বিভক্ত বিএনপি নেতৃত্বশূন্যতায় আওয়ামী লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোন্দল ও নেতৃত্ব-শূন্যতার কারণে কক্সবাজারে প্রধান দুই রাজনৈতিক দলে চলছে নানা সংকট। দলাদলির কারণে বিপর্যস্ত বিএনপিতে এখন দুটি স্রোত। অথচ গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার চার আসনের তিনটিই পেয়েছে দলটি। অন্যদিকে যোগ্য নেতার অভাবে ধুঁকছে আওয়ামী লীগ। অভিযোগ আছে, ক্ষমতার অপব্যবহার করে সরকারি দলের কিছু নেতা নিজের আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নেতৃত্ব নিয়ে তীব্র কোন্দল চলছে জেলা বিএনপিতে। গত বছরের ২০ নভেম্বর কমিটি ঘোষণা নিয়ে অপ্রীতিকর ঘটনার পর জেলা বিএনপি দ্বিধাবিভক্ত হয়ে পড়ে, পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়। গত ১০ মাস ধরে দুই কমিটি পৃথকভাবে দলীয় ও জাতীয় কর্মসূচি পালন করে আসছে। দুটি দলের নেতৃত্ব দিচ্ছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ ও সংসদ সদস্য লুৎফুর রহমান। অন্যদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে নেতৃত্ব-শূন্যতার কারণে দলীয় কার্যক্রম ঝিমিয়ে পড়েছে। জাতীয় কর্মসূচি পালনের মধ্যেই সীমিত দলীয় কার্যক্রম। তবে এতেও নেতা-কর্মীদের অংশগ্রহণ খুব কম বলে সংশ্লিষ্ট লোকজন জানান। বিএনপির পাল্টাপাল্টি কমিটি গত বছরের ২০ নভেম্বর রাতে শহরের স্টেডিয়ামে জেলা বিএনপির সম্মেলন হয়। প্রধান অতিথি বেগম সেলিমা রহমান কমিটি ঘোষণা করেন। সাধারণ সম্পাদক পদে কক্সবাজার জেলা আদালতের সাবেক সরকারি কৌঁসুলি শামীম আরার নাম ঘোষণা করলে পুরো স্টেডিয়াম রণক্ষেত্রে পরিণত হয়। নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। অন্যদিকে সালাহউদ্দিনের সমর্থকেরা সংসদ সদস্য লুৎফুর রহমানের মালিকাধীন নিরিবিলি অর্কিডে হামলা চালান বলে অভিযোগ ওঠে। পরদিন এক পক্ষ শাহজাহান চৌধুরীকে সভাপতি ও শামীম আরাকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির কমিটি ঘোষণা দেয়। আরেক পক্ষ কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য লুৎফর রহমানকে সভাপতি ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহকে সাধারণ সম্পাদক করে পাল্টা কমিটি ঘোষণা করে। সেই থেকে শাহজাহান চৌধুরীর নেতৃত্বাধীন কমিটির নেতৃত্ব দিচ্ছেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংসদ সদস্য লুৎফুর রহমান রয়েছেন অপর দলের নেতৃত্বে। এ ব্যাপারে পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী বলেন, ‘কোন্দলের কারণে ধানের শীষের দুর্গ খ্যাত কক্সবাজার বিএনপির নেতা-কর্মীরা হতাশ হয়ে পড়েছেন। এতে দলেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। কোন্দল নিরসন না হলে আগামী নির্বাচনে দলের ভরাডুবি ঘটবে।’ তিনি দাবি করেন, শহরসহ কয়েকটি উপজেলার নেতৃত্ব এখনো সংসদ সদস্য লুৎফুর রহমানের সমর্থকদের নিয়ন্ত্রণে রয়েছে।বর্তমান অবস্থান কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে তিনটি বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের। কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে নির্বাচিত হন মহাজোট প্রার্থী আবদুর রহমান। ২০০১ সালের নির্বাচনে জেলার চার আসনেই বিএনপির প্রার্থীরা জয়লাভ করেন। ১৯৯৬ সালে তিনটি আসন পেয়েছিল বিএনপি।জেলা বিএনপির (একাংশ) সভাপতি শাহজাহান চৌধুরী জানান, ‘জেলার ১০ সাংগঠনিক উপজেলা, চার পৌরসভা, ৭৩ ইউনিয়ন ও ৭২৯টি ওয়ার্ড কমিটি সুন্দরভাবে সম্পন্ন করে গত ২০ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন করা হচ্ছিল। কিন্তু একটি চক্র পরিকল্পিতভাবে ওই সম্মেলনে হামলা ও ভাঙচুর চালিয়ে অনুষ্ঠানটি পণ্ড করে দিলেও কমিটি গঠনে কোনো সমস্যা হয়নি। আওয়ামী লীগে নেতৃত্ব-শূন্যতা ক্ষমতাসীন দল কক্সবাজার জেলা আওয়ামী লীগ চলছে ভারপ্রাপ্ত দিয়ে। জমি দখল-বেদখল, ক্ষমতার দ্বন্দ্ব আর ভাগবাটোয়ারা নিয়ে দলটিও বর্তমানে দ্বিধাবিভক্ত। অভিযোগ রয়েছে, দলের শীর্ষনেতাদের কথা অন্যরা মানেন না। আবার শীর্ষনেতারাও তৃণমূল নেতা-কর্মীদের খবর রাখেন না। ফলে দলীয় কার্যক্রম চলছে ঢিমেতালে। উখিয়ার রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল হক জানান, ‘জেলা কমিটির নেতাদের মধ্যে প্রায় সময় কোন্দল থাকে। এ কারণে গত জাতীয় সংসদ নির্বাচনে জেলার চার সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই ভরাডুবি হয় আওয়ামী লীগ প্রার্থীদের। রামুর রশিদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম জানান, ‘জেলা আওয়ামী লীগের রাজনীতি কোন পর্যায়ে আছে তার খবর কেন্দ্র রাখে না। বর্তমান কমিটির নেতাদের পরিবর্তন করা না হলে ভবিষ্যতে দলের অবস্থা আরও শোচনীয় হবে।’নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পর্যায়ের কয়েকজন নেতা জানান, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোজাম্মেল হক মারা যাওয়ার পর দীর্ঘ সময় ধরে দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন এ কে আহমদ হোসেন। সারা দিন তিনি আইন পেশা নিয়ে ব্যস্ত থাকেন। দলের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদও বেশির ভাগ সময় জেলার বাইরে থাকেন। ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন।’ বর্তমানে জেলার ১১ সাংগঠনিক উপজেলা ও ৭৪ ইউনিয়নে আওয়ামী লীগের শক্তিশালী কমিটি থাকলেও কোন্দলের কারণে সবগুলোই নিষ্ক্রিয় বলে জানান সংশ্লিষ্ট লোকজন। প্রসঙ্গত, গত ২২ মার্চ কক্সবাজার সাংস্কৃতিককেন্দ্রে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধিদের সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে তৃণমূল পর্যায়ের ২৬ জন নেতা তাঁদের বক্তব্যে বলেন, দলকে চাঙা ও সক্রিয় রাখতে হলে জেলা কমিটির বর্তমান নেতৃত্ব পরিবর্তন করতে হবে।’ ওই সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সদস্য আমিনুল ইসলাম। প্রতিনিধি সভায় আতাউর রহমান খান কায়সার বলেছিলেন, ‘কক্সবাজারে আওয়ামী লীগের ভরাডুবির অন্যতম কারণ হলো অন্তর্কোন্দল। এখানকার নেতাদের লজ্জা নেই বলে এ অবস্থা হয়।’চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম সাংগঠনিক কার্যক্রম সম্পর্কে বলেন, ‘জেলা আওয়ামী লীগের নেতারা তৃণমূল নেতাদের খোঁজ রাখেন না। জোট সরকারের আমলে শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। সরকার গঠনের ২১ মাসে একটি মামলাও প্রত্যাহার হয়নি। শীর্ষনেতারা টাকা ছাড়া কিছুই করেন না। দলের বর্তমান অবস্থা দেখলে মনে হয় আমরা বিরোধী দলে আছি।’ কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান জানান, ‘জেলা শহরের রাজনীতি নিয়ন্ত্রণ করতে হলে এমন নেতা নির্বাচন করা দরকার, যাঁর ডাকে এক ঘণ্টায় কয়েক হাজার মানুষ হাজির হবেন। মানুষের সঙ্গে সম্পর্ক নেই এমন লোকের হাতে নেতৃত্ব থাকলে দলের বেহাল দশা চলতে থাকবে।’ চকরিয়ার উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেজাউল করিম জানান, তৃণমূল নেতারা চান, ত্যাগী ও যোগ্য তরুণ নেতৃত্ব দল পরিচালনার দায়িত্বে আসুক। কিন্তু সে সুযোগ খুব ক্ষীণ। যে কারণে দলের ভরাডুবি ঘটে সব সময়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ তাঁর অযোগ্যতা, অনুপস্থিতির অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার গতিশীল নেতৃত্বে দল সক্রিয় রয়েছে। বড় দলে কোন্দল থাকতে পারে।’