জুয়েল আরাফাত। আবুধাবিতে থাকেন। আমার সঙ্গে পরিচয় ফেসবুকে। তাঁর ফেসবুকের প্রোফাইলে রিকশায় বসা একটি সুখী দম্পতির ছবি দেওয়া আছে। দুজনই উচ্ছলতা নিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন। তাঁকে বললাম, আপনার ছবিটা আমার খুব ভালো লেগেছে। আপনাদের সাংসারিক জীবন নিশ্চয়ই অনেক সুখের, তাই না?আরাফাত ভাই একটু হোঁচট খেলেন যেন, ‘আমার স্ত্রী আমাকে ডিভোর্স দিয়েছে এ বছরের মার্চ মাসে। এটা আমি এখনো মেনে নিতে পারিনি বলে আমার ফেসবুকের তথ্যে বিবাহিত লিখে রেখেছি।’আমি হঠাৎ করে একটা ধাক্কা খেলাম। কী বলব বুঝতে পারছি না। আরাফাত ভাই অন্যমনস্কের মতো বলে চলেছেন, ‘আমার স্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। ও যেদিন গ্রাম থেকে প্রথম শহরে এসেছে, সেদিন থেকে আমাদের পরিচয়। আমাদের ছয় বছরের সম্পর্ক, অথচ কী সহজেই না ভেঙে দিয়ে চলে গেল।’কারও দুঃখের কথা শুনতে আমার একদম ভালো লাগে না। আমি আরাফাত ভাইকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু তিনি আমার অস্তিত্ব সম্পর্কে আদৌ সচেতন আছেন বলে মনে হয় না।অনেক দূর থেকে ভেসে আসে তাঁর হতাশাভরা কণ্ঠ, ‘জানেন, আমি খুব দরিদ্র পরিবারের ছেলে। ২০০৭ সালে আমার অনার্স ফাইনাল পরীক্ষা দেওয়ার কথা ছিল। তখন আমার বাবা মারা যান। আমার মাত্র ১৫ হাজার টাকা দরকার ছিল। কেউ আমাকে একটা পয়সা সাহায্য করেনি, কেউ না। অথচ ২০১০ সালে আমি বিদেশ থেকে এসে দুই লাখ টাকা খরচ করে সেই পরীক্ষা দিয়েছি। এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তি হয়েছি। আমার সেই কষ্টের দিনগুলোতে ওকে বলেছিলাম, আমাকে ছেড়ে চলে যেতে। ও তখন যায়নি। আর আজকে সুখের দিনে ও আমার পাশে নেই।’মানুষ খুব অদ্ভুত। সে কখন কী করে, কেন করে, নিজেও মনে হয় তা ঠিকমতো বুঝতে পারে না। আরাফাত ভাইকে বলি, আচ্ছা, কেন তিনি আপনাকে ছেড়ে চলে গেলেন, আপনার কি কোনো ভুল ছিল?আরাফাত ভাই হেসে দিলেন। সেই হাসিতে কোনো প্রাণ নেই। শুধু বুক চিরে হাহাকার বের হয়, ‘ ও বিশ্ববিদ্যালয়ে থিয়েটার করে। ওর খুব বড় হওয়ার স্বপ্ন, অনেক জেদ। ওর অহংকার। বড় হতে গেলে নাকি সব পিছুটান ছিঁড়ে আসতে হয়। জানেন, আমিও একসময় থিয়েটার করতাম। কিন্তু আমি কখনো এ রকম চিন্তা করিনি। ওকে সব স্বাধীনতা দিয়েছিলাম। তবু আমাকে শূন্য করে দিয়ে চলে গেল। আমাকে মৃত বানিয়ে গেল। আচ্ছা আপনিই বলুন, থিয়েটার করলে কি সবকিছু ছেড়ে দিতে হয়?’আমি একটু অবাক হলাম, এটা তো একদম তাঁর নিজস্ব চিন্তা। থিয়েটার কেন মানুষের মননশীলতা নষ্ট করবে!‘আমিও তো তা-ই বলি। ওর সব ভালো কিছু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু ও একদম এ রকম ছিল না। কত দিন হয়ে গেল ও চলে গেছে, অথচ ওকে আমি একটুও ভুলতে পারছি না। এটাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। এখন আমি পুরোপুরি নিঃস্ব। আমার বুকটা একেবারে ফাঁকা হয়ে গেছে।’একজন নিঃস্ব মানুষকে কী বলতে হয়, আমি জানি না। আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। মাথা নিচু করে থাকি।হঠাৎ আরাফাত ভাইয়ের চোখ উজ্জ্বল হয়ে ওঠে, ‘দেখবেন, ও একদিন ঠিক আমার কাছে ফিরে আসবে। ও যখনই ফিরে আসবে, তাকে আমি মেনে নেব। আমার মা-ও বলেছেন, ওকে মেনে নেবেন। আমার বউ নিজেও বলেছে, ও যখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যাবে, তখন আবার আমার কাছে ফিরে আসবে। আমি ওর নিঃস্ব হয়ে যাওয়ার অপেক্ষায় আছি।’আরাফাত ভাইয়ের জন্য খুব কষ্ট হয়। তার বউয়ের জন্যও খুব কষ্ট হয়। একজন মানুষের সত্যিকারের পবিত্র ভালোবাসার মূল্য দিতে পারলেন না, এমন দুর্ভাগা পৃথিবীতে আর কে আছে, কিংবা প্রকৃতি হয়তো এটাই চায়। যারা হারিয়ে যায়, তারা আর কখনো ফিরে আসে না, ফিরে আসতে হয় না। তবু মানুষ স্বপ্ন দেখে, আশায় বুক বেঁধে থাকে। মানুষ এভাবেই এক টুকরো আশা বুকে জ্বালিয়ে রেখে বেঁচে থাকে বছরের পর বছর।জুয়েল দেবচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়