাইনটি দুই কিলোমিটার দীর্ঘ। এই কেন্দ্র থেকে বাঘাইহাট, মাইনি ও দীঘিনালা সেনা জোন এবং বাবুছড়ায় নতুন প্রতিষ্ঠিত বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরেও বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। পাশাপাশি রাঙামাটির মারিস্যা উপজেলার বিদ্যুৎ বিতরণ নিয়ন্ত্রণও করা হয় এখান থেকে।
এই বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা জানান, ১৯৮৬ সালে ৭২৩ জন গ্রাহক দিয়ে দীঘিনালায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। বর্তমানে গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৮০০ জনে। বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের কর্মকর্তা জানান, বর্তমানে উপকেন্দ্রের আওতায় ১০৬টি ট্রান্সফরমার রয়েছে। তার মধ্যে উপজেলা সদরে রয়েছে মাত্র ১০টি ট্রান্সফরমার। বাকি ট্রান্সফরমারগুলো লংগদু উপজেলা, বাঘাইছড়ি উপজেলার একটি অংশ ও দীঘিনালা উপজেলার বিভিন্ন এলাকায়। উপকেন্দ্রে কোনো যানবাহন না থাকায় কোনো ট্রান্সফরমারে ত্রুটি দেখা দিলে দ্রুত যাওয়া সম্ভব হয় না।
দীঘিনালা বিদ্যুৎ সরবরাহ উপকেন্দ্রের আবাসিক প্রকৌশলী যত্ন মানিক চাকমা বলেন, ‘২০১২ সালের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নতুন পদ সৃষ্টি করলেও এখনো পদায়ন করা হয়নি। তবুও আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের মূল সমস্যা এখন যানবাহন। একটি গাড়ি খুব জরুরি হয়ে পড়েছে।’