বিপ্লব শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজার হাজার মানুষের বিক্ষোভের আগুনে আবার উত্তপ্ত হয়ে উঠেছে মিসরের রাজধানী কায়রোর ঐতিহাসিক তাহরির স্কয়ার। একটাই দাবি সবার—গণতন্ত্র চাই। নিখাদ গণতন্ত্র। আর তা খুব শিগগিরই। অপেক্ষা করে করে মিসরীয়রা ক্লান্ত। কোনো একনায়ক বা ক্ষমতা কুক্ষিগত করে থাকা সেনাশাসন আর নয়।এই বিক্ষোভের নেপথ্য কারণ অনেক। অনভিপ্রেত বিভিন্ন ঘটনায় দিনের পর দিন গণতন্ত্রকামী মানুষের মনে দানা বেঁধেছে ক্ষোভ। গণবিক্ষোভের মুখে গত ফেব্রুয়ারি মাসে প্রেসিডেন্ট হোসনি মোবারকের পতনের পর মিসরের মানুষ সুষ্ঠুভাবে গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণে সেনা কর্মকর্তাদের হাতে ক্ষমতা তুলে দেয়। অন্তর্বর্তীকালীন শাসনভার নেয় সুপ্রিম কাউন্সিল অব দ্য আর্মড ফোর্সেস (এসসিএএফ)। তৎকালীন মন্ত্রিসভার পদত্যাগের পর অনেক জল্পনা শেষে প্রধানমন্ত্রী এসাম শরাফের নেতৃত্বে গঠিত হয় নতুন মন্ত্রিসভা। তবে শুরু থেকে এই সরকার ছিল নামমাত্র। দেশ পরিচালনার মূল ক্ষমতা বরাবরই থেকেছে এসসিএএফের প্রধান ফিল্ড মার্শাল হুসেইন মোহাম্মদ তানতাবির হাতে। মোবারকের শাসনামলে পুরো দুই দশক তাঁর প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তানতাবি। এ ছাড়া সেনা পরিষদের অনেক কর্মকর্তা মোবারকের শাসনামলেও উচ্চপদে আসীন ছিলেন। এ কারণে অনেক মিসরীয় শুরু থেকেই এই পরিষদের ওপর পুরোপুরি আস্থা রাখতে পারেনি। এর পরও তারা ভালো কিছু দেখার প্রত্যাশায় অপেক্ষা করছিল। কিন্তু বিদ্যমান পরিস্থিতি তাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে।ক্ষমতাসীন নেতা ও সেনা কর্মকর্তারা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় উত্তরণে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিলেও পরে এই ধারা সচল থাকেনি। সেনা পরিষদ শুরুতেই ঘোষণা দেয়, সাংবিধানিক সংস্কার শেষে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজনে যেতে ২০১২ সালের শেষ নাগাদ পর্যন্ত সময় গড়াবে। এমনকি পরের বছরেও পড়তে পারে তা। বিষয়টা মন থেকে মেনে না নিলেও শুরুতে চুপচাপ ছিল মিসরীয়রা। মোবারক উৎখাতের বিপ্লবে অংশ নেওয়া তরুণ সমাজ সেনা পরিষদের চাপে ক্রমে কোণঠাসা হয়ে পড়ে। এটিও জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করে। ১২ হাজার বেসামরিক লোককে সামরিক আদালতে বিচারের জন্য দাঁড় করায় সরকার। বাইরে থেকে সাদা চোখে বোঝা না গেলেও সংবাদমাধ্যমের ওপর চলছে সরকারের কড়া নজরদারি। গত আট-নয় মাসে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নেই। এসব কারণে সেনাসমর্থিত সরকারের ওপর জনগণের ক্ষোভ বাড়ছিল।চলতি মাসের শুরুর দিকে সেনাবাহিনীকে দোষ থেকে অব্যাহতি পাওয়ার সুযোগ দিয়ে সংবিধানের খসড়া হলে তা জনরোষের বারুদে স্ফূলিঙ্গের কাজ করে। ক্ষোভের আগুনে ঘি ঢালে জনতার নজর এড়িয়ে বাজেট অনুমোদন। গত শুক্রবার ফেব্রুয়ারি ফিরে আসে ঐতিহাসিক তাহরির স্কয়ারে। পরিস্থিতি মোকাবিলায় সেনা পরিষদ কঠোর অবস্থান নেয়। শুরু হয় বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন। এসসিএএফ এত দিন বলে এসেছে, জনতার ওপর জোরজুলুম নয়, তাদের রক্ষা করতেই সদা প্রস্তুত তারা। কিন্তু এখন বলছে, বিক্ষোভ দমানোর ক্ষমতাও তাদের আছে। সরকার অবশ্য মুখে এ-ও বলছে যে এই সেনাবাহিনী মিসরেরই সেনাবাহিনী এবং জনগণের ওপর একটি গুলিও ছোড়া হবে না।গত সোমবার মিসরের আল-শোরুক পত্রিকায় কলাম লেখক ফাহমি হাইয়িদি মন্তব্য করেন, ‘এসসিএএফকে বিপ্লবের রক্ষক হিসেবে দেখা হয়েছিল, কিন্তু এখন তারা বিপ্লবের অর্জিত সাফল্যে বোঝা হয়ে চেপে বসেছে।’ টানা চার দিনের সহিংস বিক্ষোভের পর সেনাপ্রধান ফিল্ড মার্শাল মোহাম্মদ হোসেইন তানতাবি ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নির্বাচন ২০১২ সালের জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।কিন্তু তাহরির স্কয়ারের বিক্ষোভকারীরা বলছে, এই ছাড় যথেষ্ট নয়। তারা বরং তানতাবির পদত্যাগ দাবি করেছে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত শনিবার পর্যন্ত সহিংসতায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। মন্ত্রিসভার পদত্যাগ আরও জটিল করে তুলেছে পরিস্থিতি।মিসরের চলমান উত্তপ্ত পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এখনো তা স্পষ্ট নয়। পরিস্থিতি মোকাবিলায় শীর্ষ পর্যায়ের জেনারেলরা দফায় দফায় বৈঠক করছেন। তবে এর মধ্যে তাঁদের বোঝা উচিত, জেগে ওঠা মিসরীয়দের দমন-পীড়নে ঠান্ডা করা আগের মতো সহজ হবে না। বেছে নিতে হবে শান্তির পথ। মিসরীয় জেনারেলরা কোন পথে হাঁটেন সেটাই এখন দেখার।  শরিফুল ইসলাম ভূঁইয়া