বিপন্ন সিভিট বৃক্ষের বনে যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রাকৃতিক বনাঞ্চলের অন্যতম উঁচু বৃক্ষ সিভিট। বৃহৎ কাণ্ডের এ বৃক্ষের উচ্চতা ৫০ মিটার! একসময় দেশের পার্বত্য অঞ্চলে গর্জন, বৈলাম ও চাপালিশের সঙ্গে প্রচুর পরিমাণে এ গাছ দেখা যেত। কিন্তু নির্বিচারে বন ধ্বংসের ফলে দেশের বনাঞ্চল থেকে এ প্রজাতির বৃক্ষ হারিয়ে যেতে বসেছিল। বাংলাদেশের বিপন্ন প্রজাতির বৃক্ষের তালিকায় নামও উঠেছিল এ বৃক্ষের। বিপন্ন প্রায় প্রজাতির এ বৃক্ষকে পুনরায় বনে ফিরিয়ে দিতে নিরলস চেষ্টা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের তিন গবেষক শিক্ষক। তাঁরা হলেন অধ্যাপক কলিম উদ্দিন ভূঁইয়া, অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সফিউল আলম।এ তিন গবেষকের আশা, কয়েক বছর পরেই দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলবে বিপন্ন বৃক্ষ সিভিটের। এ জন্য তাঁরা নিরলস পরিশ্রম করছেন। গবেষক কামাল হোসাইন প্রথম আলোকে বলেন, নির্বিচারে বননিধন ও বনাঞ্চলগুলোতে দ্রুত বর্ধনশীল বৃক্ষ প্রজাতি লাগানোর কারণে বর্তমানে সিভিট বৃক্ষ খুব একটা দেখা যায় না। কাঠ ব্যবসা ও জুমচাষের কারণে এ প্রজাতির বৃক্ষ এখন বিপন্ন প্রায়। আইইউসিএনের রেড ডাটা বুক অনুসারে এ প্রজাতির বৃক্ষ বাংলাদেশের বিপন্নপ্রায় প্রজাতির তালিকাভুক্ত।গবেষকদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক কামাল উদ্দিন নার্সারিতে এ বৃক্ষের চারা উত্তোলনের বিভিন্ন পরীক্ষা করেছেন। পরে এর মধ্যে কয়েকটি পদ্ধতি সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে এ পদ্ধতিগুলোর মাধ্যমে এ বৃক্ষের বংশ বিস্তারের চেষ্টা করছেন তাঁরা। ইনস্টিটিউটের এ নার্সারির কিছু অংশজুড়ে সিভিটের বীজবাগান করা হয়েছে। বাগানে প্রায় কয়েক হাজার চারা রয়েছে। এ বাগানের নিয়মিত পরিচর্যা করছেন আবদুর রহমান ও মোহাম্মদ আলী। বাগানের পরিচর্যাকারী আবদুর রহমান বলেন, অনেক চেষ্টা ও সাধনার পর বীজ এবং অঙ্গজ জনন পদ্ধতিতে বীজ থেকে এসব চারা উত্তোলন সম্ভব হয়েছে। এসব চারা অত্যন্ত আগাছা সংবেদনশীল। এ জন্য নিয়মিত বাগানের পরিচর্যা করতে হয়। জানা গেছে, এসব চারা ৫০-৬০ বছর পর পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হবে। পরিপূর্ণ গাছের বেড় পাঁচ-সাত মিটার পর্যন্ত হয়ে থাকে। পাতা সরল, লম্বাটে, অনেকটা আমপাতার মতো। এজন্য এ গাছকে আমচন্ডুল বলা হয়ে থাকে। সিভিটের বৈজ্ঞানিক নাম swintonia floribunda।বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক কামাল হোসাইন বলেন, পার্বত্য চট্টগ্রামের পাবলাখালীর গহিন অরণ্যে একসময় বাদীহাঁস পাওয়া যেত। সিভিটগাছে ছিল এসব বাদীহাঁসের আবাস। বন থেকে সিভিট গাছ ধ্বংসের সঙ্গে সঙ্গে বাদীহাঁসও বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে।তিনি আরও জানান, সিভিট বৃক্ষের ফল টিয়া ও কাকাতুয়া পাখির খাবার। জানা গেছে, সিভিট গাছ দিয়ে নৌকা, সাম্পান ইত্যাদি তৈরি করা হয়। এ ছাড়া পরিপক্ব গাছ আসবাবপত্র তৈরিতে ব্যবহূত হয়।এদিকে, বাগানের এসব চারা দেশের বিভিন্ন উদ্ভিদ উদ্যান ও বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে দেওয়া হচ্ছে। এ ছাড়া দেশের ৩৫টি সংগঠনকে বাগানের চারা দেওয়া হয়েছে। সারা দেশে বিপন্ন প্রায় প্রজাতির এ বৃক্ষ ছড়িয়ে দেওয়ার জন্যই মূলত এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কামাল হোসাইন। তিনি আরও বলেন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার পাহাড় ও নিচু ভূমির প্রাকৃতিক বনাঞ্চল বিশেষ করে মিয়ানমার, বাংলাদেশ, আসাম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া ও সুমাত্রায় প্রাকৃতিকভাবে সিভিট জন্মে। বাংলাদেশের পার্বত্য অঞ্চলগুলোতে একসময় প্রচুর সিভিট পাওয়া যেত।