বিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলের ক্যান্টিন থেকে বের হয়ে চিপস খেতে খেতে চললাম ক্লাস ধরতে। সঙ্গে আমার চার-পাঁচজন সহপাঠী। সবাই গল্প করতে করতে যাচ্ছি আর হাতের প্যাকেট থেকে চিপস খাচ্ছি। কিছুক্ষণ পর দেখলাম, সবার খাওয়া শেষ, হাত খালি। আমারও খাওয়া শেষ হলো, কিন্তু সব শেষ হয়ে গেল না। কোনো এক ডাস্টবিনের অপেক্ষায় মোড়কটা হাতে রেখে দিলাম। হ্যাঁ, আমার বদলে যাওয়ার সূচনা অনেকটা এ রকম। তত দিনে প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ শুরু হয়ে গেছে। শপথে শপথে ভরে ওঠা ব্যানারের ছবি দেখে আমিও শপথ করলাম ভালো মানুষ হওয়ার, সত্পথে চলার। অপেক্ষায় ছিলাম, শপথের ব্যানারে কিছু একটা লিখব। লেখা আর হয় না। কারণ, বুয়েটে যখন প্রথম আলোর শপথের গাড়ি আসে, তখন আমাদের ক্লাস চলছিল। আসলেই বদলে যাওয়া অনেক কঠিন। তাই ভাবলাম, এমন শপথই করব যা সবচেয়ে সহজ; যাতে ত্যাগ আর কষ্ট কম। ভাবতে থাকলাম, সেই চিপসের প্যাকেটের মতো আর যত অপচনশীল আবর্জনা, যা মাটির সঙ্গে মেশে না, তা যথাস্থানে ফেলার শপথ করব। নিতান্তই সহজ। আমার এই চিন্তার আরেক কারণ, দেশের সবচেয়ে শিক্ষিত মানুষ হয়ে আমরাই যদি এই বদভ্যাস ত্যাগ করতে না পারি, তাহলে তো কেউই ঠিক হবে না। এটাই ছিল আমার শপথের মূলমন্ত্র। এই সহজ শপথ বাস্তবায়নের জন্য প্রায়ই আমাকে বাইরে খেয়ে মোড়ক-খোসাগুলো পকেটে ভরে রাখতে হয়। কারণ, সবখানে খাবারের দোকান আছে, কিন্তু সব জায়গায় তো আর ডাস্টবিন নেই। এসব কাজ দেখে বন্ধুরা হাসে। আমিও হাসি। তাদের বোঝাই, আমার শপথের কথা বলি, দু-একজন ছাড়া সবাই উড়িয়ে দেয়। বিপত্তি শুধু এটুকুই নয়, সেদিন বোটানিক্যাল গার্ডেনে কিছু খাবার নিয়ে গেলাম চার-পাঁচজন বন্ধু মিলে। অনেক খাবার, অনেক আবর্জনা। কেউ তা বহন করতে চায় না। সবার শেষে আমি আমার দুই পকেট ভর্তি করলাম। আঁটসাঁট পকেটে ক্যামেরা, মোবাইল ফোনসেট থাকতে চায় না। এক বন্ধুকে ক্যামেরাটা দিলাম। সে কিন্তু ক্যামেরাটা ঠিকই ধরল। এত বড় দর্শনীয় স্থানেও নেই কোনো ময়লা ফেলার ব্যবস্থা। অনেক জায়গায়ই নেই। আমাদের মতো দেশে ছোট ছোট পরিবর্তনও একদম সহজ নয়। বাগানের সুন্দর পরিবেশে বেঞ্চে বসে স্ন্যাকস খেতে খেতে দেখলাম, নিচের ঘাস আর মাটি প্রায় ঢেকে গেছে ডাল ভাজা, চিপস আর পপকর্নের প্যাকেটে।আমার শপথটা অনেক ছোট ছিল, তাতেই আমি ছোট ছোট কত বাধার মুখোমুখি হচ্ছি। আর যারা বড় বড় শপথ করেছে, তাদের না জানি কত বড় বাধা, কত বড় সমস্যা। আরিফ আহমেদ দক্ষিণ মুগদাপাড়া, ঢাকা।