বিবাহবিচ্ছেদ বাড়ছে ভারতে
ভারতে এখন চলছে বিয়ের মৌসুম। দেশজুড়ে প্রতিদিনই সানাইয়ের সুর বেজে উঠছে কোথাও না কোথাও। জ্যোতিষীদের মতে, বছরের এ সময়টা শুভ। এ সময়ে বিয়ে হলে তা সফল ও টেকসই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।দাম্পত্যজীবনে সমস্যা হলেও আর কিছু না হোক, পরিবার ও সমাজের ভ্রুকুটির ভয়ে ভারতীয় সমাজে ঐতিহ্যগতভাবে বিবাহবিচ্ছেদের হার ছিল বেশ কম। কিন্তু সময় বদলেছে। বদলে যাচ্ছে ভারতীয় সমাজও। আর্থিক প্রবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে দেশটির পুরোনো মূল্যবোধ ও সংস্কার ভেঙে পড়ছে। দিন দিন বাড়ছে বিবাহবিচ্ছেদের ঘটনা।ভারতে বিবাহবিচ্ছেদ বেশি হচ্ছে শহুরে মধ্যবিত্তদের মধ্যে। দেশের নজরকাড়া আর্থিক উন্নতির সুবিধাভোগী তাঁরাই যেমন বেশি, তেমনি সমাজবদলের এই নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়াটির শিকারও প্রথমত তাঁরাই।একরাশ স্বপ্ন নিয়ে সংসার শুরু করেন তরুণ-তরুণীরা। কিন্তু কিছুদিন না যেতেই তাঁদের সব স্বপ্ন ফানুসের মতো মিলিয়ে যাচ্ছে। পরিণতিতে বিচ্ছেদ। কেন এমনটি হচ্ছে? এ প্রশ্নের জবাবে নয়াদিল্লির অভিজাত শহরতলি গুরগাঁওয়ের ম্যারেজ কাউন্সিলর গীতাঞ্জলি শর্মা বলেন, ‘সমাজে ব্যাপক পরিবর্তন এসেছে। কোনো কোনো ক্ষেত্রে আমূল পরিবর্তন হয়েছে। সেই সঙ্গে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে।’গীতাঞ্জলি জানান, গত পাঁচ বছরে ভারতে বিবাহবিচ্ছেদের হার দ্বিগুণ হয়েছে। তিনি বলেন, এখন আর কেউ সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে ফেলার জন্য বাড়তি চেষ্টা করতে চায় না। খুব দ্রুত সমাধানে পৌঁছতে চায়। ফলে বাড়ছে বিচ্ছেদের হার।গীতাঞ্জলি আরও বলেন, অর্থনৈতিক উন্নতির সঙ্গে দৃষ্টিভঙ্গিতেও এসেছে পরিবর্তন। বাপ-দাদাদের মতো করে কেউ আর চিন্তা করছেন না। আমার মনে হচ্ছে, প্রায় সবাই ব্যক্তিগত জীবন ও সংসারের চেয়ে ক্যারিয়ারকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ধৈর্য আর সহিষ্ণুতার খুবই অভাব। সম্পর্ক ধরে রাখার জন্য কোনো ধরনের কষ্ট করতে চান না অনেকেই। সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়াকেই একমাত্র সমাধান বলে মনে করেন তাঁরা। এ রকম পরিবর্তনের নমুনা দেখার জন্য আদর্শ কাজের জায়গা হবে গুরগাঁও। মাত্র দুই দশক আগের রীতিমতো গ্রামটি এখন ভারতের অন্যতম জমকালো আবাসিক এলাকা। সরষের খেত ও ঘাসে ছাওয়া মাঠ উধাও হয়ে সেখানে গড়ে উঠেছে ঝলমলে শপিং মল, অ্যাপার্টমেন্ট ব্লক আর বহুজাতিক প্রতিষ্ঠানের চোখ ধাঁধানো অট্টালিকা। ভারতের কোটি কোটি মানুষ চকমিলানো ওই সব ফ্ল্যাটে থাকার স্বপ্ন দেখলেও ওয়াকিবহাল ব্যক্তিরা জানেন, এর অনেক বাসিন্দাই চরম অসুখী।গীতাঞ্জলি বলেন, এখন বিচ্ছেদের ক্ষেত্রে যেটা বেশি লক্ষ করা যায় তা হচ্ছে, চাকরি বা কাজের চাপ কেমন, বিয়েটা পারিবারিকভাবে আয়োজিত না প্রেমের, সেটা নয়। আজকের তুমুল প্রতিযোগিতা আর ‘ডেডলাইনমুখী’ কর্মসংস্কৃতি প্রচণ্ড চাপের মধ্যে ফেলছে নারী-পুরুষ উভয়কেই। দাম্পত্য সম্পর্কের তুচ্ছ সমস্যাও অনেক সময় বড় করে তুলছে এই চাপ।গুরগাঁওয়ের একটি নামকরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে কাজ করেন মোহিত। এখন স্ত্রীর সঙ্গে তাঁর দেখা করার একমাত্র স্থান হচ্ছে দিল্লি হাইকোর্ট। এখানেই চলছে তাঁর বিবাহবিচ্ছেদের মামলার শুনানি। মোহিত জানান, খুব অল্প বয়সে তাঁরা পরস্পরের প্রেমে পড়েন। বিয়ে করেছিলেন বয়স যখন বিশের কোঠায়। এখন থেকে তিন বছর আগে তাঁরা আলাদা বসবাস শুরু করেন। মোহিত বলেন, ‘যখন বিয়ে করি তখন বুঝিনি যে প্রেম আর বিয়ে এক নয়। স্ত্রীর সঙ্গে আমার মোটেই মতের মিল হতো না। তা ছাড়া আমাদের বিয়েটা দুই পরিবারের কেউই মেনে নেননি।’ মোহিত আরও বলেন, স্ত্রীরও যে নিজের ক্যারিয়ার থাকতে পারে তা মেনে নিতে কখনো কখনো কষ্ট হতো তাঁর। আজকের পুরুষদের এটা একটা অদ্ভুত ব্যাপার। আগে এমন ছিল না। আমরা ভারতীয় পুরুষেরা চাইছি আধুনিক ও প্রগতিশীল একটি স্ত্রী। ‘আবার একই সঙ্গে চাই যখন কাজ থেকে ফিরব স্ত্রী বাড়িতে থাকুক এবং আমাদের জন্য রান্না করুক।’ সরল স্বীকারোক্তি মোহিতের। এক কথায় তিনি বিষয়কে চিহ্নিত করলেন পুরোনো ও নতুন ভারতের মধ্যে সংস্কৃতির সংঘাত হিসেবে।গত মাসে স্বরূপার বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়েছে। তাঁর উদ্যোগেই বিচ্ছেদটা হয়। স্বরূপা বলেন, ভারতীয় সমাজে একজন নারী তখনই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিতে পারেন, যখন তিনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হন বা তাঁর প্রতি মা-বাবার সমর্থন থাকে। অতীতে এমনটা ভাবা যেত না বললেই চলে। স্বরূপা বলেন, ডিভোর্স এখন সমাজে আগের চেয়ে বেশি গ্রহণযোগ্য। তবে এখনো সমস্যা আছে। তিনি বলেন, ‘আমি একজন ডিভোর্সি এটা আমি বলতে ভয় পাই না। কিন্তু এখনো অনেকে এটা বলতে লজ্জা পান। এর পেছনে কারণও আছে। একজন ডিভোর্সি নারীকে সমাজে অন্যভাবে দেখা হয়। নানা অসুবিধার মুখে পড়তে হয় তাঁদের। যেমন একা হওয়ার জন্য এখন আমার বাড়ি ভাড়া পেতে অসুবিধা হচ্ছে।’বিচ্ছেদ বাড়ার হার সচকিত করেছে সরকারকেও। মামলার ঘটনা বেড়ে যাওয়ায় সরকার অন্যান্য দেশের সঙ্গে সংগতি রেখে বিবাহবিচ্ছেদ-প্রক্রিয়া সহজ ও দ্রুততর করার কথা বিবেচনা করছে। তবে এর পরও ভারতে বিবাহবিচ্ছেদের হার বিশ্বের মধ্যে সবচেয়ে কম। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী এ হার হাজারে এক।বিচ্ছেদের ঘটনা বাড়া আবার কারও জন্য আনন্দের বিষয়। এদের একজন বিবেক পাহওয়া। তিনি বিবাহবিচ্ছেদ হওয়া নারী-পুরুষদের জন্য মুম্বাই থেকে একটি অনলাইন ঘটকালি প্রতিষ্ঠান চালান। বিবেকের দাবি, প্রতি মাসে তাঁর ‘সেকেন্ডশাদিডটকম’ ওয়েবসাইটে নতুন চার হাজার লোক যোগাযোগ করেন।