বিবর্তন না আবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকের কি বিবর্তন হয়? কেউ বলেন, ‘হ্যাঁ’, আর কেউ বলেন, ‘না’। বিবর্তন নয়, আবর্তন। দশক দশক পর একই নকশা ঘুরে ফিরে আসে। এই তো সেদিন চট্টগ্রামের ফ্যাশন জগতের সবচেয়ে বড় আয়োজন আলোকিত ঈদ ফ্যাশনের মঞ্চ আলো করে ফিরে এসেছিল রবীন্দ্র-নজরুল যুগ, আর ষাটের দশক। উপস্থিত দর্শক-শ্রোতা সেদিন হারানো দিনের সেই ঐতিহ্যকে ফিরে পেয়ে পুলকিত হয়েছিলেন। তবে একটি কথা সবাই একবাক্যে বলেছেন—ডিজাইনারদের এই আবর্তিত নকশায়, নিশ্চয়ই কিছু বিষয় বিবর্জিতও ছিল এবং অনিবার্যভাবে নতুন কিছু যুুক্তও হয়েছে। আর তাই এটি পুরোনো হয়েও অনেক নতুন। আসলে একদিকে ঐতিহ্য আর অন্যদিকে আধুনিকতা। এই দুটোর মেলবন্ধন ঘটিয়ে আমাদের ফ্যাশন জগত ধীরে ধীরে এগিয়ে চলেছে উত্তর আধুনিকতার যুগে। সেই নতুন যুগের আবাহনে প্রতি বছর নতুন নতুন মুখ আলো ছড়াচ্ছে এই সৃজনশীলতায়। প্রথম প্রথম সবাই আসেন নেশায়, তারপর এর সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে এটাকে পরিণত করেন পেশায়। দেশকে কিছু দেওয়ার আশায়, তরুণেরা আসেন এই পেশায়। এই পেশা নতুনের, সমৃদ্ধি আর সৃজনশীলতার। একটি স্বনির্ভর দেশ গড়ার স্বপ্নে আমাদের চোখের সামনেই এই শিল্পটি এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। ব্যাপ্ত হচ্ছে এর পরিসর। বছর পাঁচেক আগেও চট্টগ্রামে হাতে গোনা কয়েকটি বুটিক হাউসের নাম শোনা যেত। আর এখন এই চট্টগ্রাম শহরের বুটিক হাউসের সংখ্যা ১০০-এর কাছাকাছি। শুধু প্রথম আলোর আলোকিত ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রায় ৫০টি বুটিক হাউস। তার মানে আমাদের ক্ষুদ্র কুটিরটি ধীরে ধীরে প্রাসাদে রূপ নিচ্ছে। সেই আশায় সায় দিলেন ডলস হাউসের ডিজাইনার আইভি হাসান। তিনি বললেন, ‘আমরা যখন শুরু করেছি, তখন তো চারপাশে তেমন কেউ ছিলেন না। এখন কত নাম। অনেকের তো ধ্যান-জ্ঞান এটিই। আমরা মূল পেশার বাইরে শুধু শখের বসে এটি শুরু করেছিলাম। এখন তরুণ আসছে চ্যালেঞ্জ নিয়ে, একমাত্র পেশা হিসেবে গ্রহণ করে।’ আর একে পেশা হিসেবে নিয়ে কেউ যে ঠকছেন এমন নয়, হয়তো মুনাফা কম, কিন্তু নিজের সৃষ্টির যে একটা আনন্দ আছে, তাতে সব কষ্ট ঘুচে যায়। ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ পাস করে কয়েকজন বন্ধুকে নিয়ে শারমিন সুলতানা গত বছর থেকে বুটিকের কাজ করছেন। একেবারে নতুন এসে শারমিনের অভিজ্ঞতা সুখকর। তাঁর কথা—‘আমরা পরিচিত আত্মীয়স্বজনদের অর্ডার সামলাতে হিমশিম খাচ্ছি। আরেকটু পুঁজি বাড়লে বড় আকারের কাজ করব।’ শারমিনের কথার মধ্যেই বোঝা যায় এক অপার সম্ভাবনার দুয়ার যেন আমাদের জন্য খুলতে বসেছে। তবে এ কথাও ঠিক, চট্টগ্রামের মতো জায়গায় অনেক সীমাবদ্ধতার মধ্যেও কাজ করতে হয় তাঁদের। প্রথমত, পুঁজির অভাব, দ্বিতীয়ত, বৃত্তাবদ্ধ বিপণন। এ ব্যাপারটি এখনো চট্টগ্রামে ব্যক্তিগত উদ্যোগের মধ্যেই রয়ে গেল। বড় শিল্পের আকারে দেশজোড়া বিপণনের ক্ষমতা এখনো চট্টগ্রামের কোনো বুটিক হাউস অর্জন করতে পারেনি। এ ছাড়া নতুন কোনো কোনো ডিজাইনার হুট করে নাম কিনে নেয়ার ফন্দি আঁটেন। বিদেশি কাপড়-চোপড়ের হুবহু নকল করছে। ডিজাইনার শিমুল খালেদ তাই বললেন, ‘নতুন অনেক ডিজাইনারের মধ্যে সৃজনশীলতার অভাব রয়েছে। তাঁরা বিদেশি বই থেকে ডিজাইন নকল করছেন। তাঁদের অনেকের কাজে সৃষ্টিশীলতার চিহ্নমাত্র থাকে না।’ তিনি আরও বললেন, চট্টগ্রামের বুটিক হাউসগুলোর বড় সমস্যা হচ্ছে বিপণনের দুর্বলতা। নতুন একজন ডিজাইনার বড় আশা নিয়ে হয়তো কিছু পোশাক তৈরি করলেন; কিন্তু তাঁর নেই প্রদর্শনের কোনো সুযোগ কিংবা তাঁর উৎপাদিত পণ্য বিকোবার কোনো জায়গা। তাই অনেক সময় তাঁদের হতাশ হতে হয়। এর জন্য সৃষ্টিশীল তরুণ ডিজাইনারদের সহায়তায় এগিয়ে আসা উচিত সরকারের। সম্ভাবনাময় ডিজাইনারদের সাহায্যে ব্যাংকগুলোও এগিয়ে আসতে পারে ঋণের ব্যবস্থা করে। তাতে দেশের লাভ ছাড়া ক্ষতি নেই। দেশি পোশাকে যদি মানুষের চাহিদা মিটে যায়, তখন বিদেশি পোশাকে কার চোখ যায়। এতে সাশ্রয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রার। ব্যাপারটি নিয়ে দেশের নীতিনির্ধারকেরা নিশ্চয় ভাববেন। পুঁজির জোগাড়-আত্তির পাশাপাশি আরেকটি বিষয়ের ওপর গুরুত্ব দিলেন রওশনস বুটিকের ডিজাইনার রওশন আরা। তিনি বললেন, ‘ডিজাইন, বিপণনের ওপর প্রয়োজন প্রশিক্ষণের। তরুণদের জন্য এই উদ্যোগ খুবই দরকার।’ আর এসব করার জন্য তাঁরা ইতিমধ্যে তৎপর হয়েছেন। তাঁরাই সংগঠিত হয়েছেন ডিজাইনার ফোরাম নামে একটি ছাতার নিচে। এঁদের লক্ষ্য নিজেদের পণ্যের প্রসার ও প্রচার বাড়ানো, নতুন ডিজাইনারদের উৎসাহিত করা, নানা আয়োজনের মাধ্যমে নতুন নতুন নকশাকে মানুষের সামনে তুলে ধরা, নতুনদের স্বাগত জানানো, তাঁদের প্রশিক্ষিত করা। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ। বিপণনের ক্ষুদ্র বৃত্ত ভেঙে তাঁরা একদিন নিশ্চয় ছড়িয়ে যাবেন পুরো দেশের মানচিত্রজুড়ে, এমনকি দেশের সীমানা ছাড়িয়ে বাইরেও।