বিবর্ণ তুষার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই শীত জেঁকে বসেছে।দিনের তাপমাত্রা নেমে যাচ্ছে গড়িয়ে যাওয়া পানির মতো।তাপমাত্রা নেমে আসতে আসতে মাইনাস ২১-এ নেমেছে। শুরুতেই এতটা শীত ভাবা যায় না। দিন কয়েক ধরে বাতাসে নেচে নেচে পেঁজা তুলার মতো অবিরাম তুষারপাতের ফলে গাছপালা, মাঠঘাট, রাস্তা কয়েক মিটার পুরু সাদা বরফের নিচে তলিয়ে গেছে। আবহাওয়া দপ্তর থেকে ১ নম্বর সংকেত দেওয়া ছিল। ১ নম্বর অর্থাৎ প্রবল তুষারবর্ষণ আর চলাচলের সমস্যা; ট্রেন, বাস, গাড়ি—সবই প্রায় বন্ধ হয়ে যায়। আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছিল, বড়দিনের শুরুতেই তুষার পড়া শুরু হবে। প্রকৃতি নিজের গতিতে চলে বলে দিনটা ভালোই গেল, বর্ষণ শুরু হলো রাত ১০টার পর। তুষারপাতে বৃষ্টির মতো শব্দ হয় না। হালকা তুলার মতো নীরবে বাতাসে দোল খেতে খেতে ভেসে আসে সাদা সাদা তুষার। ধীরে ধীরে ঢেকে দেয় সবকিছু।কয়েক দিনের জমে থাকা বরফের ওপর আবার নতুন করে শুরু হলো তুষারপাত। প্রকৃতি এখন সবুজ বা ধূসর নয়, সাদা শুভ্র। হেমন্তের প্রাক্কালেই ঝরে গেছে গাছের পাতা। পাতাবিহীন গাছগুলো সরু মোটা ঊর্ধ্বমুখী ডাল নিয়ে দাঁড়িয়ে ছিল, যেন বিশাল বিশাল ঝাঁটার উপুড় হয়ে থাকা। ন্যাড়া ডালগুলোতে শুয়ে আছে সাদা সাদা তুষার। মনে হয় গাছজুড়ে সাদা ফুলের মেলা। বাড়ির কাছের বিশাল লেকের পানির ওপর বরফের আবরণ পড়ে গেছে। ধীরে ধীরে আবরণটি পুরু হবে। পুরু হবে কয়েক মিটার; তারপর জমে উঠবে স্কি খেলা। সকাল-দুপুর বরফের পুরু আবরণের ভেতর ছোট ছিদ্র করে গভীর জলে ছিপ ফেলে বসবে মাছ ধরার মেলা।শেষ রাতের দিকে ঘুমটা ভেঙে গেল।পার্সিয়ানে ঢাকা কাচের জানালা দিয়ে শেষ রাতের চাঁদ মায়াবী আলো ফেলেছে ঘরে।দরজা খুলে বাইরে আসতে চাইলাম। বাইরে থেকে দরজাটা চেপে ধরেছে জমে থাকা বরফ। দরজা ঠেলে বাইরে এসে দাঁড়ালাম। চারদিক সাদা আর সাদা; স্বপ্নের এক সাদা মরুভূমির ওপর দাঁড়িয়ে আছি যেন। বার্চগাছগুলো বরফের ভারে নুইয়ে পড়েছে। রোডেনড্রন গাছগুলো ঢেকে গেছে বরফে। ঝাউয়ের মাথায় বরফের স্তূপ। জোনাকিরা আর রাতে বের হয় না। আলো জ্বেলে আলো-আঁধারির সৃষ্টি করে না আর। চাঁদের আলো বরফের ওপর এসে ঠিকরে পড়ছে। হালকা বাতাসে ভেসে বেড়ানো তুষার ঝিকিমিকি করে ওঠে চাঁদের আলোয়। বার্চগাছের ফাঁক দিয়ে ভোরের সূর্য উঁকি দিচ্ছে। ভোরের হালকা রোদ সাদা বরফের ওপর প্রতিফলিত হয়ে সপ্তরঙের সূচনা করে। বরফের ওপর চার পায়ে হেঁটে চলা পায়ের ছাপ। ছাপটা একটু গভীর ও ছোট। এঁকেবেঁকে পায়ের ছাপটা চলে গেছে পাশের বনের ভেতরে। কৌতূহলেই পদচিহ্ন ধরে এগিয়ে গেলাম। কিছু দূর গিয়েই ছোট একটা বাঁক নিয়েছে। বনের ভেতরে হেমন্তে ঝরে পড়া গাছের পাতার স্তূপের ওপর বরফ জমে জমে পাহাড়ের রূপ নিয়েছে। বনের ভেতরটা তত ঠান্ডা নয়। হয়তো বাতাস নেই বলেই নির্জন। পায়ের ছাপটা একটা ঢিবির নিচে গিয়ে শেষ হয়েছে। উঁকি দিয়ে দেখি, ভেতরে অন্ধকারে এক হরিণশাবক শীত থেকে বাঁচতে আশ্রয় নিয়েছে ঢিবির ভেতরে। হালকা বাতাসে তুষার কণাগুলো উড়ে বেড়াচ্ছে। একসময় উড়ন্ত তুষার ঢেকে দেবে পায়ের ছাপগুলো। [email protected]লিয়াকত হোসেনস্টকহোম, সুইডেন থেকে