বিভাসের জমজমাট পৌষ উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌষের বিকেল। রোদের তেজ কমে আসতেই গায়ে লাগছিল হিমেল বাতাস। কিন্তু পৌষ উৎসবের উচ্ছ্বাস শীতকে জেঁকে বসতে দেয়নি। ঐতিহ্যবাহী লোকগান, নাচ, আবৃত্তি ও পুতুল নাচে জমজমাট হয়ে ওঠে বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্রের দুই দিনের পৌষ উৎসব। গত ২৮ ডিসেম্বর বেলা সাড়ে তিনটায় নগরের ডিসি হিল প্রাঙ্গণে এই উৎসব শুরু হয়।
‘পৌষ তোদের ডাক দিয়েছে, আয়রে চলে, আয় আয়’ স্লোগানে শুরু হওয়া এবারের পৌষ উৎসব উৎসর্গ করা হয় চট্টগ্রামের আঞ্চলিক গানের দিকপাল সদ্য প্রয়াত আবদুল গফুর হালীকে। আয়োজনের প্রথম দিন বিভাসের শিল্পীরা উপস্থিত দর্শকদের মুখে আবির লাগিয়ে দেন। এর মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
সাংস্কৃতিক পরিবেশনার প্রথমেই ছিল অভ্যুদয় সংগীত অঙ্গনের শিল্পীদের সমবেত পরিবেশনা ‘পৌষ তোদের ডাক দিয়েছে’। এরপর আরও পাঁচটি গান পরিবেশন করেন অভ্যুদয়ের শিল্পীরা।
গানের পর ছিল নরেন আবৃত্তি একাডেমির শিল্পীদের সমবেত আবৃত্তি পরিবেশনা ‘দেশের মানুষ নদীর মানুষ’। তামান্না ইসলাম শোনান বেশ কয়েকটি লালন গীতি। ভালো লেগেছে তাঁর কণ্ঠে ‘জাত গেল জাত গেল’ ও ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।
তামান্না ইসলামের গানের পর আবদুল গফুর হালীর গান শোনান শিমুল শীল। তিনি গাইলেন, ‘মোহছেন আউলিয়া বাবার বটতলী মাজার’ ও ‘দেহ ছাড়ি প্রাণ গেলে আর কেন দিন ফিরি আইত ন’। এরপর নটরাজ নৃত্যাঙ্গন একাডেমি নাচ পরিবেশন করে। নানা পরিবেশনার মধ্যে দর্শকদের নজর কেড়েছে ব্রাহ্মণবাড়িয়ার বানি-বীণা পুতুল নাচ দলের পরিবেশনা।
উৎসবের দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর বিকেলে আসর জমান রিকশাচালক মোস্তফা মণ্ডল। মুখ দিয়ে বিশেষ কায়দায় বাঁশি ছাড়াই বাঁশির সুর তোলেন তিনি। তাঁর পরিবেশনার পর ছিল সুনীল জলদাস ও তাঁর দলের ঢোলবাদন। ঢোলবাদনের রেশ শেষ না হতেই শুভ্রা সেনগুপ্তের নির্দেশনায় দলীয় নাচ পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স।
নাচের পর মাইম হাসানের মূকাভিনয় পরিবেশনা আসরে প্রাণের সঞ্চার করে। এরপর একক আবৃত্তি করেন ইকবাল খোরশেদ, আহসানউল্লাহ তমাল, রাশেদ হাসান, মাহবুবুর রহমান ও এহতেশামুল হক। আবৃত্তির পর গফুর হালীকে নিয়ে নির্মিত ‘কোন সাধনে তারে পাওয়া যায়’ শিরোনামে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে ছিল বিভাসের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে প্রয়াত সুরস্রষ্টা আবদুল গফুর হালীকে সম্মাননা প্রদান পর্ব। এতে বক্তব্য দেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, অধ্যাপক আনোয়ারা আলম প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানের পর গফুর হালীকে উৎসর্গ করে সুফি গান পরিবেশন করে ব্যান্ড দল আসওয়াদ। সুফি গানের পর বাউল গান পরিবেশন করেন বাউলশিল্পী রথিন মিত্র। সব শেষে ফানুস বাতি ওড়ানোর মধ্য দিয়ে আসরের সমাপ্তি ঘোষণা করা হয়।