বিপ্লবের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ
গণবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জায়নুল আবেদিন বেন আলীর দেশ থেকে পালানোর পর প্রায় দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু এ পর্যন্ত কোনো কিছুরই পরিবর্তন হয়নি বলে মনে করেন তিউনিসিয়ার অনেকেই। তাঁরা প্রশ্ন তুলছেন, ২৩ বছর ধরে বেন আলীর শাসনে থাকা দেশটি কি আদৌ পাল্টাতে পেরেছে? পুরোনো কর্তৃত্বপরায়ণ ব্যবস্থার অবসান-প্রক্রিয়া সত্যিই শুরু হয়েছে কি?তিউনিসিয়ার কেন্দ্র ভাগে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। তাঁদের সারি সারি তাঁবুতে ঘেরা এলাকাটি দেখলে মনে হয় যেন এক তাঁবুর শহর। সারা দেশ থেকে শত শত মানুষ এখানে আশ্রয় নিয়েছেন। তাঁরা সরকারবিরোধী প্রতিবাদী গান গাইছেন এবং পথচারীদের কাছ থেকে তাঁদের বিবৃতিতে স্বাক্ষর চাইছেন।এমন একটি তাঁবুর পাশে দাঁড়িয়ে থাকা এক ছাত্র বললেন, ‘আসলে কোনো পরিবর্তনই হয়নি।’ ছাত্রটির পাশেই দাঁড়িয়ে ছিলেন আরেকজন দাড়িওয়ালা যুবক। তাঁর মাথায় লাল-সাদা চেকের পাগড়ি। তিনিও মাথা নেড়ে ছাত্রটির কথায় সায় দিলেন, ‘নতুন সরকারের ওপর আমাদের বিশ্বাস নেই।’গত সপ্তাহের শেষ দিকে বিক্ষোভকারীরা সরকারব্যবস্থায় আরও দ্রুতগতিতে পরিবর্তনের দাবিতে রাজধানীতে মিছিল করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের তুমুল সংঘর্ষ বেধে যায়। পুলিশ বিক্ষুব্ধ জনতাকে দমাতে গুলি চালায়, যাতে প্রাণ হারান মিছিলে অংশগ্রহণকারী পাঁচজন।ধোঁয়ায় আচ্ছন্ন একটা ক্যাফেতে বসে গল্প করছিলেন সাদা পোশাকের পুলিশের কয়েকজন লোক। তাঁদের মাথার চুল ছোট, পরনে চামড়ার জ্যাকেট। ঘটনা সম্পর্কে তাঁরা তাঁদের বক্তব্য তুলে ধরলেন। পুলিশের এক কর্মকর্তা বললেন, ‘কিছু অজ্ঞাত পরিচয়ের লোক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জোর করে ঢুকে যায়। তারা কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দেয়। এই লোকগুলো দেশের বারোটা বাজাতে চলেছে। এ কারণেই তাদের হত্যা করার মধ্যে আমি খারাপ কিছু দেখি না।’যদিও পুলিশ লাঠি-গুলিতে বিক্ষোভকারীদের সেদিনের মতো হটিয়ে দেয়। তাই বলে বিক্ষোভকারীরা একেবারে খালি হাতে ফেরেনি। সহিংস ওই বিক্ষোভের পর পদ আঁকড়ে থাকা বেন আলীর প্রধানমন্ত্রী মোহাম্মদ গানুচি পদত্যাগের ঘোষণা দেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী বেজি সাঈদ সেবসি তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন।মজার ব্যাপার হচ্ছে, তরুণ-যুবাদের আন্দোলন সাময়িকভাবে হলেও জন্ম দিয়েছে ‘বার্ধক্যতন্ত্রের’। তিউনিসিয়ার শাসনভার এখন ৭৮ বছর বয়স্ক একজন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট এবং ৮৪ বছর বয়স্ক একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর ওপর। তিউনিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাউদা বেন ওসমান বললেন, ‘এসব টগবগে যুবক রাস্তায় নেমে এসেছিল বেন আলীর পদত্যাগের দাবিতে। তারা তাদের বিপ্লবের ফল রুপার থালায় করে এসব বৃদ্ধের সামনে পরিবেশন করেছে।’ আসলে বিপ্লবীদের পক্ষে কথা বলার মতো জাতীয় পর্যায়ের কোনো নেতা নেই এখন। সরকার গঠিত হয়েছে সব ঝানু রাজনীতিবিদ ও কয়েকজন নতুন মুখ টেকনোক্র্যাটকে নিয়ে।জামি জাউই এঁদেরই একজন। একজন পুরোদস্তুর ভদ্র, ধোপদুরস্ত বিজনেস কনসালট্যান্ট। অন্তর্বর্তীকালীন সরকারে তিনি যোগাযোগ ও প্রযুক্তিবিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। কিন্তু কয়েক দিন আগে তিনি পদত্যাগ করেন।প্রতিমন্ত্রী জাউই ভেবেছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় ঐক্যের প্রতিনিধিত্ব করছে এবং নির্বাচনের আগ পর্যন্ত ব্যাপক সমর্থন পাবে। কিন্তু এই সরকারের কার্যকলাপ তাঁর প্রত্যাশার চেয়ে অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হয়েছে। ‘বিপ্লব এভাবে ছিনতাই হতে পারে না।...এখন দরকার রাজনৈতিক স্থিতিশীলতা।’ বলেন জাউই। তাঁর মতে, রাজনৈতিকভাবে আরও বেশি উপযোগী হয়ে উঠতে অন্তর্বর্তীকালীন সরকারে বেন আলীর সময়কার লোকজন আরও কম থাকা উচিত ছিল। রাজপথের বিক্ষোভ খুব দ্রুতই তিউনিসের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠেছে। কৌতূহলী একটি ব্যাপার হচ্ছে, একদল বিক্ষোভকারী এক অস্বাভাবিক দাবি তুলেছে। তারা কম পরিবর্তনের দাবিতে স্লোগান দিচ্ছে। স্থিতিশীলতার পক্ষের এক বিক্ষোভকারী বলেন, ‘আমরা চাই, অর্থনীতির চাকা আবার সচল হোক।...আমরা সরকার চাই, নৈরাজ্য নয়।’বিপ্লবের পরিণতি শেষ পর্যন্ত কী হবে, তা নিয়ে সংশয় আছে। তার পরও তিউনিসিয়ার অনেকেই এখন নতুন এক মুক্তির আস্বাদ পেয়েছে। জ্যেষ্ঠ সাংবাদিক আসিয়া আক্রস বলছিলেন, ‘এই প্রথম লেখার সময় আপনার ওপর কোনো নিয়ন্ত্রণ থাকছে না। না স্ব-আরোপিত নিষেধাজ্ঞা, না মালিকের নিয়ন্ত্রণ। যদি এর পরও সফল না হই, তার অর্থ হলো, আমরা আবার স্বৈরতন্ত্রে ফিরে যাচ্ছি।’তবে ইরাকে সাদ্দাম উৎখাতের পর যে কথাটি উঠেছিল তিউনিসিয়ায়, সে কথারই প্রতিধ্বনি শোনা যাচ্ছে—এ অঞ্চল কি এখনো গণতন্ত্রের জন্য প্রস্তুত? বিপ্লব কি আসলেই কাজে আসবে?রাউদা বিন ওসমান বিশ্বাস করেন, যেখানে একবার বিপ্লবের আগুন জ্বলে উঠেছে, সেখানে গণতান্ত্রিক অর্জনকে স্থায়ী করা সম্ভব। কারণ মানুষ বোঝে, অর্জিত অগ্রগতিকে রক্ষা করতে হলে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, তিউনিসিয়ার মানুষ মিসরীয়দের মতো তাদের বিপ্লবের সাফল্যে উচ্ছ্বসিত হয়ে মাতামাতি করেনি, এটা একটা ভালো লক্ষণ। শেখ সাবিহা আলম, সূত্র: বিবিসি ও সিএনএন