বিপদে বন্ধুর হাত...
কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের এক জায়গায় দাঁড়িয়ে সমুদ্রের দিকে তীক্ষ দৃষ্টিতে নজর রাখছিলেন একদল লোক। তাঁদের সবার পরনে লাল পোশাক। পাশের ওয়াচ টাওয়ারে তাঁদের একজন দুরবিন চোখ রেখে তাকিয়ে ছিলেন ঢেউয়ের দিকে। হঠাৎ সাইরেন বাজিয়ে বিপদসংকেত দিলেন তিনি। পর্যটকদের কেউ একজন গোসল করতে গিয়ে বিপদে পড়েছেন। তাঁকে উদ্ধার করতে হবে। নিচে দাঁড়ানো সবাই মুহূর্তে ছুটলেন সাগরের দিকে।এভাবে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে এসে ঢেউয়ের টানে ভেসে যাওয়া পর্যটকদের রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছেন ইয়াসির লাইফ গার্ডের সদস্যরা। লাল পোশাকের (ইউনিফর্ম) কারণে স্থানীয় ব্যক্তিদের কাছে এঁরা লাল বাহিনী নামে পরিচিত। ১৯৯৫ সালের ২৩ অক্টোবর। ঢাকার কলেজছাত্র মিনহাজ উদ্দিন বেড়াতে এসে বাবা-মায়ের চোখের সামনে ভেসে যান সাগরে। তিন দিন সাগরে তন্নতন্ন করে খোঁজা হলো মিনহাজকে। চতুর্থ দিন মিনহাজের ক্ষত-বিক্ষত লাশ পাওয়া গেল ১২ কিলোমিটার দূরে মহেশখালীর সোনাদিয়া সাগর চ্যানেলে। মিনহাজের বাবা শাহাবুদ্দিন বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। ছেলের এই করুণ পরিণতি তাঁর চোখ খুলে দিল। তিনি দেখলেন, সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকদের বাঁচানোর জন্য সরকারি-বেসরকারি কোনো ব্যবস্থা নেই। কারও অপেক্ষায় না থেকে নিজের উদ্যোগে গড়ে তুললেন একটি উদ্ধারকারী দল। ছেলে ইয়াসিরের স্মরণে প্রতিষ্ঠানের নাম রাখা হলো ‘ইয়াছির লাইফ গার্ড স্টেশন’। সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টের কূল ঘেঁষে ঝাউবাগানের পাশে এক একর জমির ওপর প্রায় আট লাখ টাকা ব্যয়ে তৈরি হলো এই স্টেশনটি। নৌবাহিনীর অবসরপ্রাপ্ত আটজন ডুবুরি নিয়ে স্টেশনের কার্যক্রম শুরু হয় ১৯৯৬ সালের ২২ অক্টোবর। সাগরে নামার জন্য এই উদ্ধারকারী দলের রয়েছে একটি স্পিড বোট। আর মুমূর্ষু পর্যটকদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রয়েছে একটি অ্যাম্বুুলেন্স। যদিও অ্যাম্বুল্যান্সটি দীর্ঘ সময় ধরে বিকল রয়েছে। লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল (৪৮) জানান, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত দীর্ঘ ১৩ বছরে তাঁরা সমুদ্র থেকে এক হাজার ৯৭ জন পর্যটককে উদ্ধার করেছেন। ফিরিয়ে দিয়েছেন নতুন জীবন। এঁদের মধ্যে নারীর সংখ্যা চার শতাধিক। আর এ সময় গোসল করতে নেমে নিখোঁজ ৮৪ পর্যটকের মৃতদেহও উদ্ধার করেন তাঁরা।১ আগস্ট ২০০৯। সকাল সাড়ে ১১টা। সৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হন চট্টগ্রামের চকবাজার বড় মসজিদ এলাকার তানজিনা আকতার (২০)। পর্যবেক্ষণ টাওয়ার থেকে দৃশ্যটি দেখে সঙ্গে সঙ্গে স্পিড বোট নিয়ে লাল বাহিনীর যোদ্ধারা ঝাঁপিয়ে পড়েন সাগরে। এরপর তানজিনাকে উদ্ধার করে নিয়ে আসেন। বিদ্যালয়ছাত্রী শিউলী, বিদেশি পর্যটক প্রকৌশলী ডানজিমজু, কলেজছাত্র রকিবুল, ব্যবসায়ী আলমগীর, গৃহবধু মর্জিনাসহ এভাবে বহু মানুষকে রক্ষা করেছেন লাল বাহিনী। কৃতজ্ঞতা প্রকাশ করে ডুবুরিদের কাছে চিঠি লিখেন অনেকে। সাহসের সঙ্গে ডুবুরিদের সামনে চলার অনুপ্রেরণা জোগান।