বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবার্ষিক উত্সব কাল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনে মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর জন্মশতবার্ষিক উত্সব কাল শুক্রবার বিকেল সাড়ে তিনটায় নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হচ্ছে। উত্সবে থাকছে গান, নাচ, আবৃত্তি, শপথ পাঠ, কবিগান, গণসংবর্ধনা, অর্কেস্ট্রা, শোভাযাত্রা, সেমিনারমালা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গল্প, শতাব্দীর স্মৃতিমালা ইত্যাদি। জন্মশতবর্ষ উদ্যাপন পরিষদ আয়োজিত ‘উত্সব ও শপথের আহ্বান—শতাঞ্জলি’ শীর্ষক তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। উত্সব সংগীত, জাতীয় সংগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করবেন রক্তকরবী ও সংগীতভবনের শিল্পীরা। উদ্বোধন শেষে জেএম সেন হল অভিমুখে শোভাযাত্রা বের করা হবে। বিকেল পাঁচটায় জেএম সেন হলের মাস্টারদা সূর্যসেন মঞ্চে ‘শতাব্দীর সূর্য’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। এ ছাড়া রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, বোধন ও প্রমার শিল্পীরা গান ও আবৃত্তি পরিবেশন করবেন। সবশেষে প্রদর্শিত হবে প্রামাণ্যচিত্র অগ্নিপুরুষ। উত্সবের দ্বিতীয় দিন, শনিবার সকাল ১০টায় মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে থাকছে ‘শতবর্ষের আলোকে বাংলা ও বাঙালি ১৯১০-২০১০’ শীর্ষক সেমিনার। সেমিনারমালায় তিনটি অধিবেশনে সভাপতিত্ব করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ভারতী রায় ও অধ্যাপক আনিসুজ্জামান। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন প্রফেসর ইমেরিটাস ড. আনিসুজ্জামান, অধ্যাপক যতীন সরকার, অর্থনীতিবিদ সনত্ সাহা ও গবেষক সৈয়দ আবুল মকসুদ। আলোচনায় অংশ নেবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, অধ্যাপক গোলাম মুস্তাফা, মফিদুল হক, মুম্বাই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপতী মুখোপাধ্যায়, মাহবুবুল হক, শান্তনু কায়সার, মোরশেদ শফিউল হাসান প্রমুখ। এ ছাড়া শনিবার জেএম সেন হল প্রাঙ্গণে ‘শতাব্দীর স্মৃতিমালা’ শীর্ষক আলোচনায় বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজকর্মীরা অংশ নেবেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কবিগান পরিবেশন করবেন কবিয়াল চক্রপাণি ভট্টাচার্য ও কল্পতরু ভট্টাচার্য। সব অনুষ্ঠান সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।