
জাতীয় স্কুল হকিতে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি দল। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় বায়তুশ শরফের ছাত্র শাহিনুল ইসলাম।
গত ২৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ফাইনাল খেলায় বান্দরবান বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় দলকে ২-০ গোলে হারিয়ে বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ হকি ফেডারেশন জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় আয়োজন করে। একই দিন সকালে চট্টগ্রাম নাসিরাবাদ সরকারি উচ্চবিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি। ১২ মার্চ থেকে ঢাকায় জাতীয় পর্যায়ের হকি খেলা অনুুষ্ঠিত হবে।
বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির পরিচালনা কমিটির সভাপতি এম এম সিরাজুল ইসলাম বলেন, এখানে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি বিতর্ক, গণিত, তথ্যপ্রযুক্তি ও খেলাধুলার চর্চা করানো হয়। এভাবে আমরা এই বিদ্যালয়কে জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়রা হলো বোরহান, তারেক, শাহিনুল ইসলাম, মো.আবদুল্লাহ, ওমর ফারুক, আবু বক্কর, তকিউল হাসান, সাকিব, সৌহার্দ্য, আমজাদ, মো. তৌহিদ, মো. আমজাদ, মো. জাবেদ, ইসমাইল, খোরশেদ, ইমন। দলের প্রশিক্ষক আলী খান ও আবুল কাশেম।