বিবর্ণ মরুর গোলাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিন আগেও পশ্চিমা গণমাধ্যমের প্রিয়পাত্র ছিলেন তিনি। পশ্চিমা সাংবাদিকেরা তাঁকে বর্ণনা করতেন ‘রুচিশীল’ ও ‘বুদ্ধিমতী’ হিসেবে। তবে সেটা তাঁর স্বামী ‘সীমা অতিক্রম’ করার আগ পর্যন্ত। এখন তাঁকে ঠিক কীভাবে মূল্যায়ন করা যায়, তা নিয়ে সংশয়গ্রস্ত পাশ্চাত্য গণমাধ্যম।রূপে-গুণে অনন্য এই নারী হলেন সিরীয় ফার্স্ট লেডি আসমা আল-আসাদ। সিরিয়ায় সংস্কারকামী আন্দোলনকারীদের বিরুদ্ধে নির্মম দমন অভিযান শুরু হওয়ার আগে প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রীকে ‘মরুর গোলাপ’ আখ্যায়িত করেছিল ভোগ পত্রিকা। ব্রিটিশ বংশোদ্ভূত ৩৬ বছর বয়স্ক আসমা আল-আসাদ স্মার্ট ও উচ্চশিক্ষিত। নিজের ঢাউস গাড়িটা নিজেই চালান। পরতে ভালোবাসেন ক্রিস্টিয়ান লুবুটিন জুতা। পরিচালনা করেন ‘দুর্দান্ত গণতান্ত্রিক’ একটি সংসার, যেখানে ঘরের জন্য কোন জিনিস কেনা দরকার এবং তা কোথায় সাজাতে হবে, তা নিয়ে ভোটাভুটিতে তিন সন্তান মা-বাবাকেও পরাস্ত করতে সক্ষম। সিরীয় এই ফার্স্ট লেডির ভাবমূর্তি ছিল আর দশজন উঠতি পেশাজীবী আর অল্পবয়সী মায়ের মতোই। এই মুহূর্তে আসমা আসাদকে ঠিক কীভাবে বর্ণনা করা যায়, তা নিয়ে নিশ্চিত নন অনেকেই। আসমার পরিচিতমহলের একজন, এক আরব নারী বলেন, পশ্চিমারা যখন বাশার আল-আসাদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছিল, তখন আসমাকে তাঁর সম্পদ হিসেবে বর্ণনা করা হয়। লোকে ভেবেছিল, এ রকম একজন নারী যাঁকে বিয়ে করতে রাজি হন, তাঁর মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে। তবে এখন যেহেতু কেউই আসাদকে আর পছন্দ করেন না, সবাই বলতে শুরু করেছেন, এ রকম একজন উচ্চশিক্ষিত, মার্জিত রুচির নারী কীভাবে এমন একজন দানব প্রকৃতির লোককে বিয়ে করতে পারলেন? পরিবারের বাইরের লোকজন যতটা জানে তা হলো, এই নারী বরাবর তাঁর স্বামীর পাশে থেকেছেন। তবে আসমা হয়তো আসলে স্বামী নয়, তাঁর সন্তানদেরই পাশে দাঁড়িয়েছেন। এই প্রেক্ষাপটে নানা ঘটনা পুরো দেশ ও জনগণকে গভীর সংকটে ফেলেছে। ঘটনাক্রমে সিরীয় বিদ্রোহ ও সরকারি দমন অভিযানের কেন্দ্র হচ্ছে ফার্স্ট লেডিরই নিজের শহর হোমস।আসমা আল-আসাদকে এখন জনসমক্ষে দেখা যায় না বললেই চলে। গত জানুয়ারি মাসে প্রেসিডেন্টের পক্ষে একটি শোভাযাত্রায় যোগ দিয়েছিলেন তিনি। এ ছাড়া গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে নতুন সংবিধানের ওপর গণভোটে প্রেসিডেন্টের সঙ্গে তাঁকেও ভোট দিতে দেখা গিয়েছিল। সে সময় নিজেকে স্বাভাবিক দেখানোর জন্য প্রাণান্তকর চেষ্টা করতে দেখা গিয়েছিল আসমাকে। কাজের সুবাদে আসমার সঙ্গে দুই বছর কাটানো ব্রিটিশ-ইতালিয়ান লেখক গাইয়া সারভাদিও বলেছেন, এ সময়ের তোলা ছবিতে আসমাকে দেখা যাচ্ছিল বিহ্বল। তাঁর মতে, আসমার কিছু বলার সাহস থাকা উচিত ছিল।আসমার অবস্থাটা বোঝার একটি উপায় হচ্ছে গডফাদার সিনেমার কাহিনি মনে করা। আসাদ-পরিবারের সদস্যরা যেন বাস্তব জীবনের মাফিয়া চক্রের সদস্য, পেছাতে পেছাতে যাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় পৌঁছে তাদের ধারণা হয়েছে, যথেষ্টসংখ্যক মানুষ খুন করতে পারলে তাদের টিকে থাকার সম্ভাবনা রয়েছে। আসমা এখানে বাইরের মানুষ। এ চক্রের উত্তরাধিকারীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে। এটা মোটেই অস্বাভাবিক নয় যে তাঁকে প্রকাশ্যে কিছু বলতে দেওয়া হচ্ছে না। কে জানে তিনি কী বলে বসেন!গেল বছর বিক্ষোভ শুরুর আগে আসমা আসাদকে আরব সমাজে অতি বিরল সাফল্য পাওয়া গুটিকয়েক অসাধারণ আরব নারীর একজন মনে করা হতো। তাঁরা পুরুষের সর্বব্যাপী ছায়ার নিচ থেকে বেরিয়ে প্রকাশ্যে সিংহাসনের পেছনে, পাশে বা সামনে থাকা শক্তির উৎস হয়ে দাঁড়িয়েছেন। এ রকম একজন হলেন সুজান মোবারক। মিসরীয় সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের স্ত্রী সুজান ছেলেকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে গড়ে তোলার চেষ্টা করে গেলেও নিজের অবস্থান চমকপ্রদভাবে শক্ত করে তুলেছিলেন। আরেকজন হলেন জর্ডানের রানি রানিয়া। অসম্ভব সুন্দরী ও খুবই পাশ্চাত্য কেতার এই নারী উজ্জ্বলতায় নিয়মিতভাবেই স্বামীকে ছাড়িয়ে যেতেন। তবে গত এক বছরে তিনি তাঁর বাইরে উপস্থিতি ব্যাপকভাবে কমিয়ে ফেলেছেন।আর আছেন এই আসমা। তাঁর আগে আসাদ-পরিবারের কোনো নারীরই এতটা জনখ্যাতি ছিল না, এমনকি প্রেসিডেন্টের মা আনিসা মাখলুফ বা বোন বুশরারও না। অথচ বলা হয়, আসাদ-পরিবারের সবচেয়ে ক্ষমতাবান ও নির্মম মানুষ এঁরাই। আসমা ছিলেন মরুর গোলাপ। কিন্তু যুদ্ধের ভয়াবহতায় সবাই তাঁকে আজ প্রায় ভুলতে বসেছে।হারুন-অর-রশীদ, তথ্যসূত্র: নিউজউইক