বিপাকে লিবিয়ার বিদ্রোহীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবীয় সংঘাতের আশু অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সংঘাতের বিবদমান দুই পক্ষের উত্থান-পতনের মধ্যে তৈরি হয়েছে নতুন এক দৃশ্যপট। মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীর বিরুদ্ধে লড়তে গিয়ে পশ্চিমাঞ্চলের বিদ্রোহী যোদ্ধাদের গোলাবারুদ ফুরিয়ে আসার পথে। এ পরিস্থিতিতে মিত্রপক্ষগুলোর কাছে অস্ত্র-সহায়তা চেয়েছে বিদ্রোহীরা। বিদ্রোহীরা বলছে, তাদের গোলাবারুদের মজুদ ‘বিপজ্জনকভাবে’ কমে এসেছে। এখন তারা জরুরি প্রয়োজনের জন্য রাখা ‘রিজার্ভ’ গোলাবারুদ ব্যবহার করছে।বিদ্রোহীদের একটি সূত্র বিবিসিকে বলেছে, অস্ত্র ও গোলাবারুদের অভাবের কারণে গাদ্দাফির বিরুদ্ধে তাদের অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদের সংকট অভিযানকে অচলাবস্থার দিকে ঠেলে দিতে পারে বলেও তাদের আশঙ্কা। বিদ্রোহীদের সূত্রটি বলে, ‘আমরা এখন অস্ত্র ভিক্ষা চাচ্ছি।’গত দুই মাস ধরে অল্প অল্প করে এগিয়ে বিদ্রোহী যোদ্ধারা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ নগর জ্লিতানের উপকণ্ঠের কাছে পৌঁছেছে। বিদ্রোহী সূত্র বলছে, ন্যাটো চায়, যত দ্রুত সম্ভব এ অভিযান শেষ হোক। পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পেলেই তারা ত্রিপোলির উদ্দেশে অগ্রসর হতে পারবে।বিদ্রোহীদের সমস্যা হচ্ছে, তারা তাদের ‘রাজধানী’ বেনগাজি থেকে প্রত্যাশিত সহায়তা পাচ্ছে না। বিদ্রোহী সূত্রের ভাষ্যমতে, ‘আপনি জানেন না যে সেখানে কার সঙ্গে কথা বলতে হবে। প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু তা বাস্তবায়িত হয় না।’ বিদ্রোহীদের রাজধানীতে এ জাতীয় বিশৃঙ্খলা যোদ্ধাদের জন্য উদ্বেগের; ন্যাটোর জন্যও। জানা গেছে, বিদ্রোহীদের কাছে সরাসরি অস্ত্র সরবরাহের ব্যাপারে তিনটি দেশের সঙ্গে কথা বলছেন মিসরাতার কমান্ডাররা। তবে সূত্রের বক্তব্য, দ্রুত অস্ত্র পাওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে, বেনগাজির সঙ্গে মতভেদের কারণে নয়। বিদ্রোহীরা কাতারের কাছ থেকে কিছু অস্ত্র পেয়েছে। তবে সেগুলো ১৯৭০-এর দশকের হালকা ধরনের অস্ত্র। জ্লিতানের আশপাশের যোদ্ধাদের মূল উদ্বেগের কারণ হচ্ছে বুলেটের অভাব।বিদ্রোহীদের কমান্ডার ওমর আল-আমিন বলেন, ‘আমাদের গোলাবারুদ এখন থেকে যেকোনো সময় ফুরিয়ে যেতে পারে।’ কর্নেল গাদ্দাফির সেনা ছাড়াও শ্রান্তির বিপক্ষে লড়ছেন বিদ্রোহী সেনারা। তাঁরা এখন রোজা রাখছেন। বিদ্রোহীদের কমান্ডার অবশ্য বলেন, রোজা তাঁদের দৃঢ়সংকল্পকে আরও জোরদারই করছে। গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিদ্রোহীরা ন্যাটোর দিক থেকে মূলত বিমান হামলার সহায়তা পাচ্ছে। বিদ্রোহীরা বলছে, বিমান হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। ব্রিটিশ বিমানবাহিনীর টর্নেডো জঙ্গি বিমান জ্লিতানের অভ্যন্তরে ও আশপাশের লক্ষ্যবস্তুতে ভারী বোমাবর্ষণ করেছে। এতে গাদ্দাফি বাহিনীর কয়েকটি লুকানো অস্ত্রাগার ধ্বংস হয়ে গেছে। তবে বিদ্রোহীরা জানে, সেখানে গাদ্দাফি বাহিনীর আরও অনেক অস্ত্রাগার রয়েছে। বিদ্রোহী সূত্র জানায়, এ মুহূর্তে তারা নগরটি দখলের চেষ্টা করবে না। এখন তাদের লক্ষ্য হচ্ছে নগরটি ঘিরে রাখা ও সরবরাহের পথ বিচ্ছিন্ন করে দেওয়া। দিন কয়েক আগে বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইব্রাহীম বেইত আলমাল বলেন, ভেতরের যোদ্ধারা কিছু অভিযান চালালে তাঁদের সেনাদের পক্ষে জ্লিতানে প্রবেশ করা সহজ হবে। তিনি দাবি করেন, আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের সেনারা নগরে প্রবেশ করতে পারবেন। ত্রিপোলির দিকে এগিয়ে যাওয়ার জন্য বিদ্রোহীদের জ্লিতান নগর জয় করতে হবে। সেখান থেকে রাজধানী মাত্র দেড় ঘণ্টার পথ। কিন্তু এ পথ এখনো অনেক দূরের বলে মনে হচ্ছে। বিদ্রোহীদের জন্য সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দাউদ ইসলাম