বিপদে বারলুসকোনি
ভাবমূর্তির যাচ্ছেতাই অবস্থা ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির। রাজনৈতিক ও ব্যক্তিগত নানা সমস্যায় জর্জরিত তিনি। তাঁর দেশে মাসের পর মাস ধরে চলছে অর্থনৈতিক সমস্যা। হানা দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বিশ্ব সংস্কৃতি-সভ্যতার অন্যতম পীঠস্থান দেশটিতে চলছে সাংস্কৃতিক অবক্ষয়। প্রধানমন্ত্রীর নারী কেলেঙ্কারির কাহিনির তো শেষ নেই। সব মিলিয়ে এখন সিলভিও বারলুসকোনি বিপাকেই আছেন। ইতালির অন্তত দেড় কোটি নাগরিক এখন অকর্মা বসে আছে। হতাশ তরুণেরা পাড়ি দিচ্ছে বিদেশে। আর বেকাররা কোনো কাজ তো করছেই না, কাজের সন্ধানেও নামছে না। দেশটির উৎপাদন কেবলই হ্রাস পাচ্ছে। অর্থনীতির সার্বিক অবস্থা বিশেষ সুবিধের নয়। বিশ্লেষকেরা বলছেন, ইতালির অর্থনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত। আর লক্ষণ বলছে এর গৌরবময় অতীত ঐতিহ্যের চলমান ক্ষয় অব্যাহত থাকতে পারে।ইতালির দক্ষিণাঞ্চলে, নেপলস ও পালের্মোর রাস্তায় জমেছে পরিষ্কার না করা হাজার হাজার টন আবর্জনার স্তূপ। ক্রমে তা পাহাড়ের রূপ নিচ্ছে। এই জঞ্জাল পোড়ানো কিংবা নতুন ভাগাড় স্থাপনের প্রতিশ্রুতি রাখা হয়নি। স্বাস্থ্যগত ঝুঁকির আশঙ্কার কারণে ইউরোপীয় ইউনিয়ন শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে সম্প্রতি জানান এক কর্মকর্তা। তবে ইতালির সরকার বলছে, তার আগেই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।এদিকে উত্তরাঞ্চলে গত মাসে আঘাত হানে বন্যা। প্রথম কয়েক দিন এ দুর্যোগকে আমলেই নেয়নি কর্তৃপক্ষ। পরিস্থিতি পরে ভয়াবহ রূপ নেয়। বানের জলে ভিসেনজা এলাকার হাজার হাজার ঘরবাড়ি ডুবে যায়। ফসলের ব্যাপক ক্ষতি হয়। উদ্বাস্তু হয়ে পড়ে হাজারো মানুষ।এদিকে ভেঙে পড়ে হাউস অব গ্ল্যাডিয়েটর। ঘটনার পর অনেক সমালোচনা সত্ত্বেও সংস্কৃতিমন্ত্রী পদত্যাগ করতে অস্বীকৃতি জানান। বারলুসকোনির প্রধান প্রচার সহায়ক এই মন্ত্রীর দাবি, কারও ভুলের কারণে ওই দুর্ঘটনা ঘটেনি। তাই পার্লামেন্টে কঠোর সমালোচনা ও পদত্যাগের দাবির মুখেও তিনি নিজের পদ আঁকড়ে থাকার সিদ্ধান্তে অটল। এগুলো জনগণ ভালোভাবে নেয়নি।অভিযোগ উঠেছে, মনুষ্যসৃষ্ট এবং প্রাকৃতিক দুর্যোগ দুটিই মোকাবিলায় ব্যর্থ হয়েছে বারলুসকোনির সরকার।এ তো গেল দুর্যোগ-দুর্ঘটনা। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আচার-আচরণও বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে, প্রধানমন্ত্রী বার্লুসকোনি তাঁর মিলান ও সার্দিনিয়া দ্বীপের বিলাসবহুল বাসভবনে সুন্দরী তরুণীদের আমন্ত্রণ জানান। আয়োজন করেন জাঁকালো পার্টির। আমন্ত্রিত ওই সুন্দরীদের নির্বিঘ্ন আসা-যাওয়া নিশ্চিত করতে পুলিশের প্রতি কড়া নির্দেশ রয়েছে প্রধানমন্ত্রীর। এ নিয়ে পুলিশ কর্তৃপক্ষ অসন্তুষ্ট। বারলুসকোনির নারীপ্রীতি ইতালীয়দের কফির কাপে ঝড় তোলার অন্যতম প্রিয় বিষয়। সম্প্র্রতি একটি সম্পাদকীয়তে রোমান সম্রাট তাইবেরিয়াসের সঙ্গে তুলনা করা হয়েছে বারলুসকোনির। ইতিহাসবিদদের মতে, সম্রাট তাইবেরিয়াস প্রায়ই নারীসঙ্গ উপভোগ করতে মত্ত থাকতেন। ৭০ বছরে পা দিয়েও উদ্দীপক বিনোদনের আয়োজন করতে একজন প্রমোদমন্ত্রীকে নিয়োগ দিয়েছিলেন তিনি। তো, ওই সম্পাদকীয়তে বলা হয়, সম্রাট তাইবেরিয়াসের নারী বিলাসের এ ধরনের কাহিনি পড়ে মজা পাওয়া যায় সত্যি। কিন্তু ভুলে গেলে চলবে না, এ ধরনের জীবন যাপনের পরিণাম আখেরে ভালো হয় না।ইতালির প্রধানমন্ত্রীর ইন্দ্রিয়বিলাসের নতুন কাহিনি এখন সবখানেই আলোচিত হচ্ছে। বিবিসির প্রতিবেদক ডেভিড উইলি বলেন, ‘প্রতিদিন ক্যাফে, সুপার মার্কেট, দোকান কিংবা ট্রেনে যাঁদের সঙ্গেই আমার দেখা হয়, তাঁরা এই অভিযোগ করেন।’ বিদেশি গণমাধ্যমের খবরেও বলা হয়েছে, বারলুসকোনির চূড়ান্ত পতনের ক্ষণগণনা শুরু হয়েছে। তাঁর সুখের দিন শেষ।সম্প্রতি এক জনমত জরিপে দেখা গেছে, বারলুসকোনির জনপ্রিয়তা মাত্র ৩৫ থেকে ৪০ শতাংশে নেমে এসেছে। কিন্তু মাত্র দুই বছর আগেই বিপুল ভোটে তিনি নির্বাচিত হন। বারলুসকোনির জনপ্রিয়তা তখন ছিল শতকরা ৬০ ভাগের ওপর।এই বৈরী পরিস্থিতিতে নিজের হারানো সুদিন পুনরুদ্ধারের চেষ্টা করছেন বারলুসকোনি। আসন্ন আস্থাভোটে পার পাবেন বলেই তাঁর আশা। যদিও ক্ষমতাসীন জোটে ভাঙন দেখা দিয়েছে। নারী কেলেঙ্কারির ঘটনাকে নিছক গালগল্প বলেই উড়িয়ে দেন বারলুসকোনি। প্রধানমন্ত্রীর দাবি, তাঁর ব্যক্তিগত যৌনজীবন নিয়ে মাফিয়ারাই এসব খবর ছড়াচ্ছে। এগুলো বানোয়াট ও ভিত্তিহীন।বারলুসকোনির এই দাবিকে উপহাস করে সম্প্রতি ইতালির জনপ্রিয় কৌতুক অভিনেতা রবার্তো বেনিনি কৌতুক পরিবেশন করেছেন। বেনিনি বলেন, ‘আপনি কি বলতে চান মাফিয়া তাঁদের কালাশনিকভসহ আগ্নেয়াস্ত্র সমর্পণ করে এখন আপনার বিরুদ্ধে নারীদের ব্যবহার করছে?’প্রেসিডেন্ট হিসেবে ২০১৩ সালে জর্জিও নেপোলিতানোর মেয়াদ শেষ হবে। বারলুসকোনির স্বপ্ন, তিনি পরবর্তী প্রেসিডেন্ট হবেন। কিন্তু নতুন প্রজন্মকে তেমন কোনো স্বপ্ন দেখাতে পারেননি তিনি। কাজেই তাঁর ভবিষ্যৎ হয়তো ইতালির এ মুহূর্তের অর্থনৈতিক অবস্থার মতোই অনিশ্চিত।বিবিসি অনলাইন অবলম্বনে