বিপাকে আইএসআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৩ বা ২০০৪ সালে পাকিস্তানের গোয়েন্দারা এক সন্দেহভাজন জঙ্গি বার্তাবাহককে অনুসরণ করে উত্তর পাকিস্তানের ছবির মতো শহর অ্যাবোটাবাদের একটি বাড়ি চিহ্নিত করেন। গোয়েন্দাদের ধারণা, আল-কায়েদার অন্যতম শীর্ষ নেতা আবু ফরাজ আল লিব্বির কাছে এসেছিলেন ওই বার্তাবাহক। এর কয়েক মাস আগেই আল-কায়েদার অপারেশন বিভাগের প্রধান হিসেবে খালিদ শেখ মোহাম্মদের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিব্বি। ৯/১১-এর মূল পরিকল্পনাকারী ছিলেন এই খালিদ শেখ।পাকিস্তানের শীর্ষ একজন গোয়েন্দা কর্মকর্তা গত সপ্তাহে বলেন, তাঁরা ওই বার্তাবাহকের সূত্রে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযানও চালিয়েছিলেন। কিন্তু লিব্বিকে পাননি। সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ পরে তাঁর স্মৃতিকথায় লিখেছেন, ওই বার্তাবাহক জেরায় জানিয়েছিল, আল লিব্বি অ্যাবোটাবাদে তিনটি বাড়ি ব্যবহার করতেন। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তা বলেন, লিব্বির ওই তিনটি বাড়ির একটি ওসামা বিন লাদেন যে বাড়িতে নিহত হয়েছেন তার প্রাঙ্গণেই হয়ে থাকতে পারে।ঘটনাটি শুনতে ভালোই। কিন্তু তা সত্যি কিনা, তা নিয়ে পাশ্চাত্যের বিশ্লেষকেরা সন্দিহান। সন্দেহের কারণ অতীতের অভিজ্ঞতা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কয়েক বছর আগের এই অভিযানের কথা এখন বলছে এটা বোঝাতে, মার্কিন সেনারা যেখানে লাদেনকে মেরেছে, ঠিক সেখানেই পাকিস্তান জঙ্গি ধরে বেড়াচ্ছিল আজ থেকে সাত বছর আগে।কিন্তু মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের স্যাটেলাইটের তোলা ছবিতে দেখা গেছে, ২০০৪ সালে লাদেনের বাড়ির জায়গায় ফাঁকা মাঠ ছাড়া আর কিছুই ছিল না। লাদেন হত্যা অভিযান সম্পর্কে ওয়াকিবহাল একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, তিনি এমন কিছুই শোনেননি যা থেকে মনে হতে পারে অ্যাবোটাবাদে আগেও এ রকম অভিযান হয়েছে। ধাঁধা লাগানোর আরও কারণ আছে। পাকিস্তানি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ২০০৩ সাল থেকেই অ্যাবোটাবাদ তাদের নজরদারিতে রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, তাই যদি হবে তাহলে এত বড় একটা চোখে পড়ার মতো বাড়িতে লাদেন সপরিবারে বছরের পর বছর রইলেন আর আইএসআই তাঁকে খুঁজে পেল না, তা কী করে সম্ভব। বিশেষ করে এমন একটি শহরে যেখানে রয়েছে পাকিস্তানি মিলিটারি একাডেমিসহ কয়েকটি সামরিক স্থাপনা? এই প্রশ্নের উত্তর নিহিত রয়েছে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার তিক্ত হয়ে ওঠা সম্পর্কের মধ্যে। বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের ধারণা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে পাকিস্তান, বিশেষ করে আইএসআই দ্বৈতনীতি অবলম্বন করে আসছে। তারা বলছে একটা আর করছে আরেকটা। ৯/১১-এর পর থেকে যুক্তরাষ্ট্র পাক-আফগান সীমান্তের দুর্গম পার্বত্য অঞ্চলে আল-কায়েদা ও তালেবান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের একটা বড় ভরসা। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ পাকিস্তানের সেনাশাসক পারভেজ মোশাররফের সঙ্গে বেশ ঘনিষ্ঠ সহযোগিতার সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু মার্কিন কর্মকর্তারা ক্রমেই পাকিস্তানের ব্যাপারে হতাশ হয়ে ওঠেন। পাকিস্তান দ্বিতীয় সারি ও নিচু স্তরের আল-কায়েদা এবং তালেবান নেতাদের পাকড়াওয়ে সহায়তা করলেও আল-কায়েদার কথিত কয়েকজন ‘তিন নম্বর নেতাকে’ আটক, হত্যা করা গেলেও ওসামা বিন লাদেন বা তাঁর মিসরীয় ডানহাত আয়মান আল জাওয়াহিরি ধরাছোঁয়ার বাইরে থেকে গেছেন।’৯০-এর দশকের মাঝামাঝি জঙ্গি তালেবানকে আফগানিস্তানের ক্ষমতায় আসতে সহায়তা করেছিল আইএসআই। মার্কিন কর্মকর্তারা বলেন, ৯/১১-এর পর আফগানিস্তানে তাঁদের অভিযানের সময় তালেবানদের পালিয়ে পাকিস্তানে ঢোকার সময় আইএসআই দৃশ্যত চোখ বন্ধ করে ছিল—এমনকি হয়তো সাহায্যও করেছে। সন্দেহভাজন কাশ্মীরি জঙ্গিরা ২০০৮ সালে ভারতের মুম্বাইয়ে তাণ্ডব চালিয়ে ১৬৬ জনকে হত্যা করার পর নয়াদিল্লি আইএসআইকে ওই অভিযান নিয়ন্ত্রণ ও সমন্বয় করার দায়ে অভিযুক্ত করে। মার্কিনদের হাতে আটক বড় এক সন্দেহভাজন জঙ্গি গোয়েন্দাদের বলেছিল, আইএসআইয়ের কর্মকর্তারা তাঁদের অপারেশনের পরিকল্পনা ও অর্থায়নে সহায়তা করে। পাকিস্তান ওই ঘটনায় আইএসআইয়ের সক্রিয় ভূমিকার কথা অস্বীকার করেছে। তা ছাড়া তারা নিজেদের অঙ্গীকারের প্রমাণ হিসেবে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে শত শত সেনার নিহত হওয়ার কথা উল্লেখ করে থাকে। কিন্তু ওয়াশিংটন গত কয়েক বছর ক্রমেই পাকিস্তানের প্রতি সন্দেহগ্রস্ত হয়ে ওঠে। গত মাসে উইকিলিকসের ফাঁস করা দলিলে দেখা গেছে, যুক্তরাষ্ট্র গুয়ান্তানামো বে-তে আটক সন্দেহভাজন জঙ্গিদের যেসব প্রশ্ন করেছিল, তার একটি ছিল আইএসআইয়ের সঙ্গে তাদের যোগসূত্র ছিল কি না।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গত জুলাইয়ে বলেন, তাঁর বিশ্বাস লাদেন কোথায় লুকিয়ে আছেন, তা পাকিস্তানি কর্মকর্তারা জানেন। অ্যাবোটাবাদ অভিযানের অল্প কয়েকদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন আইএসআইয়ের বিরুদ্ধে এখনো তালেবানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ করেন। বাস্তবতা হচ্ছে, ওয়াশিংটন নিজেও বেশ আগেই দ্বৈত ভূমিকা রাখা শুরু করেছে। তারা দরকারমতো ইসলামাবাদের সাহায্য নেয় ঠিকই, কিন্তু নিজেদের পরিকল্পনা কী, তা জানানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি সতর্ক। আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিষ্ঠান স্ট্র্যাটফরের মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক কামরান বোখারি বলেন, মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা হচ্ছে, তাঁরা আইএসআইয়ের যেসব কর্মকর্তার সঙ্গে কাজ করছেন, তাঁদের কেউ কেউ হয়তো ‘ওই পক্ষের’ সঙ্গেও আছেন। কাজেই তথ্য বিনিময় করা হলে তা ‘লিক’ হয়ে যেতে পারে।অবশেষে বিন লাদেনের হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিল, দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যকার সম্পর্ক কী পরিমাণ অকার্যকর হয়ে উঠেছে। লাদেন খোদ রাজধানী ইসলামাবাদ থেকে এক ঘণ্টার দূরত্বে বছরের পর বছর বসবাস করেছেন, এটা জানার পর মার্কিন কংগ্রেস সদস্যরা প্রশ্ন তুলছেন, কেন যুক্তরাষ্ট্র এর পরও পাকিস্তানকে বছরে ১০০ কোটি ডলার সাহায্য দিয়ে যাবে? আইএসআইয়ের দিকে ছুড়ে দেওয়া হচ্ছে কঠিন সব প্রশ্ন। মার্কিনরা জানতে চাচ্ছে, সংস্থাটি কি জানত, লাদেন সেখানে ছিল? তারা কি লাদেনকে সহায়তা করছিল? আইএসআই কি একেবারেই পচে গেছে, না এটা শুধু গোটা কয়েক সহানুভূতিশীল কর্মকর্তার বিশ্বাসঘাতকতা? বিকল্প যুদ্ধকৌশল১৯৭১ সালে ভারত-বাংলাদেশ মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে দেশটি দুই ভাগ হয়ে যায়। জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে প্রথম থেকেই সব সহায়তা দিয়ে এলেও ভারত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় একেবারে শেষ পর্যায়ে। বৃহৎ ও শক্তিশালী ভারতের সর্বাত্মক আক্রমণ মোকাবিলা করা তখন পাকিস্তানের পক্ষে সম্ভব ছিল না। বিশ্লেষকরা বলেন, একাত্তরের যুদ্ধে পাকিস্তানের পরাজয়ের দুটি বড় প্রতিক্রিয়া ছিল। প্রথমত, এটি পাকিস্তানি সেনাবাহিনীকে বুঝিয়ে দেয় যে তারা শুধু প্রচলিত যুদ্ধের কৌশল দিয়ে ভারতের সঙ্গে এঁটে উঠতে পারবে না। এ উপলব্ধি থেকেই ভারতকে ব্যতিব্যস্ত রাখার জন্য ‘প্রক্সি’ হিসেবে ইসলামি জঙ্গিদের ব্যবহার করা শুরু হয়। আর দ্বিতীয়ত, দেশের যেটুকু ভূখণ্ড অবশিষ্ট রইল, তাকে ঐক্যবদ্ধ রাখার উপায় হিসেবে পাকিস্তানের পরবর্তী শাসকেরা সবাই ইসলামের শরণাপন্ন হলেন।পরবর্তী সময়ে আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময় যুক্তরাষ্ট্র তার মিত্র সৌদি আরবের সঙ্গে মিলে সোভিয়েত-বিরোধী জিহাদের যোদ্ধাদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিতে থাকে। নিজের স্বার্থেই যুক্তরাষ্ট্র পাকিস্তানের সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের দুঃশাসন দেখেও না দেখার ভান করে। সাম্প্রতিক কালে যেমনটা ঘটেছিল সেনাশাসক পারভেজ মোশাররফের ক্ষেত্রে। ২০০১ সালের ডিসেম্বরে ভারতীয় পার্লামেন্ট ভবনে জঙ্গি হামলার পর পাক-ভারত যুদ্ধ বাধার উপক্রম হলে পাকিস্তানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি কিছুটা বদলে যায়। ভারতের দাবি, পাকিস্তানভিত্তিক জঙ্গিরাই ওই হামলার জন্য দায়ী। তবে পাকিস্তান তা অস্বীকার করে। যা-ই হোক, এরপর যুক্তরাষ্ট্র পারভেজ মোশাররফকে চাপ দেওয়ার পর পাকিস্তান ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গিদের রাশ টানতে সচেষ্ট হয়। পাকিস্তানের যেকোনো শাসকের জন্য একই সঙ্গে এ রকম ঘর ও বাইরের দুই চাপ সামলানো এক কঠিন কাজ এবং তা এখনো তাদের করে যেতে হচ্ছে।তবে পর্যবেক্ষকরা মনে করেন, সন্ত্রাসবাদকে যে তারা রণকৌশলের একটি অংশ হিসেবেই দেখে, সে ব্যাপারটা আইএসআই গোপন করার চেষ্টা বড় একটা করেনি। সম্প্রতি প্রকাশিত হওয়া কিছু গুয়ান্টানামো নথিপত্রে পাকিস্তানি গোয়েন্দা সংস্থাটির সন্ত্রাসবাদে সমর্থন দেওয়ার প্রচ্ছন্ন উল্লেখ ছিল। এর প্রেক্ষাপটে আইএসআইয়ের সাবেক প্রধান লে. জেনারেল আসাদ দুররানি লেখেন: সন্ত্রাসবাদ যুদ্ধেরই একটি কৌশল। আর তাই তা নীতিরই একটি অংশ। ‘এক নম্বর শত্রু’ বিন লাদেন ঘায়েল হওয়ার পরিপ্রেক্ষিতে পাক-মার্কিন সম্পর্ক কোন দিকে মোড় নেবে? পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারাই স্বীকার করছেন, দেশটির কেন্দ্রস্থলে লাদেনের সন্ধান মেলায় চাপ আরও বাড়বে। অ্যাবোটাবাদের অভিজ্ঞতা অতি স্পর্শকাতর গোয়েন্দা তথ্যবিনিময়ে সংযমের উপকারিতা সম্পর্কে যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করবে আবারও। অন্তত নিকট ভবিষ্যতে তথ্যের ব্যাপারে বর্তমান মার্কিন গোপনীয়তার ধারা অব্যাহত থাকবে। পাকিস্তানের এই মুহূর্তের নাজুক অবস্থার সুযোগে দেশটির কাছ থেকে আরও বেশি প্রকাশ্য ও গোপনীয় ছাড় আদায়ের চেষ্টা থাকবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে। মার্কিন প্রশাসনের শীর্ষ কিছু পদে রদবদলও পাকিস্তানের সঙ্গে সম্পর্কোন্নয়নের জন্য কোনো সুখবর নয়। বর্তমান প্রধান আহমেদ সুজা পাশালাদেনের মৃত্যুর মাত্র কয়েক সপ্তাহ আগে ১১ এপ্রিল ওয়াশিংটন সফরে গিয়েছিলেন আইএসআইয়ের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ সুজা পাশা। ৫৯ বছর বয়স্ক পাশা আইএসআইয়ের প্রধান হন ২০০৮ সালের সেপ্টেম্বরে। এর আগে তিনি আফগান সীমান্তবর্তী উপজাতীয় এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযানের দায়িত্বে ছিলেন। পাশা সেনাপ্রধান আশফাক কায়ানির ঘনিষ্ঠ বলে পরিচিত, যিনি নিজেও অনেক দিন আইএসআইয়ের প্রধান ছিলেন। মৃদু ও স্বল্পভাষী জেনারেল পাশাকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা কিছুটা ডানপন্থী জাতীয়তাবাদী বলে মনে করেন।তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি