বিপদের বন্ধু গোলাঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটি ও বান্দরবানের দুর্গম গ্রামের আদিবাসীদের অভাব জয়ের স্বপ্ন দেখাচ্ছে গোলাঘর। রাঙামাটির জুরাছড়ির আমতলীপাড়ার একটি গোলাঘর থেকে ধান সংগ্রহ করছেন আদিবাসীরা l প্রথম আলো
রাঙামাটি ও বান্দরবানের দুর্গম গ্রামের আদিবাসীদের অভাব জয়ের স্বপ্ন দেখাচ্ছে গোলাঘর। রাঙামাটির জুরাছড়ির আমতলীপাড়ার একটি গোলাঘর থেকে ধান সংগ্রহ করছেন আদিবাসীরা l প্রথম আলো

পাহাড়ে জুলাই মাস মানেই কষ্টের শুরু। ফসলের খেত থাকে শূন্য। তাড়িয়ে বেড়ায় অভাব। অর্ধাহার-অনাহারে কাটে দিন, যা চলে অক্টোবর পর্যন্ত। পেটের দায়ে নিরুপায় আদিবাসীরা তখন ছোটেন মহাজনের কাছে। আর মহাজন আষ্টেপৃষ্ঠে বাঁধেন দাদনের ঋণের জালে। এভাবে চলে এসেছে বছরের পর বছর। আদিবাসীদের সেই দিন এখন অতীত। মহাজনের শোষণ থেকে আদিবাসীদের মুক্তির বার্তা দিচ্ছে গোলাঘর বা ধানের ব্যাংক।
রাঙামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন দুর্গম গ্রামে সমন্বিতভাবে এই গোলাঘর বা ধানের ব্যাংক খোলা হয়েছে। অভাবের সময় গোলাঘর থেকে প্রয়োজনীয় ধান নেন আদিবাসীরা। জুম কিংবা আবাদি জমি থেকে ফসল আসার পর ওই ধান ফেরত দেন। এ ছাড়া ফসল উঠলে স্বতঃপ্রণোদিত হয়ে গোলাঘরে তাঁরা একটি নির্দিষ্ট পরিমাণে ধান জমা রাখেন। যখন অভাব দেখা দেয়, তখন সঞ্চিত এই ধান বিপদের বন্ধু হয়ে আসে।
আদিবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচ-ছয় বছর ধরে দুই জেলায় ৪০টি গোলাঘর গড়ে উঠেছে। এর মধ্যে রাঙামাটিতে ২৮ ও বান্দরবানে ১২টি। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতা এবং পরামর্শে আদিবাসীরা এই গোলাঘর গড়ে তুলেছেন। চারদিকে বেড়া দেওয়া একটি ঘরের মধ্যে টিন দিয়ে তৈরি একটি কক্ষে ধান রাখা হয়। এটি গোলাঘর নামে পরিচিত।
গোলাঘরে একদিন: রাঙামাটির জুরাছড়ি উপজেলার সদর ইউনিয়নের আশপাশের তিনটি পাড়ার ৭২টি আদিবাসী পরিবার মিলে আমতলীপাড়ায় একটি গোলাঘর গড়ে তুলেছে। আমতলী গোলাঘর নামের এই ব্যাংকের পরিচালনার জন্য করা হয়েছে গ্রাম সুরক্ষা কমিটি নামে একটি পরিষদ। ওই পরিষদ এটি ব্যবস্থাপনা করে থাকে।
পরিষদের সভাপতি রাজেন্দ্র লাল চাকমা বলেন, ‘২০০৯ সালে আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় সিআইপিডি নামে একটি সংস্থার মাধ্যমে এই গোলাঘর করেছি। আমাদের যখন ফসল আসে তখন সেখান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ গোলাঘরে জমা রাখি। পরে অভাবের সময় গোলাঘর থেকে এনে তা ব্যবহার করি। এতে আমাদের দুঃখ অনেকটা কমেছে।’
সরেজমিনে দেখা গেছে, জুরাছড়িতে বালুখালী মুখ এলাকায় আরও একটি গোলাঘর খুলেছে পাড়ার বাসিন্দারা। সেখানে এখন ধান ভর্তি। তালা লাগানো ঘরটি পাড়ার ঠিক মাঝখানে রয়েছে।
১৫ আড়ির (প্রতি আড়িতে ১২ কেজি) বাইরে বেশি ধান থাকলে তা নিজ নিজ ঘরে রাখতে হয়। ধানভর্তি এই গোলাঘরটি ঘিরে আদিবাসীরা স্বপ্ন দেখেন। প্রতিটি গোলাঘরে আড়াই থেকে তিন হাজার আড়ি ধান রাখা যায়।
বালুখালী মুখের গোলাঘর পরিচালনা পরিষদের সভাপতি ও পাড়ার কার্বারি সুরেশ কুমার চাকমা জানান, ‘গোলাঘর তাদের জীবনধারা বদলে দিয়েছে।’
আদিবাসীরা জানান, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আদিবাসীদের অভাব–অনটনে দিন কাটে। এ সময় তাঁদের হাতে কোনো কাজ থাকে না। বর্ষার কারণে আবাদি জমিও ফসলশূন্য। তখন আদিবাসী লোকজন মাহজনের কাছে ছোটেন। মাহজনের কাছ থেকে এক আড়ি ধান নিলে কখনো দেড় কিংবা দুই আড়ি ফেরত দিতে হতো।
যেভাবে কাজ করে গোলাঘর: বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় গোলাঘরটি নির্মিত হয়। নির্মাণ সময়ে প্রতিটি গোলাঘরে এমজেএফ স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার মাধ্যমে এক লাখ ৬৫ হাজার টাকার ধান কিনে দেয়। এরপর অভাবের সময় সেখান থেকে বাসিন্দারা তাঁদের চাহিদামতো ধান নেন।
ডিসেম্বর-জানুয়ারি মাসে জুমের ফসল তোলার কাজ শুরু হয়। এ সময় আদিবাসীরা তাঁদের ধার নেওয়া ধান গোলাঘরে ফেরত দেন। মাহজনদের যেখানে প্রতি এক আড়িতে দেড়-দুই আড়ি ফেরত দিতে হতো সেখানে গোলাঘরে প্রতি পাঁচ আড়িতে এক আড়ি ধান বেশি দিতে হয় বলে জানালেন সিআইপিডির প্রোগ্রাম কোঅর্ডিনেটর দয়াল চাকমা।
প্রতি পাঁচ আড়িতে এক আড়ি উদ্বৃত্ত ধান একসময় জমতে জমতে যখন বেশি হয় তখন তা বিক্রি করে দেওয়া হয়। বিক্রি করে ওই টাকা রাখা হয় ব্যাংকে।
আমতলী গোলাঘর পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্র চাকমা বলেন, ‘ব্যাংকে জমাকৃত টাকা দিয়ে কখনো বাগান, কখনোবা সবজি চাষ করা হয়। এই আয়ের টাকা গোলাঘরের সদস্যদের কল্যাণে ব্যবহৃত হয়। এখন এই গোলাঘর আমরাই চালাই। আমরা স্বনির্ভর। এনজিও থেকে কোনো সহযোগিতা এখন লাগে না।’
শুধু অভাবের সময় ধান ধার নেওয়া নয়, গোলাঘরের কোনো সদস্য ইচ্ছা করলে তাঁর ফলনের উদ্বৃত্ত ধান একটি নির্দিষ্ট পরিমাণে অর্থাৎ ১৫ আড়ি (প্রতি আড়িতে ১২ কেজি) করে জমা রাখেন। অভাব শুরু হলে সেখান থেকে এনে ব্যবহার করা শুরু করেন।
বিপদের বন্ধু: আমতলী এলাকার বিধবা মায়ের সন্তান তং চাকমা বর্গাচাষ করেন। ২০০৬-০৭ সালের দিকে অভাবের সময় মহাজনের কাছ থেকে ধান ধার নিয়েছিলেন। এরপর নিজের ফসল আসার পর ওই ধান ফেরত দিতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে পড়েন। তং চাকমা বলেন, ‘ধার নেওয়া ধান ফেরত দিতে গিয়ে আমার সবটাই চলে গিয়েছিল। ফলে অনাহার–অর্ধাহারে দিন কেটেছে। গোলাঘর হওয়ার পর ওই অবস্থার পরিবর্তন হয়েছে।’
একইভাবে শুভপূর্ণ চাকমাও গোলাঘরের সদস্য হয়ে দাদনদের কাছ থেকে মুক্তি পেয়েছেন বলে জানান।