বিপিএলের কনসার্টে দর্শক মাতালেন শ্রেয়া ঘোষাল
স্টেডিয়ামে গড়াবার আগেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আসর জমিয়েছে। তবে এই আসর ক্রিকেটের নয় গানের। গত শুক্রবার সন্ধ্যায় কক্সবাজার সমুদ্রসৈকতে বিপিএলের প্রচারণার উদ্দেশ্যে আয়োজিত কনসার্টে লাখো মানুষের ঢল নামে। কনসার্টে গান গেয়ে দর্শক মাতান ভারতের জনপ্রিয় শিল্পী শ্রেয়া ঘোষাল।জানা গেছে, এর আগে সকালে বিপিএলের প্রচারণার অংশ হিসেবে নিরাপদ সমুদ্রসৈকত চাই স্লোগান নিয়ে সৈকতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিপুল সংখ্যক পর্যটক ও স্থানীয় জনগণ অংশ নেন। কনসার্টে যেন তারার হাট বসেছিল। ভারতের তারকা শিল্পী শ্রেয়া ঘোষাল, অমিত পাল, রবিন্দ্র দাশ, বাংলাদেশের নগর বাউল জেমস, ক্লোজআপ তারকা রিঙ্কু, নিশীতা, চ্যানেল আই সেরাকণ্ঠ ইমরান কনসার্টে গান পরিবেশন করেন।শ্রেয়া ঘোষাল জনপ্রিয় হিন্দি সিনেমা বডি গার্ড-এর হিট গান ‘তেরে মেরে প্রেম কাহানি’ দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। এরপর নগর বাউল জেমস গেয়ে শোনান ‘ভিগে ভিগে রাতে’, ‘কোথায় আছো কেমন আছো মা’। রাত ১২টায় কনসার্ট শেষে সৈকতের আকাশ আতশবাজিতে রাঙিয়ে তোলা হয়। দর্শকদের বুঝতে বাকি থাকে না বাংলাদেশের ঘরোয়া খেলাধুলার সবচেয়ে জমজমাট আসর হতে যাচ্ছে বিপিএল।আয়োজকেরা জানান, বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেটের প্রচারণা ও বিশ্বের কাছে কক্সবাজার সমুদ্রসৈকতকে তুলে ধরতে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান ঘিরে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তাব্যবস্থা।