
কক্সবাজারের টেকনাফ উপজেলার সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষে গড়ে উঠেছে নয়টি ইটভাটা। এসব ভাটায় পাহাড় ও টিলা কাটা মাটিতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে ইট তৈরি। ইটভাটার কালো ধোঁয়া ও ধুলাবালুর কারণে বিবর্ণ হয়ে পড়ছে আশপাশের এলাকার গাছপালা, বাড়ছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি।
জেলা দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) সারোয়ার আলম প্রথম আলোকে বলেন, বনাঞ্চলের ভেতরে ইটভাটাগুলো সম্পূর্ণ নিয়মবহির্ভূতভাবে চলছে। পরিবেশ অধিদপ্তর অনুমতি না দিলে কীভাবে ইটভাটা চলে? ভাটার অনুমোদন জেলা প্রশাসকের কার্যালয় থেকে নিয়ন্ত্রণ করা হয়। ভাটাগুলো উচ্ছেদে জেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারে।
১৯৮৯ সালের ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন (সংশোধিত-২০০১) অনুযায়ী সংরক্ষিত বনাঞ্চল ও জনবসতিপূর্ণ এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন এবং ইট পোড়ানো নিষিদ্ধ হলেও ইটভাটা নয়টি স্থাপনে এই আইন মানা হয়নি। এতে বনের প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে।
কেবল সংরক্ষিত বনাঞ্চল নয়, ইটভাটার কারণে পাশের গ্রামের মানুষজনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। সবচেয়ে ঝুঁকির মুখে আছে লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইটভাটার চিমনির কালো ধোঁয়ার পাশাপাশি বিদ্যালয়ে ঢোকে ধুলাবালু। এতে শিক্ষার্থীরা শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
১৫ মার্চ সকালে সরেজমিনে দেখা গেছে, লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ থেকে ৭০ গজ দূরে বনের পাশে স্থাপন করা ‘মেসার্স জিয়াউর রহমান ব্রিক’ ও ‘মেসার্স এমএইচবি ব্রিক’ নামে দুটি ভাটায় ইট পোড়ানো হচ্ছে। ভাটার চিমনি দিয়ে বের হচ্ছে কালো ধেঁায়া। ইটবাহী ট্রাকগুলো কাঁচা রাস্তা দিয়ে চলাচলের সময় ধুলাবালু শ্রেণিকক্ষে ঢুকে পড়ছে। ভাটা দুটির পশ্চিম দিকে ৮০ গজের মধ্যে লেদা গ্রামের জনবসতিপূর্ণ বিশাল এলাকা। কাঁচা রাস্তা দিয়ে ইট ও বালু আনা–নেওয়ার পাশাপাশি ইট পোড়ানোর ধোঁয়ার কারণে গ্রামের গাছপালা ও বাড়িঘর বিবর্ণ হয়ে পড়ছে।
ওই গ্রামের গৃহবধূ হাসিনা আক্তার জানান, ভাটার ধেঁায়া এবং রাস্তার ধুলাবালুতে তাঁর ভিটার আম ও লিচুগাছের মুকুল ঝরে গেছে। অন্যান্য গাছের ফলমূলও নষ্ট হচ্ছে।
লেদা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজির আহমদ ও আয়েশা বেগম জানায়, ভাটার কালো ধেঁায়া এবং রাস্তার ধুলাবালুতে শ্রেণিকক্ষে বসতে কষ্ট হয়। চোখ ও নাক চেপে বসে থাকতে হয়।
সহকারী শিক্ষিকা ইসরাত জাহান বলেন, ‘ইটভাটার ধোঁয়া ও বালুর কারণে আমরা ক্লাস নিতে পারছি না। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করা হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ জানান, ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ৭২৬ জন। বিদ্যালয় সীমার ৫০ থেকে ৭০ গজের মধ্যে দুটি ভাটা ইট তৈরি করায় পরিবেশ দূষণের পাশাপাশি শিশুদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। অনেকে শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে।
এলাকাবাসী জানান, কয়েক বছর আগে স্থানীয় দুই ব্যক্তি বনের পাশে জিয়াউর রহমান ব্রিকস ও এমএইচবি ব্রিকস নামে ইটভাটা দুটি স্থাপন করেন। ভাটা দুটি প্রাথমিক বিদ্যালয় ও আবাসিক এলাকার পাশে হওয়ায় স্থানীয় লোকজন বাধা দেন। কিন্তু এতে কোনো কাজ হয়নি। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ভাটা দুটিতে ইট তৈরি চলছে।
জিয়াউর রহমান ও এমএইচবি ব্রিকের দুই ব্যবস্থাপক মো. ইছা আহমদ ও মোস্তাফিজুর রহমান জানান, বনের পাশে হলেও ব্যক্তিমালিকানাধীন জমিতেই তাঁরা ভাটা দুটি স্থাপন করেছেন। এতে কারও কোনো ক্ষতি হচ্ছে না।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ আতাউর রহমান জানান, ভাটার কালো ধোঁয়া ও বালুতে শিশুদের সর্দি, কাশি ও শ্বাসকষ্ট হতে পারে। এ রোগ বারবার দেখা দিলে শিশুর স্বাস্থ্যহানি ঘটে। এতে পড়াশোনায় মনোযোগ কমে যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর জানান, ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
এদিকে কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলা ইউনিয়নের দক্ষিণে লেদা, নয়াপাড়া, জাদিমুরা গ্রামের বন ঘেঁষে স্থাপন করা হয় আরও তিনটি ইটভাটা—‘এনবিসি,’ ‘ভাই ভাই’ ও ‘এএনবি ব্রিক’। একইভাবে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের দৈইগ্যাকাটা ও লম্বাঘোনা বনের ভেতর স্থাপন করা হয় ‘এইচবি,’ ‘ইবিসি’ ও ‘জিয়াউর রহমান ব্রিক’ নামের আরও তিনটি ইটভাটা। এই নয়টি ভাটায়ও পাশের এলাকার পাহাড় ও টিলার মাটি কেটে এনে ইট তৈরি করা হলেও কেউ বাধা দিচ্ছে না। এসব ভাটার বিপরীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও বৈধ লাইসেন্স নেই।
জানতে চাইলে এআর ব্রিকের মালিক তাজল আহমদ, ভাই ভাই ব্রিকের মালিক জাফর আলম, এমএইচবি ব্রিকের মালিক মোহাম্মদ হাশেম ও এএনবি ব্রিকের মালিক নুরুল কবির জানান, বনের ভেতর হলেও তাঁরা ব্যক্তিমালিকানাধীন জমিতে এসব ভাটা তৈরি করেছেন। পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র নিতে গেলে বলা হয়, এসব ভাটা নাকি সংরক্ষিত বনের আধা কিলোমিটারের ভেতরে। তাই পরিবেশে ছাড়পত্র মিলছে না। স্থানীয় কিছু টিলার মালিক মাটি বিক্রি করায় সেগুলো ইট তৈরিতে ব্যবহার করা হচ্ছে। অন্যদিকে, জেলা প্রশাসনও পরিবেশ ছাড়পত্র ছাড়া লাইসেন্সের মেয়াদ অনুমোদন করছে না। তাই বাধ্য হয়ে অনুমোদনহীনভাবে ইটভাটার কাজ চলছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, পরিবেশ আইন অমান্য করে বনের বারোটা বাজিয়ে ইট পোড়ানো হচ্ছে। কিন্তু লোকবলের অভাবে অভিযানও করা সম্ভব হচ্ছে না। শিগগির সরেজমিনে ব্যবস্থা নেওয়া হবে ইটভাটার মালিকদের বিরুদ্ধে।