বিবিএ স্নাতকদের সম্ভাবনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যার দিক দিয়ে বাংলাদেশে ব্যবসায় প্রশাসনের শিক্ষার্থীসংখ্যাই এখন সবচেয়ে বেশি। আমি মনে করি, এর দরকারও আছে। কারণ, দেশের ক্রমবর্ধমান চাকরির বাজারে ব্যবসায় শিক্ষায় শিক্ষিত জনশক্তির প্রয়োজন অনেক বেশি। একই ব্যাংকে হয়তো দুজন চাকরি করছেন, যাঁদের মধ্যে একজন বিবিএ, অন্যজন সাধারণ বিষয়ে পড়াশোনা করে এসেছেন। তাঁদের দুজনের মধ্যে একটু লক্ষ করলেই বোঝা যায়, যিনি বিবিএ করে এসেছেন, তাঁর উপস্থাপন কৌশল, গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, কর্মক্ষেত্রে সমস্যা সমাধানে যিনি সাধারণ বিষয়ে পড়ে এসেছেন, তাঁর থেকে এক ধাপ এগিয়ে থাকেন।বাংলাদেশের মানসম্মত বিবিএ ডিগ্রিধারী তৈরির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ প্রথম থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন আমাদের ১৮তম ব্যাচ চলছে। ঢাবি আইবিএর গ্র্যাজুয়েটরা বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ে কাজ করছেন সম্মানের সঙ্গে। অন্য যেকোনো বিষয়ের গ্র্যাজুয়েটরা যেখানে পড়াশোনা শেষে চাকরি পাওয়ার কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হন, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই আইবিএর শিক্ষার্থীরা ইন্টার্নশিপ শেষ করার আগেই চাকরিতে যোগ দেওয়ার একাধিক ভালো প্রস্তাব পান। এই অবস্থা শুধু ঢাবির আইবিএর ক্ষেত্রে নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ আরও বেশ কিছু সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতকেরাও এ ধরনের সুযোগ-সুবিধা পান শিক্ষাজীবন শেষ হওয়ামাত্রই বা অনেক সময় শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই।একটা বিষয়ে সবাইকে সচেতন হতে হবে, কোনো ক্ষেত্রেই বিবিএ গ্র্যাজুয়েট বেশি তৈরি করতে গিয়ে তাঁদের মানের সঙ্গে আপস করা যাবে না। আইবিএ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই এ ব্যাপারে খুব সচেতন। তাই আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এই পর্যায়ে আসতে পেরেছে। অনেক সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ধারণক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থী ভর্তি করে থাকে, যা কখনোই উচিত নয়। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও বিবিএ গ্র্যাজুয়েটদের মানের ব্যাপারে আরও বেশি সচেতন হতে হবে। (অনুলিখিত) মো. মহিউদ্দিন, পরিচালক, বিবিএ প্রোগ্রাম, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়