
ফটিকছড়ি উপজেলার একটি পৌরসভা ও ১৮ ইউনিয়নে ইটভাটা আছে ৪৬টি। এসব ইটভাটার একটিরও ছাড়পত্র (লাইসেন্স) নেই। ইটভাটা স্থাপনসংক্রান্ত আইন না মানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন এসব ইটভাটার ছাড়পত্র দেয়নি। অবৈধ এসব ইটভাটায় বনের কাঠ পোড়ানো হচ্ছে বলে অভিযোগ আছে।
ফটিকছড়ি সদরের পৌরসভা, কাঞ্চননগর, সুয়াবিল, নানুপুর, পাইন্দং, সুন্দরপুর, দাঁতমারা, নারায়ণহাট, ভূজপুর, হারুয়ালছড়ি ইউনিয়নে স্থাপিত হয়েছে এসব ইটভাটা।
আইন অনুযায়ী আবাসিক এলাকা, বনাঞ্চল, উপজেলা সদর ও ফলের বাগানের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। কোনো এলাকায় ৫০টি বাড়ি ও ৫০টির বেশি ফলের গাছ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান থাকলে সেখানে ইটভাটা স্থাপন করা যাবে না। এসব নিয়ম না মেনেই উপজেলার অধিকাংশ ইটভাটা গড়ে উঠেছে।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার ৪৬টি ইটভাটার মধ্যে একটি ইটভাটারও অনুমোদন নেই। উপজেলার দক্ষিণাঞ্চলে ১৭টি ও উত্তরাঞ্চলে ২৯টি ইটভাটা রয়েছে।
সরেজমিনে দেখা যায়, নাজিরহাট ডিগ্রি কলেজ, কলেজিয়েট উচ্চবিদ্যালয়, সুয়াবিল প্রাথমিক বিদ্যালয়, আবদুল করিম উচ্চবিদ্যালয়সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ৫০০-৬০০ গজের মধ্যে ইটভাটা রয়েছে। এসব ইটভাটার চিমনির ধোঁয়া আশপাশের পরিবেশ দূষিত করছে।
উপজেলা কৃষি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বীকার করেন, ইটভাটার কারণে এলাকার পরিবেশ বিপন্ন হচ্ছে। প্রতিবছর মাটি তুলে বিক্রির কারণে কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে।
এলাকার লোকজন জানান, বনের কাঠ পোড়ানো হয় এসব ইটভাটায়। পরিবেশ অধিদপ্তর, প্রশাসন, পুলিশ ও বন বিভাগের লোকজন এসব দেখেও ব্যবস্থা নিচ্ছেন না। ইটভাটার মালিকেরা কিছু কয়লা ভাটার সামনে রেখে দেন, কিন্তু সেসব ব্যবহার না করে চুল্লিতে বনের কাঠ পোড়ান।
অনুমোদনহীন ইটভাটা স্থাপন প্রসঙ্গে এবিএম ব্রিকসের মালিক মো. আমান উল্লাহ চৌধুরী বলেন, ‘আমরা দুই বছর আগে পরিবেশ অধিদপ্তরের কাছে ছাড়পত্র চেয়ে আবেদন করেছি।’ বনের কাঠ পোড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘হরতাল-অবরোধের কারণে কয়লা আনা সম্ভব হচ্ছে না, তাই বাধ্য হয়ে কাঠ পোড়াচ্ছি।’
ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আমিনুল হক চৌধুরী বলেন, ‘বেশির ভাগ ইটভাটায় পরিবেশের ছাড়পত্র রয়েছে। তবে কয়েকটির মেয়াদ গত ৩০ জুন শেষ হওয়ায় উচ্চ আদালতের অনুমতি নিয়েই চালানো হচ্ছে।’
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মো. জাফর আলম প্রথম আলোকে বলেন, ফটিকছড়ির বেশির ভাগ ইটভাটারই ছাড়পত্র নেই। কয়েকটিকে চলতি বছরের জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।
বন বিভাগের নারায়ণহাট রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শহীদুল আলম বলেন, ‘এসব অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে জানানো হয়েছে। প্রশাসনের পাশাপাশি আমরাও ব্যবস্থা নেব।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, উপজেলার ৪৬টি ইটভাটার একটিরও অনুমোদন নেই। তবে, কিছু ইটভাটা উচ্চ আদালতের নির্দেশ নিয়ে কার্যক্রম চালাচ্ছে। আইন অমান্য করে চালানো ইটভাটাগুলো বন্ধ করে দেওয়া হবে।