বিপাকে আল-শাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সোমালিয়ার বিস্তীর্ণ এলাকাজুড়ে নিয়ন্ত্রণ রয়েছে জঙ্গি সংগঠন আল-শাবাবের। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর যোদ্ধার দলত্যাগে জঙ্গি ইসলামপন্থী সংগঠনটি কিছুটা বেকায়দায় পড়েছে। স্থানীয় মানুষের সঙ্গে সংগঠনটির দূরত্ব বেড়ে চলেছে। এসব কারণে সোমালিয়ার অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা দেওয়া আফ্রিকান ইউনিয়নের বাহিনীর সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রেও আগের মতো সুবিধাজনক অবস্থানে নেই তারা।সম্প্রতি কয়েকটি পরাজয়ের শিকার হয়েছে আল-শাবাব। গত মে মাসে আফ্রিকান ইউনিয়নের (এইউ) সেনাদের কাছে হেরে রাজধানী মোগাদিসুর কাছের আফগোয়ি শহর থেকে বিতাড়িত হন আল-শাবাবের যোদ্ধারা। এ ঘটনার পর আল-শাবাবের বেশ কয়েকজন সদস্য দলত্যাগ করেন। ওই সময়ে দলত্যাগ করা একজন যোদ্ধা আবসের আলী মোহাম্মদ। আল-শাবাবের হয়ে কাজ করার সময় তাঁর ছদ্মনাম ছিল আবু খালিত। জীবনের ঝুঁকি সত্ত্বেও কেন দলত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন, সাংবাদিকের এ প্রশ্নের জবাবে আবু খালিত বলেন, ‘আমি বুঝতে পেরেছিলাম, আল-শাবাব আসলে মানুষের স্বাধীনতার জন্য লড়াই করছে না। তারা মানুষকে হয়রানি করছে মাত্র।’ আবু খালিত ও দলত্যাগী আরেক যোদ্ধা গাসান (ছদ্মনাম) জানান, তাঁরা ইসলামপন্থী এই সংগঠনটিতে যোগ দিয়েছিলেন ধর্মীয় বিশ্বাস এবং দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে। গাসান বলেন, ‘যখন আফ্রিকান ইউনিয়নের সেনারা সোমালিয়ায় প্রবেশ করে, তখন আমরা আল-শাবাবের নেতাদের বলেছিলাম, এরা ভিনদেশি শত্রু, অন্য ধর্মে বিশ্বাসী। সুতরাং নিজ দেশ ও ধর্মকে রক্ষার জন্য আমাদের উচিত তাদের প্রতিরোধ করা।’গাসান জানান, কয়েক মাস আগে তিনি শুনতে পান আল-শাবাব জোর করে কর আদায় করছে। তারা যাযাবরদের কাছ থেকে জোর করে গৃহপালিত প্রাণী নিয়ে যায় এবং ওই সব মানুষকে কঠোর সাজা দেয়।গাসানের অভিমত, ‘আমি উপলব্ধি করলাম, তারা আসলে ধর্মের মধ্যে নেই। তারা শুধু মানুষ হত্যার কাজে আছে।’ দলত্যাগের পর দুই যোদ্ধাই এইউ মিশনের হয়ে সোমালিয়ায় দায়িত্ব পালন করা উগান্ডার সেনাদলের সঙ্গে অবস্থান করছেন। এইউ বাহিনীতে রয়েছে উগান্ডাসহ কয়েকটি আফ্রিকান দেশের সেনা। এই বাহিনী দক্ষিণ ও মধ্য সোমালিয়া থেকে আল-শাবাবকে একে একে বিতাড়িত করছে। এর সেনারা মূলত খ্রিষ্টান। তবে দুই দলত্যাগীর দাবি, অন্য ধর্মাবলম্বী বাহিনীতে যোগ দিলেও নিজেদের ধর্মবিশ্বাস থেকে তাঁরা বিচ্যুত হননি।আল-শাবাবের যে কমান্ডারের অধীনে আবু খালিত কাজ করতেন, তাঁর নাম শেখ মুস্তাফ। এই কমান্ডারের অধীনে খালিতের মতো ২০০ থেকে ৩০০ জন যোদ্ধা কাজ করতেন। শেখ মুস্তাফ স্থানীয়ভাবে বিচারকের দায়িত্বও পালন করতেন। কেউ অপরাধী প্রমাণিত হলে মুস্তাফ তাঁকে কঠোর শাস্তি দিতেন। তাঁর পছন্দের সাজা ছিল অপরাধীর শরীরের অঙ্গচ্ছেদ করা।খালিত বলেছেন, আল-শাবাবের হাতে ধরা পড়লে ‘বিশ্বাসঘাতকতার’ জন্য তাঁকে কঠিন শাস্তি পেতে হবে। তিনি বললেন, ‘ধরতে পারলে ওরা আমাকে কেটে টুকরো টুকরো করবে।’ আল-শাবাবের কাছ থেকে মুক্ত হওয়ার পর আফগোয়ি শহরের মানুষের জীবনযাপনের চিত্র অনেকটাই বদলে গেছে। সম্প্রতি শহরটির প্রান্তে এক বাজারের মতো এক স্থানে বিক্রি হতে দেখা যায় ‘খাত’ পাতার আঁটি। মাথায় রঙিন স্কার্ফ বাঁধা নারীরা স্থানীয় মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় ওই পাতা বিক্রি করছিলেন। ‘খাত’ চিবানোর বিষয়টি সোমালিয়ায় রীতিমতো জাতীয় আসক্তি। এটি এক ধরনের উদ্দীপক। কিন্তু আল-শাবাব এই পাতা চিবানোকে নিষিদ্ধ করেছিল। সংগঠনটি শহর থেকে বিতাড়িত হওয়ার পর আবারও স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে পাতা চিবোনোর বিষয়টি। খাত পাতা চিবোনোর বিষয়টিসহ বিভিন্ন ক্ষেত্রে অযাচিতভাবে আল-শাবাবের কড়াকড়ি আরোপ স্থানীয় মানুষ ভালোভাবে নেয়নি। ফলে সাধারণ মানুষের সঙ্গে দিন দিন সংগঠনটির দূরত্ব বেড়েছে। এমনকি মুঠোফোনের রিংটোনে ইচ্ছামতো গান ব্যবহার করা নিয়েও আপত্তি তুলেছে তারা।সোমালিয়ার বিভিন্ন অঞ্চলে বিরাজমান বিশৃঙ্খলার কিছুটা অবসান ঘটিয়ে একটা সময় সাধারণ মানুষের সমর্থন আদায়ে সক্ষম হয়েছিল আল-শাবাব। কিন্তু নানা হঠকারী কর্মকাণ্ডের জন্য এখন তাঁদের আস্থা হারাতে বসেছে সংগঠনটি। ইথিওপিয়া সীমান্তের কাছের বাইদোয়া শহরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এলাকার তরুণদের জোর করে আল-শাবাবের সদস্য হতে বাধ্য করা হচ্ছে। সদস্য বাড়াতে মরিয়া প্রচেষ্টার অংশ হিসেবে শিশুদেরও দলে ভেড়াচ্ছে তারা।  ইমাম হোসেন সাঈদবিবিসি থেকে