‘আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। আমার স্বামীর বিরুদ্ধে থানায় দায়ের করা চুরির মামলা প্রত্যাহার চাই। বিভিন্ন সংগঠন ও মানবাধিকারকর্মীরা পাশে থাকার আশ্বাস দিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করিয়ে এখন তাঁরা কেউ যোগাযোগ রাখছেন না। এ পর্যন্ত কারও সহযোগিতা পাইনি। বরং পত্রপত্রিকায় সত্য-মিথ্যা লিখে আমার ক্ষতি করছে।’ ক্ষোভ আর আক্ষেপের সুরে কথাগুলো বলেন কক্সবাজারের রামু উপজেলার ফতেখাঁরকূল ইউনিয়নের বড়ুয়াপাড়ার অসহায় গৃহবধূ বিপু বড়ুয়া (২০)।তাঁর পাশে এখন কেউ নেই। একমাত্র ছেলেকে নিয়ে দিন কাটছে অনাহারে-অর্ধাহারে। সহযোগিতার আশ্বাস দিয়ে যাঁরা বিপু বড়ুয়াকে দিয়ে ঘটনা ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করান, তাঁরা সবাই কেটে পড়েছেন। উল্লেখ্য, গত ১১ মার্চ দুপুরে রামু থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন একটি চুরির মামলায় হাইটুপি বড়ুয়াপাড়ার রোজন বড়ুয়ার বাড়িতে যান। এ সময় রোজন বড়ুয়াকে না পেয়ে তাঁর স্ত্রী বিপু বড়ুয়াকে বন্দুক দিয়ে পিটিয়ে হাত ভেঙে দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে রামু উপজেলা বৌদ্ধকল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক নিরুৎপল বড়ুয়া বলেন, ‘আমরা অনুসন্ধান করে জেনেছি পুলিশ নাকি বন্দুক দিয়ে বিপু বড়ুয়াকে মেরেছে।’ তাহলে সাহায্যে এগিয়ে আসছেন না কেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সংগঠন মেধাবী গরিব শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। তবে আবেদন করলে বিপু বড়ুয়ার পাশে দাঁড়াতে পারি।’ স্থানীয় ফতেখাঁরকূল ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারীসদস্য (৪, ৫ ও ৬) সোনিয়া বড়ুয়া বলেন, পুলিশের সঙ্গে বিপু বড়ুয়ার ধাক্কাধাক্কি হয়েছে। তবে তিনি স্বামীর পিটুনিতেই আহত হয়েছেন বলে দাবি করছেন তাঁর প্রতিবেশীরা। তাই নীরব থাকতে হচ্ছে।উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান মুসরাত জাহান বলেন, ‘স্বামীর নির্যাতনে বিপু বড়ুয়া আহত হলেও একটি মহল পুলিশ মেরেছে বলে প্রচার করে। যাঁরা প্রচার করেছে তাঁরা সবাই এখন কেটে পড়েছে। সত্য ঘটনা হলে আমরা বিপু বড়ুয়ার জন্য মাঠে নেমে আন্দোলন করতাম।’ কক্সবাজার নারী সহায়তাকেন্দ্রের সংগঠক শিউলী শর্মা জানান, গত ১৪ ও ১৫ মার্চ আহত বিপু বড়ুয়া এই কেন্দ্র থেকে সেবা নিয়েছেন। এ সময় বিপু বড়ুয়া ও তাঁর ভাই জানান, স্বামীর মারধরে বিপু আহত হয়েছেন। সরকারি তদন্ত প্রতিবেদন: সর্বশেষ গত ২৫ মার্চ ধর্ম মন্ত্রণালয়ের দুই সদস্যের তদন্ত দল সরেজমিন রামু পরিদর্শন করে বিপু বড়ুয়ার নির্যাতন নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেন। গত ৩০ মার্চ সকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ওই তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়। এর সত্যতা নিশ্চিত করে তদন্ত দলের প্রধান ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুপ্ত বড়ুয়া প্রথম আলোকে বলেন, গত ২৫ মার্চ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রামুর বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, নির্যাতিত নারী বিপু বড়ুয়া, তাঁর পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া গেছে পুলিশের মারধর অথবা নির্যাতনের কারণে বিপু বড়ুয়া আহত হননি। এলাকার একটি মহল পুলিশসহ সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অসহায় গৃহবধূ বিপু বড়ুয়াকে দিয়ে মিথ্যা তথ্য পরিবেশন করান। তিনি বলেন, ‘বিপু বড়ুয়া ও তাঁর পরিবারের সদস্যরা তদন্ত দলের কাছে স্বীকার করেছেন পুলিশকে ভোটার আইডি কার্ড ও ছবি দেওয়ার কারণে ক্ষুব্ধ হয়ে স্বামী রোজন বড়ুয়া স্ত্রীকে মারধর করেছেন। এতে তাঁর বাম হাতের কনুইতে আঘাত লাগে। স্থানীয় কিছু ব্যক্তি তাঁকে (বিপুকে) মিথ্যা তথ্য দিতে শিখিয়ে দিয়েছিল। এখন মিথ্যা বলায় তাঁর ক্ষতি হচ্ছে বলে বিপু বড়ুয়া তদন্ত দলের কাছে আক্ষেপ করেন। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিপু বড়ুয়ার প্রতিবেশী বান্টু বড়ুয়া, মিথুন বড়ুয়া ও কল্পনা বড়ুয়াও জানান, স্বামীর নির্যাতনে আহত হয়েছেন বিপু।পুলিশি তদন্ত: ২ এপ্রিল সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা ছিল। সেখানে কয়েকজন সাংবাদিক জানতে চান—বিপু বড়ুয়া কার নির্যাতনের শিকার?জবাবে পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর বলেন, ‘গৃহবধূ নির্যাতনের খবরটি গত ১২ মার্চ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর ওই দিন অভিযুক্ত এসআই রুহুল আমিনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে নিয়ে আসা হয়। এরপর অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পালকে প্রধান করে তিন সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি করা হয়। তদন্ত দল সরেজমিনে অনুসন্ধান করে গত ২২ মার্চ প্রতিবেদন দিয়েছেন, তাতে বলা হয়, স্বামী রোজন বড়ুয়ার পিটুনিতে স্ত্রী বিপু বড়ুয়া আহত হয়েছেন।’ উল্লেখ্য, গত ২২ মার্চ প্রথম আলোতে ‘স্বামীর নির্যাতনের শিকার বিপু বড়ুয়া?’ শিরোনামে একটি সরেজমিনে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।