বিব্রত কেইপিজেড কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারার কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) স্থাপিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী নামফলক ভেঙে ফেলায় বিব্রতকর অবস্থায় পড়েছে কেইপিজেড কর্তৃপক্ষ। ৭ মে রাতের আঁধারে কে বা কারা এটি ভেঙে দিয়েছে। এ ব্যাপারে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে। পুলিশ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৯ সালের ৩০ অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম কোরীয় রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (কেইপিজেড) নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর নামসংবলিত ফলকটি ৭ মে রাতে কে বা কারা ভেঙে দিয়েছে। মঙ্গলবারই এ ঘটনায় কর্ণফুলী থানায় মামলা দায়ের করে কেইপিজেড কর্তৃপক্ষ। তবে এতে কাউকে সরাসরি অভিযুক্ত বা সন্দেহ করা হয়নি। কেইপিজেডের শীর্ষস্থানীয় কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘ভাই আমাদের ওপর দিয়ে একের পর এক বিপদ যাচ্ছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনী ফলক ভাঙার ঘটনায় আমরা আরও বিব্রতকর অবস্থায় পড়েছি। এতে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।’ বিষয়টি নিয়ে এ ব্যাপারে ঢাকায় আলোচনা-পর্যালোচনা হচ্ছে বলে ওই কর্মকর্তা জানান। প্রসঙ্গত, পাহাড় কাটা ও পরিবেশ আইন ভঙ্গ করার দায়ে চলতি বছরের ২২ জানুয়ারি অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনির চৌধুরী। এর পরে গত ২৪ মার্চ পাহাড় কাটার দায়ে ১০টি বুলডোজারও জব্দ করেন তিনি। এসব কিছু নিয়ে যখন কেইপিজেডের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছিল ঠিক তখনই কেইপিজেডের ভেতরকার প্রধানমন্ত্রীর ফলক ভেঙে ফেলার ঘটনা ঘটল। কেইপিজেডে গিয়ে দেখা যায়, পাটের বস্তা দিয়ে ঢাকা অবস্থায় ভাঙা ফলকটি পাহারা দিচ্ছেন কেইপিজেডের নিরাপত্তাকর্মী মো. মহিউদ্দিন। তিনি বলেন, ‘আমি অন্য পাশে ডিউটি করি। মঙ্গলবার থেকে আমি এখানে পাহারা দিচ্ছি।’ বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, ‘যে বা যারা প্রধানমন্ত্রীর নামফলক ভেঙে দিয়েছে, তারা জঘন্য অপরাধ করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য কেইপিজেড কর্তৃপক্ষকে বলা হয়েছে।’জানতে চাইলে কেইপিজেড ব্যবস্থাপক (পরিকল্পনা) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনাটা নিয়ে আমরা বিব্রত। কে বা কারা এটি ভেঙে দিয়েছে তা আমরা বলতে পারছি না। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।’ এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক মুঠোফোনে প্রথম আলোকে জানান, ‘অভিযোগ পেয়েই আমরা কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করেছি এবং সন্দেহভাজন আসামিদের শনাক্ত ও ধরার ব্যাপারে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’