বিপ্রতীপ
বাবা ছিলেন সরকারি চাকরিজীবী। সেই সুবাদে দেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করেছি। সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান ইডেন মহিলা কলেজ। বিয়ে হয়েছে দিনাজপুরে, বাবার বাড়ি নরসিংদী। এসব কারণে সব সময়ই ছোটাছুটি করতে হয় বাসে। সে কারণেই প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ শপথ করেছিলাম—বাসে উঠলেই মহিলা সিট পুরুষের দখলমুক্ত করব। যেসব নারী দাঁড়িয়ে থাকেন মহিলা সিটের পাশে, যাঁদের বুক ফাটে তো মুখ ফোটে না, তাঁদের জন্য চক্ষুলজ্জা ভুলে প্রতিবাদ করব। আর এ শপথ নেওয়ার পরের অভিজ্ঞতা? তাই বলছি। যাত্রাবাড়ী থেকে বাসে করে কল্যাণপুরে আসছি। মহিলা সিটে আমার পাশে বসা কাকলী নামের এক পোশাকশ্রমিক। অন্য চারটি মহিলা সিট খালি। হঠাত্ ৩০-৩২ বছর বয়সের দুজন সুদর্শন শিক্ষিত যুবক মহিলা সিটে উঠে বসল। ওই সিটে বসার সঙ্গে সঙ্গে কন্ডাক্টর মৃদু প্রতিবাদ করল, ‘স্যার এইটা মহিলা সিট।’ এতে যুবকদ্বয় ধমকের সুরে বলে উঠল, ‘তোর কী সমস্যা? চুপ থাক।’ কিছুক্ষণ পর একজন মহিলা বাসে উঠে করুণ দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে চুপচাপ পেছনে চলে গেলেন। আমি এমনভাবে যুবকদের দিকে তাকালাম যে আমার বিরক্তিমাখা চোখ-মুখ তাদের বুঝিয়ে দিল—কাজটা অন্যায়। ওই সময় কাকলী বলে উঠলেন, ‘মাইয়াগো সিটে না বসলে আরাম লাগে না, এরা বলে শিক্ষিত? দেহেন দেহেন, কী সুন্দর পোশাক, আবার টাইও লাগাইছে, অথচ মায়ের বয়সী মহিলাদের বসতে দিল না।’ তাঁর কথা শেষ করতে না দিয়ে যুবকদ্বয় চেঁচিয়ে উঠল, ‘চুপ করো, তোমার কী এত সমস্যা!’ কাকলী আরও জোরে চেঁচিয়ে বললেন, ‘চার-পাঁচটা সিট, তাও বসা যায় না এসব ভদ্রবেশী জানোয়ারের লাইগা।’ সঙ্গে সঙ্গে এক যুবক হাত উঁচু করে তেড়ে এল। কাকলী ভয় পেয়ে গেলেন। সঙ্গে সঙ্গে আমি চিত্কার করে বললাম, থামেন, অনেক দেখলাম, এই মহিলা সিটে বসা দুজনকে সমর্থন দিচ্ছেন আপনারা! মেয়েটি যা যা বলেছেন, তা শুধু এই মেয়েরই মনের কথা নয়, আপনাদেরও মনের কথা হতো, যদি আজ আপনাদের মা-বোন দাঁড়িয়ে থাকত আর ওই সিটে অন্য পুরুষ বসে থাকত। আপনাদের লজ্জা হওয়া দরকার। পেছন থেকে আরেকজন পুরুষ বলে উঠল, ‘আরে ভাষণ দেওয়া বন্ধ করেন।’ আমাকে ব্যঙ্গ করার কারণে গাড়ির পুরুষ যাত্রীরা উচ্চ স্বরে হেসে উঠল। আমি অন্য দিন হলে হয়তো লজ্জা পেতাম, কিন্তু ওই দিন পাইনি। কারণ, আমি শপথ করেছি, শপথ রক্ষা করব। আমিও তাঁদের দিকে তাকিয়ে হাসতে লাগলাম, আর মনে মনে বললাম, যাক, এবার জায়গামতো খোঁচা লেগেছে। যুবকেরা এ গাড়িতে এখন যতই হিরো সাজার চেষ্টা করুক, অন্তত অন্য কোনো গাড়ির মহিলা সিটে বসার আগে একবার হলেও আজকের কথা চিন্তা করে পিছপা হবে।আরেক দিনের অভিজ্ঞতার কথা বলা যাক। দিনাজপুরের অজপাড়াগাঁয়ে ভ্যান-ভটভটি চলে। বৃষ্টির কারণে কাছেই যাব বলে বাসে উঠেছিলাম। দেখি চারটি সিট ফাঁকা। আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, সিট ফাঁকা পড়ে আছে, অথচ লোকজন দাঁড়িয়ে রয়েছে কেন? জবাব দিলেন চালক, ‘এগুলো মা-বোনের সিট।’ আমি বললাম, ‘মা-বোন তো নেই! আপনার সিট খালি গেল।’ ‘অত টাকা-পয়সা আমার দরকার নেই। সিট খালি থাকব, অসুবিধা নাই।’ জবাব দিলেন চালক। তাঁর নাম জিজ্ঞাসা করলাম। বললেন, রহিম আলী, অষ্টম শ্রেণী পাস। চুপ করে ভাবতে লাগলাম, তিনি ঢাকার এমবিএ, বিবিএ, অনার্স, মাস্টার্স, পিএইচডি করা রহিম সাহেব নন, গ্রামের অশিক্ষিত, সহজ-সরল রহিম আলী। কী সুন্দর তাঁর বিচার-বিবেচনা! কী চমত্কার!জান্নাতুল ফেরদৌসকল্যাণপুর, ঢাকা।