বিবাহবার্ষিকী
আগামীকাল আমাদের বিবাহবার্ষিকী। কী করব ভাবছি। ছেলের বয়স ছয় মাস। আগেই ওর জন্য গেঞ্জি ও ফতুয়া কিনেছি। সন্ধ্যায় স্বামী বাসায় ফিরলেন। তাঁকে দেখে তো আমি অবাক। হাতে একটা শপিং ব্যাগ, তাতে একটা শাড়ি, ব্লাউজ ও স্যান্ডেল। জানলাম, অফিসের নারী কলিগরা এগুলো কিনতে বলেছেন। আমার আনন্দ আর ধরে না, কিন্তু পরক্ষণেই মনটা খারাপ হয়ে গেল। ছেলেসহ বাইরে গেলে তো আর আনন্দ করা যাবে না। কিছুক্ষণ পর পাশের ফ্ল্যাটের সমু আপা এসে সমস্যার সমাধান করে দিলেন। তিনি ছেলে রাখার দায়িত্ব নিলেন।দুপুরে বাইরে খাব, তাই দ্রুত কাজ সেরে ফিডিং বোতল এবং বাকি জিনিসপত্র গুছিয়ে নিয়ে ছেলেকে সমু আপার কাছে রেখে আমরা রওনা হলাম। আকাশ পরিষ্কার। সূর্যের আলোকছটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। আমার মনের আলোকছটা তো আর কাউকে দেখাতে পারছি না।রমনা রেস্তোরাঁয় চায়নিজ খেয়ে পার্কে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর লেকের পাড়ে বেঞ্চিতে বসলাম। একটা ছেলে এসে বাদাম দিয়ে গেল। লেকে অনেকে নৌকায় বেড়াচ্ছিল। এর মধ্যে দু-তিনজন পরিচিত লোকের সঙ্গে দেখা ও কথা হলো। পার্কের গাছগাছালির ভেতর পাখির কলকাকলীতে আমার মনও মুক্তবিহঙ্গের মতো আকাশে উড়ে যেতে ইচ্ছা করছিল।হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে প্রবল বেগে বাতাস ছেড়ে ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করল। আমরা বৃষ্টির ঝাপটায় ভিজে গেলাম। তখন যে এক অনুভূতির সৃষ্টি হয়েছিল, তা ভাষায় প্রকাশ করতে পারব না। অনেকক্ষণ বসে বসে দুজন ভিজলাম। লেকের থই থই পানিতে বৃষ্টির ফোঁটা পড়ার এক অদ্ভুত দৃশ্য অবলোকন করলাম। অবশেষে দুজন রিকশার হুড ফেলে হাতে হাত রেখে ভিজতে ভিজতে বাসায় ফিরলাম।নাজমা আহমেদসিদ্ধেশ্বরী লেন, ঢাকা।