বিপিএল ও তামিমের আফসোস

আগের দুই বিপিএলে একবারই চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। নানা কারণেই অভিজ্ঞতাটা সুখকর ছিল না। চিটাগং ভাইকিংসে ডাক পেয়ে তামিম ইকবাল ভেবেছিলেন, এবার অন্তত ভালো কিছুর দেখা পাবেন। কিন্তু সে ভালোর দেখা অন্তত মাঠে নেই। ঢাকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে সিলেট সুপার স্টারসের বিপক্ষে পাওয়া জয়টাই একমাত্র সান্ত্বনা হয়ে আছে এখনো। চট্টগ্রাম পর্বের প্রথম দুই ম্যাচের হার টানা চার পরাজয়ের তিক্ত স্বাদ দিয়েছে দলটিকে।
তামিম অবশ্য এখানেই শেষ দেখছেন না। বিপিএলের লিগ পর্বে সব দল সব দলের সঙ্গে দুবার করে খেলবে। দ্বিতীয় পর্বের জয়-পরাজয়ের হিসাব উল্টে দিতে পারে সবকিছুই। ছয় ম্যাচে মাত্র এক জয়ের পরও চিটাগং ভাইকিংসও স্বপ্ন দেখছে শেষ পর্যন্ত যাওয়ার।
তামিম-শফিউল-এনামুলদের সঙ্গে দিলশান-আমিররা মিলে একেবারে খারাপ নয় চট্টগ্রামের দলটি। কিন্তু মাঠের ফলাফলে তার প্রতিফলন কোথায়? ব্যাটিংয়ে তামিম, বোলিংয়ে আমির, মাঝে মাঝে শফিউল—এর বাইরে তেমন কোনো পারফরমার এখনো খঁুজে পাওয়া যায়নি চিটাগং ভাইকিংসে। ব্যর্থতার কারণ হিসেবে তামিমও এটাকেই বারবার সামনে আনছেন। সেদিন তো বিদেশিদের ওপর ক্ষোভ প্রকাশ করে এমনও বলে দিলেন, ‘টাকা দিয়ে খেলোয়াড় কিনে আনা যায়, পারফরম্যান্স কেনা যায় না।’
শুধু বিপিএল বা ক্রিকেট নয়, পৃথিবীর প্রতিটি কোণে প্রতিটা খেলায় এ কথা সত্যি। লক্ষ-কোটি টাকায় নামীদামি খেলোয়াড় হয়তো পাওয়া যায়, ভালো খেলার নিশ্চয়তা পাওয়া যায় না। চিটাগং ভাইকিংসের ক্ষেত্রে সেটাই হচ্ছে এখন পর্যন্ত। ক্রিকেটারদের উর্বর ভূমি চট্টগ্রামের জন্য এ বড় দুঃখজনক, লজ্জারও।
প্রতি ম্যাচে চারজন বিদেশি খেলোয়াড় খেলানোর বাধ্যবাধকতা আছে বিপিএলে। কাজেই বিদেশি ছাড়া খেলার প্রশ্ন আসছে না। কিন্তু আকরাম-নান্নু-নোবেলদের শহর চট্টগ্রামের কি অন্তত স্থানীয় ক্রিকেটারের দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ থাকার কথা নয়? কেন প্লেয়ার্স বাই চয়েজে তামিম-নাফিসের পর আরও ক্রিকেটার থাকবে না, যাদের প্রথম কয়েক ডাকেই নিয়ে নেবে চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি!
নিজের সময়ের অন্যতম সেরা প্রতিভা আফতাব আহমেদ। যেদিন ফর্মে থাকতেন, মনে হতো পৃথিবীতে ব্যাটিং করাই বুঝি সবচেয়ে সহজ কাজ। সেই আফতাব নিজেকে পুরোপুরি মেলে ধরার আগেই হারিয়ে যেতে থাকলেন। এখন তো নাকি খেলোয়াড় আফতাবের চেয়ে কোচ আফতাবেরই পরিচিতি বেশি চট্টগ্রামে! নাজিমুদ্দিনের মতো ক্রিকেটার থেকেও নেই। ঢাকা প্রিমিয়ার লিগ আর জাতীয় লিগে নাম শোনা যায়, এই তো! চিটাগং ভাইকিংসে তামিম-নাফিস দুই ভাই আর ইয়াসির আলী ছাড়া আর কোন মুখটা চট্টগ্রামের বলে পরিচিত? চট্টগ্রামের ক্রিকেটাররা একসময় ছিলেন জাতীয় দলের শোভা। আজ সেখানেই ভালো ক্রিকেটারের জন্য হাহাকার। আকরাম-নান্নুরা নিশ্চয়ই আফসোস করেন, ইশ্, আমাদের সময় কেন বিপিএল ছিল না!
চট্টগ্রামের ক্রিকেটের হারানো দিন নিয়ে মাঝেমধ্যেই মাতম শোনা যায়। দু-একটা উপলক্ষে অবশ্য আশার বেলুনও উড়িয়েছেন অনেকে। সেসব বেলুন উড়তে উড়তে এখন কোথায় চলে গেছে কে জানে! ২০০৯ ও ২০১০ সালের পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএল) স্বপ্ন দেখিয়েছিল চট্টগ্রামের ক্রিকেটে নবজাগরণের। পুরোনো নিয়মিত টুর্নামেন্টগুলোও নতুন করে মাঠে নামানোর কথা শোনা গিয়েছিল তখন। সেসব তো হয়ইনি, উল্টো দুই মৌসুম হয়ে পিসিএলই বন্ধ।
জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বিসিবি পরিচালক পদে নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন চট্টগ্রামের ক্রিকেটের জন্য কিছু করার। সেই প্রতিশ্রুতির দৃশ্যমান কোনো বাস্তবায়ন এখনো কেউ দেখেনি। ভবিষ্যৎ আফতাব-তামিমরা তাই গলির ক্রিকেটেই পড়ে আছে, বড় মাঠে আসার পথ খঁুজে পাচ্ছে না।
চট্টগ্রামের মাটিতে ক্রিকেটের রস আছে, বাতাসে আছে ক্রিকেটের অক্সিজেন। প্রয়োজন শুধু একটু সূর্যালোকের। সেটা পেলেই একদিন দূর হয়ে যাবে তামিমের আফসোস। দলের অলংকার বাড়াতে টাকা দিয়ে নামী খেলোয়াড় কিনলেই চলবে, পারফরম্যান্স কিনতে হবে না। সেটা পাওয়া যাবে ঘরে। নিজের জন্য, নিজেদের জন্য লড়াইয়ে জয়ের যে তৃষ্ণা, সেটা কি আর বাজারে কিনতে পাওয়া যায়?