বিপাকে ফি দিতে আসা লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ আগস্ট সরকারি ছুটির দিন বেলা একটা। চন্দনাইশ থেকে বাসের (চট্টমেট্রো-চ-১৯৯) ফিটনেস সনদ নিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয়ে এসেছিলেন মো. নুরুল ইসলাম। কিন্তু ব্যাংক বন্ধ থাকায় ফি জমা দিতে পারেননি, নিতে পারেননি ফিটনেস সনদও। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, ‘ছুটির দিনে বিআরটিএ খোলা থাকবে জেনে ৫০০ টাকা ট্যাক্সি ভাড়া দিয়ে ফিটনেস সনদ নিতে এসেছি। এখন দেখি ব্যাংক বন্ধ। মনটাই খারাপ হয়ে গেল।’সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নির্দেশে ছুটির দিনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম কার্যালয় খোলা রাখা হয়েছে। কিন্তু বিআরটিএ কার্যালয়ের অভ্যন্তরে থাকা বেসরকারি ব্র্যাক ব্যাংক খোলা না থাকায় বিপাকে পড়েছেন যানবাহন-সংক্রান্ত বিভিন্ন ফি আদায় করতে আসা লোকজন।২২ আগস্ট দুপুর ১২টায় বিআরটিএ কার্যালয়ে গিয়ে দেখা যায়, সেখানে অবস্থিত ব্র্যাক ব্যাংকের চারটি বুথই বন্ধ। তাই যানবাহন ফি পরিশোধের জন্য আসা লোকজন ফি দিতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।হাটহাজারীর ফটিকা থেকে আসা শফিকুর রহমান শিক্ষানবিশ চালক সনদের ফি জমা দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ফি জমা দিতে না পারলে বিআরটিএ খোলা রেখে লাভ কী হলো?’ একই রকম মন্তব্য সাতকানিয়া থেকে পিকআপ গাড়ির (চট্টমেট্রো-ড-১১-১৫৪৪) ট্যাক্স ও ফিটনেস সনদ নিতে আসা নিজাম উদ্দিনের।বিআরটিএ-সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা প্রথম আলোকে জানান, ১৯ ও ২০ আগস্টও ছিল সরকারি ছুটির দিন। ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনে ফিটনেস, নিবন্ধন, ট্যাক্স, রুট পারমিট ও লাইসেন্স শাখায় যানবাহন-সংক্রান্ত বিভিন্ন ফি পরিশোধ করতে আসা অর্ধশতাধিক ব্যক্তি টাকা জমা দিতে না পেরে ফিরে যান।এ ব্যাপারে জানতে চাইলে ২৩ আগস্ট বিআরটিএর মালিকানা বদলি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুন বলেন, ‘সরকারি ছুটির দিনে অফিস খোলা থাকলেও ব্যাংক বন্ধ থাকায় রাজস্ব দিতে পারছেন না যানবাহন মালিকেরা।’এ বিষয়ে বিআরটিএর সহকারী পরিচালক (মেট্রো-২) শহীদুল আযম যানবাহন ফি জমা দিতে আসা লোকজনের ভোগান্তির কথা স্বীকার করে বলেন, ‘সরকারি নির্দেশে আমরা দপ্তর খোলা রেখেছি। কিন্তু ব্যাংক তো যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন নয়।’ যোগাযোগ করা হলে ব্র্যাক ব্যাংক বিআরটিএ শাখার সার্ভিস ইনচার্জ মো. আনোয়ার বলেন, ‘বিআরটিএর কার্যালয় খোলার দিন ব্যাংক খোলা রাখার কোনো নির্দেশ আমরা পাইনি। পেলে খোলা রাখা হবে।’