বিপ্লব উদ্যানে বন্ধুতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ছেঁড়া ঘুড়ি রঙিন বল, এইটুকু সম্বল, আর ছিল রোদ্দুরে পাওয়া বিকেল বেলা...বন্ধু তোমায় এ গান শোনাব বিকেল বেলা।’ কনে দেখা আলোয় সূর্য যখন মুখ লুকাচ্ছে, তখন সবুজ উদ্যানে হেঁড়ে গলায় গান গাইছে একদল ‘অদম্য তরুণ’। গানের সুরে মুগ্ধ হয়ে কি না কে জানে কেউ কেউ হুট করে ঢুকে পড়ছেন। নানা বয়সী মানুষের আগমনে মুখর হয়ে উঠছে বিপ্লব উদ্যানের আঙিনা। বিপ্লব উদ্যানের ভ্রমণপিয়াসীদের বেশির ভাগই চলতি পথের যাত্রী। প্রতিদিন সকাল-বিকেল বন্ধুতার গান চলে এ উদ্যানে। এখানে ওখানে তরুণ-তরুণীরা বসে আড্ডা দেন। কেউ বা কাজের ফাঁকে বিরতিতে একটু জিরিয়ে নেন ওখানে। ছায়াঘেরা উদ্যানটি যেন একটুখানি শান্তির আশ্রয়।এ উদ্যান খোলা থাকে প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। গত রোববার বিকেলে উদ্যানে ঢুকতেই দেখা গেল, জনাকয়েক প্রৌঢ় ব্যক্তি মাঝখানে ঘাসের ওপর বসে আড্ডায় মগ্ন্ন। আড্ডার বিষয় রাজনীতি, আবহাওয়া, দ্রব্যমূল্য থেকে শুরু করে সংসারের টুকিটাকি কথায় গিয়ে পৌঁছে। তাঁরা জানালেন, বিকেলে প্রায়ই এখানে আসেন অবসর সময় কাটাতে। পূর্ব নাসিরাবাদ এলাকার অবসরপ্রাপ্ত ব্যবসায়ী দৌলত আহমেদ বলেন, ‘আমার বাড়ি কাছেই। সময় পেলে এখানে এসে কিছুক্ষণ বসি। হাঁটাহাঁটি করি। এতে স্বাস্থ্য ও মন—দুটোই ভালো থাকে, সময়ও ভালো কাটে।’ ছোট ছোট বাহারি পাতাবাহারের ঝোপের পাশে বসে গল্পে মশগুল কয়েকটি জুটি। কক্সবাজার সিকক্স ট্যুরিজমের মালিক নিজামউদ্দিন বলেন, ‘বান্ধবীর সঙ্গে দেখা করতে এসেছি। শহরের যান্ত্রিকতার ভিড়ে পার্কটি বেশ ভালো লেগেছে। স্বাধীনতার ভাস্কর্যও মন কেড়েছে।’এ উদ্যানে একসময় প্রথম আলো বন্ধুসভার নিয়মিত বৈঠক হতো। সে স্মৃতি ভোলেননি বন্ধুসভার সংগঠক, বর্তমানে এএনজেড প্রপার্টিজের চিফ অপারেটিং অফিসার তানভির শাহরিয়ার। তিনি বলেন, ‘২০০০-২০০৩ সাল পর্যন্ত প্রতি সপ্তাহে ওই উদ্যানে আমরা বসতাম। সেখানে সাহিত্য আড্ডা হতো, বন্ধুসভার অনেক মানবিক কাজের পরিকল্পনা হতো। বন্ধুসভায় থাকার সেই দিনগুলো এখনো আমাকে হাতছানি দিয়ে ডাকে।’ পথচারীদের ভ্রমণের স্থান ছাড়াও এ উদ্যানের ঐতিহাসিক বিশেষত্ব রয়েছে। এখানে স্বাধীনতার স্মৃতিফলক আছে, সেখানে লেখা আছে, ১৯৭১ সালের স্বাধীনতাসংগ্রামে শহীদদের স্মরণে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯ এপ্রিল ১৯৭১ এ উদ্যানের উদ্বোধন করেন। বহদ্দারহাট থেকে এসেছিলেন গৃহিণী ফারজানা বেগম। তিনি বলেন, স্বাধীনতার স্মৃতি এ ভাস্কর্য বাচ্চাদের দেখানোর জন্য এখানে এসেছি। যেন ওরা ঐতিহাসিক স্থানের সঙ্গে দেশের ইতিহাসও জানতে পারে।’ এ উদ্যান কিছু খেটে খাওয়া মানুষের রোজগারেও ভূমিকা রাখে। উদ্যানে আড্ডারত লোকজনের কাছে চা আর বিস্কিট বিক্রি করে সংসার চালান ভ্রাম্যমাণ চা বিক্রেতা মো. আবু মুসা। তিনি বলেন, ‘অন্য জায়গার তুলনায় এখানে বিক্রি বেশি। প্রতিদিন গড়ে ১০০-১২৫ টাকা পর্যন্ত লাভ হয়। ছুটির দিনে বিক্রি অনেক বেশি হয়।’ উদ্যান রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত আছে মালী, প্রহরী ও তত্ত্বাবধায়ক। স্থানীয় লোকজন এবং বেড়াতে আসা অনেকের মুখেই জানা যায়, স্থানীয় আবুল খায়ের মেম্বার শুরু থেকেই এ উদ্যানের সঙ্গে নানাভাবে জড়িয়ে আছেন। তিনি কোনো দায়িত্বে নেই, বেতন-ভাতাও পান না, তবুও শুধু ভালোবাসা থেকেই নিজ উদ্যোগে প্রতিদিন উদ্যানের কর্মচারীদের সাহায্য করেন। দিনের বেশির ভাগ সময় তিনি এ উদ্যানের পেছনে ব্যয় করেন। ঐতিহাসিক এ উদ্যানের কিছু দুর্নামও রয়েছে। রিয়েল এস্টেট কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক কামালউদ্দিন আহমেদ বলেন, ‘শুনেছি আগে এ জায়গায় নানা অসামাজিক কার্যকলাপ হতো। তবে এখন পরিবেশের অনেক উন্নতি হয়েছে। অসামাজিক কর্মকাণ্ড কমেছে।’ এ প্রসঙ্গে প্রহরী জানে আলম বলেন, ‘আমি দায়িত্বে আসার পর থেকে কাউকে অশোভন আচরণ করতে দেখলেই নিষেধ করেছি, নয়তো উদ্যান থেকে বের করে দিয়েছি। এখন এ উদ্যানের পরিবেশ অনেক ভালো।’ উদ্যানে সংরক্ষণ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির বৃক্ষ। মৌসুমি ফুলের পাশাপাশি রয়েছে নানা রকম বাহারি পাতাবাহার, ক্রিস্টমাস ট্রিসহ হরেক রকমের গাছ। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কাড়ে উদ্যানের মাঝখানে ছোট্ট কৃত্রিম জলাশয়ের পদ্মপাতা ও ফুল। হারিয়ে যেতে থাকা এ পদ্মফুলের কুঁড়ি উদ্যানের এ জলাশয়ে যেন মাথা তুলে সগৌরবে দাঁড়িয়ে রয়েছে। এখানে একটি ফোয়ারাও রয়েছে। তবে ফোয়ারার অবয়বই শুধু আছে, পানি নেই। এ প্রসঙ্গে মালী জাহাঙ্গীর আলম বলেন, ‘গত বছর একবার মোটর ঠিক করা হয়েছিল। দুই-তিন মাস পর আবার তা নষ্ট হয়েছে। কর্তৃপক্ষ মোটর ঠিক না করলে ফোয়ারা চালু করব কীভাবে?’ উদ্যানের প্রবেশদ্বারেই সিটি করপোরেশন কর্তৃক নির্দেশিকাফলকে সতর্কীকরণ বাণী—‘এটা ধূমপানমুক্ত এলাকা।’ অথচ ভেতরে অনেককেই ধূমপান করতে দেখা গেছে। প্রহরী জানে আলম এ প্রসঙ্গে বলেন, ‘আগে থেকেই এটা চালু হয়েছে। হঠাৎ করে তো আর তা বন্ধ করা সম্ভব নয়। সত্যি কথা বলতে কি, এ ব্যাপারে আমিও কখনো কাউকে নিষেধ করিনি।’ দেখা যায়, স্বাধীনতা ভাস্কর্যে জুতা পায়ে বসে বা দাঁড়িয়ে কিছু তরুণ আড্ডা দিচ্ছে। চট্টগ্রাম কলেজের ছাত্রী সফিনা পারভীন বলেন, ‘শপিং কমপ্লেক্সে এসেছি কেনাকাটা করতে। উদ্যানে বসার ইচ্ছে ছিল। কিন্তু বাইরের পরিবেশ দেখে আর ভেতরে যেতে ইচ্ছে করছে না। কর্তৃপক্ষের উচিত, ঐতিহাসিক এ উদ্যানের বাইরের দিকটা পরিচ্ছন্ন রাখা।’