বিফ কালো ভুনা
উপকরণ: গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি ২০০ গ্রাম, আদা বাটা ৭৫ গ্রাম, রসুন বাটা ৭৫ গ্রাম, জিরা বাটা ৫০ গ্রাম, কাঁচা মরিচ ১০ পিস, কাশ্মীরি মরিচের গুঁড়া ২৫ গ্রাম, মিক্সড গরম মসলা ২০ গ্রাম, হলুদের গুঁড়া ২০ গ্রাম, ধনিয়া গুঁড়া ২০ গ্রাম, সরিষার তেল ২০০ মিলিলিটার, টকদই ৫০ গ্রাম, পানি ৩-৪ কাপ, লবণ পরিমাণমতো, পেঁয়াজ-বাদামি রঙের ভাজা।
প্রণালি ১: প্রথমে গরুর মাংসকে ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে লবণ, টকদই, গরম মসলা ও আদা-রসুন বাটা দিয়ে ১ ঘণ্টা মাখিয়ে রাখতে হবে।
প্রণালি ২: একটি গরম পাত্রে তেলের মধ্যে পেঁয়াজকে কষিয়ে বাদামি রং আনতে হবে। এরপর যোগ করুন হলুদ গুঁড়া। তারপর মাখানো গরুর মাংস সেই পাত্রে ঢেলে দিয়ে অল্প আঁচে আধঘণ্টা কষিয়ে নিন। এবার কাঁচা মরিচ ও পানি দিয়ে আধা ঘণ্টা ঢেকে রাখুন। তারপর আলাদা একটি গরম পাত্রে রান্না করা মাংস পূর্ণ আগুনের আঁচে ১৫-২০ মিনিট কষিয়ে নিন। সঙ্গে মিশিয়ে নিন ধনে, জিরা এবং কাশ্মীরি মরিচের গুঁড়া। গরুর মাংস কষাতে কষাতে কালো ভুনায় পরিণত হবে।
সবশেষে ভাজা বাদামি পেঁয়াজ ওপরে ছিটিয়ে গরম-গরম পরিবেশন করুন। সঙ্গে যোগ করতে পারেন পছন্দমতো রুটি, পরোটা কিংবা ভাত।