বিবিসি জানালা হাতের মুঠোয় ইংরেজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়ির পোষা মোরগটাকে ধরবে বলে ছুটেছে গ্রামের দুরন্ত এক কিশোরী। মোরগ লাফ দিয়ে ওঠে গাছে। কিশোরীও কম যায় না। তরতরিয়ে ওঠে গাছের মগডালে। মোরগ ছোটে সীমানাদেয়াল পেরিয়ে। মেয়েটাও ছাড়ার বান্দা নয়। অনায়াসে ডিঙিয়ে যায় উঁচু পাঁচিল। এবার জলার ওপারে ছোটে মোরগ। কিন্তু সেখানেও নিস্তার নেই। ইয়া বড় লাফ দিয়ে মেয়েটা মূহুর্তে পেরোয় জলা-জংলা জায়গা। মোরগ গেল ঘরের চালে। তাতেও মেয়ের ছাড়াছাড়ি নেই। তুখোড় ক্রিকেটারদের মতো সে ডাইভ দিয়ে পড়ে খড়ের গাদায়। শেষে মোরগ ছাদ থেকে নেমে দিল ছুট। মেয়েটাও দিল তুখোড় ক্রিকেটারদের মতো অসাধারণ এক ঘুরন্ত লাফ। বাধ্য হয়ে শেষমেশ বশ মানল ত্যাঁদড় মোরগ। হ্যাঁ পোষা মোরগটাকে ধরার জন্যই শুধু কিশোরীর এসব দুর্দান্ত কায়দা কসরত। কিন্তু ইংরেজি শেখার বেলায়? সব কাজের কাজী আর চটপটে মেয়েটার এবার শুধু মাথা চুলকানোর পালা। এর চেয়ে বরং আরও কম চেষ্টা করে যে ইংরেজি শেখার মতো ভীষণ দরকারি একটা কাজ করে ফেলা যায়, সেটা হয়তো ভাবেইনি মেয়েটা। অতএব মাথা চুলকানো ছাড়া কিইবা করার আছে মেয়ের? সম্প্রতি প্রচারিত একটি টিভি বিজ্ঞাপনের ওই মেয়েটির মতোই দশা আমাদের অনেকের। ইংরেজি বলার কথা বললে গায়ে জ্বর, ইংরেজি পরীক্ষা পাস করতে না পেরে রাগে দুঃখে মাথার চুল ছেঁড়া। এসব কোনোটাই আমাদের এই দেশে নতুন কিছু নয়। ইংরেজি শেখার পথে এসব অহেতুক বাধা-বিপত্তি আর অহেতুক ভয়ই দূর করতে চায় ‘বিবিসি জানালা।’ ইংরেজি শেখাটাকে একদম জলবত তরলং করে দেশজুড়ে ইংরেজি জানা মানুষের সংখ্যা বাড়ানোর জন্যই শুরু হয়েছে আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠান বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ‘বিবিসি জানালা’ প্রকল্প। ‘ইংরেজি এখন আর শুধু একটা ভাষা নয়। এটিকে একটি টুল বা হাতিয়ার হিসেবে দেখতে হবে। ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে প্রায় সব কাজের জন্যই ইংরেজি ভাষায় দক্ষতা একটা চমত্কার হাতিয়ার।’ বলছিলেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের ইন্টারঅ্যাকটিভ বিভাগের প্রধান সারাহ চেম্বারলাইন। বাংলাদেশের মানুষের ইংরেজি ভাষায় দখল আরও পোক্ত করতেই মূলত বিবিসি জানালা। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের প্রকল্প ‘ইংলিশ ইন অ্যাকশন’-এর আওতায় বাংলাদেশে পরিচালিত হচ্ছে। আগামী আট বছরে বাংলাদেশের প্রায় আড়াই কোটি মানুষকে ইংরেজিতে দক্ষ করে তোলার পরিকল্পনা হাতে নিয়েছে ইংলিশ ইন অ্যাকশন। ইংরেজিতে দক্ষ হয়ে ওঠা এই মানুষগুলো তাঁদের এই ইংরেজি জ্ঞানকে কাজে লাগিয়ে অবদান রাখতে পারবে দেশের অর্থনীতিতে।মুঠোফোনে ইংরেজি শেখা ইংরেজি শেখার কাজটাকে একদম হাতের মুঠোয় নিয়ে এসেছে বিবিসি জানালা। বিবিসি জানালার মাধ্যমে ইংরেজি শেখানোর মূল জায়গা হিসেবে ব্যবহূত হচ্ছে মোবাইল ফোন বা মুঠোফোন। যেকোনো মোবাইল থেকে ৩০০০ নম্বর থেকে একবার শুধু ফোন করুন। ব্যস। শুনতে পাবেন ঘোষকের কণ্ঠ—‘বিবিসি জানালায় আপনাকে স্বাগতম।’ তার মানে খুব সহজে আর একদম নিজের সুবিধামতো আয়েশ করে ইংরেজি শেখার ঠিকানায় পৌঁছে গেছেন আপনি। এরপর আপনার পছন্দের লেসন বেছে নেওয়ার কাজটি আপনি নির্দেশনা শুনে অনায়াসেই করতে পারবেন। ভয় নেই। লেসনগুলো সাজানো হয়েছে নতুন পুরোনো সব ধরনের ইংরেজি শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই। এই বিবিসি জানালাতেই পাবেন রিংকুর দেখা। রিংকু নামের তরুণটি এক কাল্পনিক চরিত্র। যার কাজ আসলে গল্প আর মজার ছলে ইংরেজি ভাষার নানান নিয়মকানুন শেখানো। এই লেসনগুলোর জন্য প্রতি মিনিটের খরচ পড়বে মাত্র এক টাকা। আর সঙ্গে মূল্য সংযোজন কর। ইচ্ছে করলে www.bbcjanala.comএই ওয়েবসাইটে গিয়েও আপনি করতে পারেন এই ইংরেজি শেখার কাজ। দ্রুতগতির এবং সহজে ব্যবহারযোগ্য এই বাংলা ওয়েবসাইটে আছে কথোপকথনের জন্য ইংরেজি উচ্চারণ, শব্দজ্ঞান ও পাঠ, কাজের জন্য ইংরেজি, ক্যুইজ, রিংকুর ভুবন ইত্যাদি বিভাগ। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের পাশাপাশি টেলিভিশনকেও এই ইংরেজি শেখার কাজে লাগাতে চায় বিবিসি জানালা। এরই মধ্যে বিবিসি জানালার পাশাপাশি চালু হয়েছে টিভি অনুষ্ঠান বিবিসি বাজ। সামনে আসছে চব্বিশ পর্বের একটি টিভি ধারাবাহিকও। গত ২৪ ফেব্রুয়ারি প্রথম আলোর সঙ্গেও একটি চুক্তি স্বাক্ষর করেছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট। এ চুক্তির আওতায় বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্ট মনোনীত ব্রিটিশ শিক্ষকেরা ইংরেজি পাঠ দেবেন। এ ছাড়া প্রথম আলোর অনলাইন সংস্করণেও থাকবে বিবিসি জানালার সহায়তায় ইংরেজি শেখার বিভিন্ন আয়োজন। দারুণ একটা শুরুনয় বছরব্যাপী এই প্রকল্পের এক বছর মাত্র পেরিয়েছে। এরই মধ্যে দেশজুড়ে দারুণ সাড়া জাগিয়েছে বিবিসি জানালা। উমামা নওরোজ ইত্তেলা এই প্রকল্পের বিপণন এবং যোগাযোগ শাখার দায়িত্বে আছেন। উমামা বলছিলেন—‘আমি নিজে মনে করি ইংরেজি জানা না থাকলে আমি এই জায়গায় কাজ করতে পারতাম না। আমি চাই, আমার মতো সবাই এই সুযোগটা যেন পায়। এরই মধ্যে বিবিসি জানালার সুফল বিপুলসংখ্যক মানুষ পেতে শুরু করেছে। মাত্র তিন মাসে, ইংরেজি শিক্ষা লেসনগুলোতে ১০ লাখের বেশি ফোন এসেছে। এ ছাড়া ক্যুইজ এবং অন্যান্য মেন্যু মিলিয়ে বিবিসি জানালায় মোট ফোন এসেছে প্রায় ২০ লাখ।’ ইত্তেলা আরও জানালেন, বিবিসি জানালাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি চট্টগ্রামে বিবিসি জানালা উত্সব আয়োজন করতে যাচ্ছেন তাঁরা। দিনব্যাপী এই উত্সবে থাকবে ইংরেজি শেখার প্রয়োজনীয়তা বিষয়ক নাটক থেকে শুরু করে দড়ি টানাটানিসহ নানা মনোমুগ্ধকর আয়োজন। তো আর দেরি কেন? ঝেড়ে ফেলুন ইংরেজি শেখার সব ভয়-ডর। এতজন পেরেছে। আপনিও ‘চাইলেই পারবেন।’