
কথামালা, একক ও বৃন্দ আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বিভাস আবৃত্তি চর্চাকেন্দ্রের প্রথম অনুষ্ঠান। ৭ নভেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘আমরা আনিব রাঙা প্রভাত’ শিরোনামের এই আয়োজনে শিল্পীরা কবিতায় মাতিয়ে রাখেন দর্শকদের।
শুরুতে ছিল কথামালা। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম ও চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক রাশেদ হাসান। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শামীমা শিলা। অতিথিরা বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার হচ্ছে কবিতা। কবিতাই পারে দেশের ক্রান্তিলগ্নে দাবি আদায়ে সবাইকে একত্র করতে। দুর্নীতি ও কুসংস্কারের বিরুদ্ধে জাতিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে তোলে কবিতা।
কথামালা শেষে বৃন্দ আবৃত্তি দিয়ে শুরু হয় পরিবেশনা। শামীমা শিলার নির্দেশনায় ‘ইশতেহার’ কবিতাটি বৃন্দ পরিবেশনা করেন বিভাসের সদস্যরা। এরপর রাশেদ হাসানের নির্দেশনায় ‘জয় নিপীড়িত, জনগণ জয়’ বৃন্দ পরিবেশনা করে আমন্ত্রিত প্রমা আবৃত্তি সংগঠন।
একক আবৃত্তি করে মঞ্চ মাতান বরেণ্য আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম ও শিমুল মুস্তাফা। এ ছাড়া একক আবৃত্তি করেন শামীমা শিলা, গৌরী নন্দিতা, মুরাদ খান, ফেরদৌস কান্তা, নারজুমা আক্তার, রাকিব হাসান, তৃষ্ণা দেব, মেহেদি হাসান, শতাব্দী শুকুল, মো. মিরাজ, আবরার কাব্য, জাহিন আহমেদ, সাজন ভৌমিক ও মো. ঈশান।