বিভাগীয় নাট্যোৎসব
কুন্তী দেবীর দুই সন্তান—অর্জুন ও কর্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবপক্ষে অর্জুন ও কৌরবপক্ষে কর্ণ সমূহ যুদ্ধে অবতীর্ণ হন। ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু ঠেকাতে কুন্তী ও দ্রৌপদী কর্ণকে যুদ্ধ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে ব্যর্থ হলে শান্তির বাণী নিয়ে এগিয়ে আসেন কৃষ্ণ। মহাভারত-এর কাহিনি অবলম্বনে কুরুক্ষেত্রের যুদ্ধের আগের দিনের ঘটনা নিয়ে নির্মিত বুদ্ধদেব বসুর রচনা ও সুচরিত দাশের নির্দেশনায় মঞ্চমুকুট নাট্যসম্প্রদায়ের প্রথম পার্থ গত শুক্রবার মঞ্চস্থ হয়। এতে কুন্তী, কর্ণ, অর্জুন, দ্রৌপদীসহ বিভিন্ন চরিত্রে অভিনয়কারীরা উতরে গেছেন বেশ। নাটকের নানা অঙ্কে দর্শকের করতালি যেন তাই প্রমাণ করে।‘মঞ্চে নাটক দেখুন’ স্লোগানে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২২-২৭ মে সপ্তাহব্যাপী বিভাগীয় নাট্যোৎসব অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে এবং শিল্পকলা একাডেমীর সহায়তায় এতে ছয়টি নাট্যদল অংশ নেয়। প্রথম পার্থ নাটকে কুন্তী চরিত্রে অভিনয় করেন নাট্যজন ইন্দিরা চৌধুরী। তিনি বলেন, ‘আমার বয়স কিন্তু কুন্তীর বয়সের সমসাময়িক নয়। কুন্তীর বয়সে আমি আরও পরে যাব। কিন্তু মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই আমি নিজেকে কুন্তী ভাবতে শুরু করি এবং ওই চরিত্রের সঙ্গে মিশে যাই। মঞ্চনাটক এমন একটা বিষয় যেটা সব সময় কাছে টানে।’নির্দেশক সুচরিত দাশ বলেন, ‘মঞ্চনাটকের সঙ্গে সাধারণ মানুষকে সংস্কৃতিতে সম্পৃক্ত করতেই আমাদের এ আয়োজন।’ চান্দগাঁও আবাসিক এলাকার রসুল আহমেদ বলেন, ‘পোশাক ও দৃশ্যসজ্জা এবং সাবলীল অভিনয় মন কেড়েছে।’নান্দীকারের কোর্ট মার্শাল, কথক নাট্যসম্প্রদায়ের অতিসাধারণ চিকিৎসক, অনন্যা নাট্যগোষ্ঠীর (চাঁদপুর) রাক্ষুসী, অনন্য থিয়েটারের ভূত এবং লোক থিয়েটারের একটি অবাস্তব গল্প নাটক বেশ প্রশংসিত হয়।