বিপাকে বিএনপি, আ.লীগে একক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজী উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সমর্থিত প্রার্থী ঠিক করতে না পেরে বিপাকে পড়েছে বিএনপি। মাঠে থেকে গেছেন পাঁচ প্রার্থীই। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনামকে একক প্রার্থী দিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে আওয়ামী লীগ। ২৩ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের পর মোট ১৩ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তাঁদের মধ্যে চেয়ারম্যান পদে ছয়জন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন দুইজন।

দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর মধ্যে পাঁচজনই বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা। তাঁরা হলেন ঢাকা মহানগর (দক্ষিণ) বিএনপির সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন, তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন ও জেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম নাজিম ওসমানি।

পাঁচ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিএনপির দুইজন, আওয়ামী লীগের দুইজন ও একজন ইসলামী আন্দোলনের সমর্থক। বিএনপির দুজন হলেন উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সভাপতি ছৈয়দ আলম ভূঞা। আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হলেন আজিজুল হক ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন দুজন আওয়ামী লীগের জুবেদা নাহার ও বিএনপির জান্নাতুল ফেরদৌস। জান্নাতুল বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান।

চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলমগীর হোসেন জানান, তিনি উপজেলা বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। অন্যদিকে, মো. নিজাম উদ্দিন নিজেকে কেন্দ্র থেকে সমর্থন করা হয়েছে বলে প্রচার করেছেন।

জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘উপজেলা কমিটি নিয়ে শুরু থেকেই বিরোধ ছিল। ভেবেছিলাম জেলা বিএনপির পক্ষ থেকে সব প্রার্থীকে ডেকে একক প্রার্থী করার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। কিন্তু তা জেলা থেকেও হয়নি, কেন্দ্র থেকেও করা হয়নি। ফলে, আমরা সবাই প্রার্থী থেকে গেলাম।’

সোনাগাজী পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন দল ও জোটের প্রার্থী নিয়ে বিপাকে থাকার সত্যতা স্বীকার করে বলেন, দল এবং জোটের একক প্রার্থী করার চেষ্টা এখনো চলছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির এ কে এম নাজিম ওসমানী বলেন, ‘আমাকে ১৯-দলীয় জোটের একক প্রার্থী হিসেবে সমর্থন করার বিষয়টি প্রায় চূড়ান্ত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি।’