চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবদুল্লাহ মামুন। শেয়ারবাজারে সাম্প্রতিক ধসের কারণে অসংখ্য বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হন। এতে সামাজিক অস্থিরতা দেখা দেয়। এসব নিয়ে মো. আবদুল্লাহ মামুনের সঙ্গে কথা বলেছেন নিজস্ব প্রতিবেদক। শেয়ারবাজারে বিপর্যয়ের কারণে সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে। বিষয়টা কীভাবে দেখছেন? আবদুল্লাহ মামুন: সূচকের পতনের কারণে অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা অস্বীকার করা যায় না। তবে সামাজিক অস্থিরতা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। বিষয়টি সরকার দেখছে। বিপর্যয় কাটিয়ে বাজার ভালো করতে সরকার ইতিমধ্যে কিছু পদক্ষেপ নিয়েছে। আগামীদিনে আরও কিছু পদক্ষেপ নেবে। এতে বিনিয়োগকারীদের আস্থা সুদৃঢ় হবে। পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে কী করা উচিত?আবদুল্লাহ মামুন: একজন বিনিয়োগকারীর উচিত তথ্যভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে কোম্পানির আর্থিক অবস্থা বিচার করা। অর্থাৎ মৌলভিত্তির শেয়ার কিনলে আতঙ্কের কোনো কারণ নেই। বাজার বিপর্যয়ের পরও মৌলভিত্তির শেয়ারে ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠা সম্ভব হয়। সরকারের ইতিবাচক কিছু সিদ্ধান্তের কারণে বাজারে মৌলভিত্তির ছাড়াও অন্যান্য কোম্পানির শেয়ারের দাম বাড়ছে। বিষয়টা কীভাবে দেখছেন?আবদুল্লাহ মামুন: যে কোম্পানির আর্থিক অবস্থা ভালো এবং নিয়মিত ও বেশি হারে মুনাফা দেয় সেগুলো মৌলভিত্তির শেয়ার। আর্থিক অবস্থা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে মৌলভিত্তি আছে—এমন কোম্পানির শেয়ার কেনা উচিত। বাকি কোম্পানিগুলোর ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই।