বিপিএলে অংশ নিচ্ছে সাত অঞ্চলের সাতটি দল। প্রতিটি অঞ্চলের ভাষায় সেই অঞ্চলের দলের খেলার ধারাভাষ্য দিলে কেমন শোনাত?

কুমিল্লা ভিক্টোরিয়ানস
চমৎকার আবওয়া, চাইরমুই বইতাছে সুবাতাস, হাজ কাইট্টা গেছে। বাংলাদেশ কিকেট থাইক্কা শঙ্কার হাজ কাইট্টা বইয়া যাক ফুরফুইরা বাতাস। দর্শক, আমরা দুঃখিত, অহন মাডের মইধ্যে আবার নামছে কাডা ঝরি, কিতা যে করি! যেই ঝরি নামছে, থামব কোম্বালা, কেডা জানে।
সুপ্রিয় দর্শকমণ্ডলী, হাজডা কাইট্টা খেলা অহন আমরার হাতো। হাজমুক্ত মাড, পেকমুক্ত আকাশ। বিপিএলের এই চরম ফাটাফাটি খেলাডার জন্য আদর্শ আবওয়া। যাই হোক, দর্শকমণ্ডলী, আমডা আবার খেলায় ফিরা আইছি। অহনকা ব্যাট করতাছে কুমিল্লা ভিক্টোরিয়ানসের ইমরুল কায়েস। আম্পায়ার পাড়ুইয়া বল মারলেন বোলার মাশরাফি বিন মুর্তজা। ব্যাটসম্যান বল দেইক্কা-হুইন্না ছাইড়া দিছে, তয় হেবেডা বোল্ড! আমরা এই খেলা চাওনের লাইগা টিবির সামনে বইছিনি?
(ধারাভাষ্যকার: গাজীউল হক ও এম এ হান্নান)

সিলেট সিক্সারস
এইমাত্র বুলার আম্ফায়ারখে অতিখ্রম খরলেন। ওদিখে ফ্রস্তুত ব্যাটসম্যান সাব্বির। ইতান হেই সাব্বির, যে তাইন নাখি খথায় খথায় ছক্কা মারোইন। খিন্তু না, ইবার তিনি এখটু টুখা মারছুইন। বল তাইনোর ব্যাটের খান্দাত লাইগ্যা স্লিফের উফর দিয়া ছলি গেছে সীমানার বাইরোত! আরও ছাইরখান রান যুগ অইলো। সিলোট সিক্সারসের রান সইংখ্যা এখন ফাক্কা এখশ তেইশ, এখ দুই তিন। ইলান দেখিয়া আমার মাদুরী দীক্ষিত অবিনীত এখটা জনফ্রিয় হিন্দি গানের খথা মনে ফরি গেছে...।
(ধারাভাষ্যকার: মহিউদ্দিন কাউসার)

চিটাগং ভাইকিংস
সুপ্রিয় শ্রোতাঅক্কল, দর্শকওলোর তালি ফুনি ওনেরা বুঝিত ফাইজ্জুন, মাঠত নামের সৌম্য সরকার, যারে এই মুহূর্তত চিটাগং ভাইকিংসর বওত দরহার। ওর হতা হইতো গেলে বওত হতা মনত পরি যাই গুই। ঘরর মেডিত দক্ষিণ আফ্রিকা বা পাকিস্তানোরে ফাডায় ফেলাইব্যার লাই যার বওত ভূমিকা আছিল। ওই ম্যাচ ইয়ুনুত ইতে বড় বড় ছক্কা মাইজ্জিল। ইয়ান ছারা ইতা কিন্তু...আউট। আ-উ-ট! সৌম্য সরকার আউট অই গেয়্যি! আঁই কিছু ন বুজি!
(ধারাভাষ্যকার: শাহাদাত হোসেন)

রাজশাহী কিংস
এবারে বল করতে অ্যাসছে মামা ড্যারেন শ্যামি। ব্যাটশম্যান জেদের চোটে ব্যাট খালি পিচের উপর ঠুক্যায় য্যাছে। মনে হ্যছে মনে মনে বুলছে যে মামুর বুঠা, কাকে ল্যাড়তে তুমি কাকে ল্যাড়েছো শ্যামি! ম্যারা দিয়া তুমাকে হামি বানাবো আসামী! মামা শ্যামি আম্পায়ারকে ডিঙায়া বল ক্যরলো। খাটো লেংন্থের জবর এক বল মামা, কিন্তু ব্যাটসম্যানও হেবি আছে...ঘুরিয়া এমন জবর ক্যরা ম্যারেছে যে বল মাটি কামড়িয়া চল্যা য্যাছে লং অন আর মিড অনের ফাঁক দিয়া চিয়ার গার্লদের দিকে। বলের পিছন পিছন ছিড়ছিড়িয়া দোড়্যাছে ফিল্ডার মোহাম্মদ শামি। কিন্তু ছোট থ্যেকা ফিল্ডিং মারার অভ্যাস মাম্মার না থাকায় আর মাম্মার চাইতে বলের গতি হেব্বি থাকায় বল কিন্তু চলে গেল সোজা সীমানার বা-ই-ই-রে। একেবারে চ্যার রান। চ্যার চ্যার চ্যার! চোখ চ্যায়া দেখার মতন ম্যার, নয়নাভিরাম ম্যার, উপভোগ্য জব্বর ম্যার! কুতি দিয়া বল গেল এগারটা ফিল্ডার প্যাস্তেই প্যারল না কিন্তু...
(ধারাভাষ্যকার: আহমেদ খান)

ঢাকা ডায়নামাইটস
আবে হালায়, দ্যাখছসনি কারবার, স্টিডিয়াম তো পুরাই ভরপুর! হাজির বিরিয়ানির ছামনেও ভি এমুন লাইন ধরে না! বিপিএল তো দেহি জইম্মা গেছে। জমব না ক্যালা, কুন দল খ্যালতাছে দ্যাখতে অইব না? হ, ঢাকা ডায়নাইমাইটসের খ্যালা আইজগা। দলের ক্যাপ্টিনের নামটা কি কইতে হইব নাক্কি? আবার জিগায়! হ হ, বাংলাদেছের জান, বাংলাদেছের প্রাণ ছাকিব আল হাছান। যাউগ্গা, কথা বাড়াইলেই বাড়ব। আইজগা ঢাকার ছামনেতে পড়ছে কুমিল্লা। টছে জিইত্যা ব্যাট করতে নামছে অরা। বল করতে আইলো ওই যে আছে না একটা, চুল খাড়া কইরা রাখে, মনে পড়ছে—ছুনিল নারাইন। মাছুম, ছান্তছিষ্ট, কিন্তু হালায় ল্যাজবিশিষ্ট বোলার। পরথম বল মারছে, কেঁচকিমারা বল, ব্যাটসম্যান তো বোঝবারই পারে নাইক্কা। লেগ বিফোরের আবেদন করছে। লেগ বিফোরের কথা কইতে না কইতেই আমার আবার লেগরোস্টের কথাটা মনে পইড়া গেছে। মাগার আম্পায়ারের লেগ–ফিঙ্গার—কিছুই তো লড়তাছে না! রিপ্লে দেইখা তো মনে হইতাছে আউট হইয়া গেছেগা। হ, তাপ্পর রিভিউ নিছে আমগো ছাকিবে। ব্যাটসম্যানের লেগ হালায় কাঁপতাছেনি?
(ধারাভাষ্যকার: শেখ মো. আশফাক)

খুলনা টাইটানস
সুপ্রিয় দর্শকবিন্দ, খুলনা টাইটানস আজকে রাজশাহী কিংসরে হারায় দিয়ে কোয়ার্টার ফাইনালে খেলার সৌভাগ্য অর্জন করিসে। আমরা আগেই জানতাম, পোলাগুলো রাজশাহীরে ধরে দেবেনে। দেখিসেন তো, আমাগে পেলেয়ারগুলা পুরাই ফাটায়ে দেসে। এই জয় বহুত আশা-আকাঙ্ক্ষার জয়। এই জয় আমাগের জন্যি বিশাল ইজ্জতের ব্যাপার। সুপ্রিয় দর্শক, আজকে বলতি গেলি মাত্র দুটো কথাই বলতি হয়—শাবাশ খুলনা, শাবাশ খুলনা টাইটানস। তোরা সজ্ঞলে চিল্লা, জয়ধ্বনি কর! ওই নতুনের কেতন ওড়ে, পৃথিবী অবাক হয়ে চায়ে থায়ে...কালবৈশাখীর ঝড়...
(ধারাভাষ্যকার: রাসেল মাহমুদ ও সোহাইল রহমান)

রংপুর রাইডার্স
তোমরা ভাল্ করি জানেন, অমপুর আইডার্সের নেতৃত্ব দিবার নাগছে বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বাল নক্ষত্র, এক নামে যাক সোগায় চিনে, বাপের ব্যাটা মাশরাফি। হামার মাশরাফির হাতোত কিন্তুক আসল যে অস্তোকোনা আছে, তার নাম হইলে গেইল। উয়ার দেহাত্ যে শক্তি, আইজ বোলারোক ডাঙে তামা-কাসা করি ছাড়ি দিবে! কিরিজের অন্য দিকোত্ আছে আবার কালাম। হামার গঙাচরার কালাম নোয়ায়, অ্যায় হইল্ নিউজিল্যান্ডের ম্যাককালাম। এটাও আরেক বাপের ব্যাটা। চোক-মুখ বুজিয়া ফাউরা হাঁকাইলে বল যে কোন্টে যাইবে, খুঁজি পাওয়া যাইবে কি না সন্দেহ। কতা কইতে কইতে বল হয়া গেল। খোঁচা দিয়ায় গেইল দৌড় নাগাইছে। কিন্তু বাহে, অ্যাটে রান হয় ক্যামন করি? ডাইরেক্ট থ্রু, খুঁটিমুটি সব ভাঙি একাকার! কালাম আউট! তোমরা বাহে যায় কন, দোষ কিন্তুক অ্যাটে গেইলের। এমনিতে কী আর কয়, উয়ারে গরু উয়ারে ধান খায়, উয়ারে নাটি দিয়া উয়াকে ডাঙায়!
(ধারাভাষ্যকার: মাহফুজ রহমান)
ম্যাচ-পরবর্তী টক শো
আঙ্গো আইজ্যার মেওমান এজ্ঞা আসমানের তারা, আন্নেরা বিশ্বাস কইত্তেন্নয়, হ্যাতেন বাংলাদেশ ক্রিকেটে জ্বলি রইছে হুরা জীবন, ব্যাকে হ্যাতেনেরে ফলো করে বাইয়া, বুইজ্জেন্নি? হ্যাতেনের নাম হুইনলেই বোলাররা কাঁপি উইঠতো, হাঁকে হাঁকে বোলাররা উল্টা আঁডা শুরু কইত্তো, হুরা বিশ্বের ক্রিকেট উদ্ভাসিত অইছে হ্যাতেনের বৈরের কারণে, য্যাতেন ন থাইকলে ক্রিকেট খেলা হুরাহুরি অইতোনা অদ্দেক লাগেযেন বাকি থাকি যাইতো, য্যাতেনের অবদানে আঙ্গো দেশের ক্রিকেট ওঁচে উডি গেছে, আরও হুইনলে তো আন্নেরা আর ইয়েনে বই থাইকতেন্নয়, আঙ্গো এই মেওমানের ত্যাগ হারাজীবন মনে থাইকবো। ম্যালাক্ষণ আন্নেগোর লগে ইতরামি কইচ্ছি, আর কইত্তানয়। আন্নেগোর ফরিসয় করাই দিমু হ্যাতেনের লগে। হ্যাতেন আর কেয়া নয়, আঙ্গো ক্রিকেটের তুফান গাজী আশরাফ হোসেন লিপু আইজ্জা আন্নেগো সামনে উফস্থিত।
(ধারাভাষ্যকার: রাফি আদনান)