বিভিন্ন উপজেলা থেকে যেভাবে এলেন নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোটের রোডমার্চ ও মহাসমাবেশে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলা থেকে দুই হাজার ১০০টির বেশি যানবাহনে প্রায় ৮০ হাজার নেতা-কর্মী অংশ নেয়। কর্মসূচি উপলক্ষে প্রায় সোয়া দুই কোটি টাকা খরচ হয়েছে বলে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে। প্রতিনিধিদের পাঠানো খবর আলোকিত ডেস্কবান্দরবান থেকে ১১৬ গাড়িবান্দরবান জেলার সাতটি উপজেলা থেকে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১১৬টি গাড়ি নিয়ে আড়াই হাজার নেতা-কর্মী রোডমার্চে অংশ নিয়েছেন বলে জানা গেছে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর অচল হয়ে পড়া জামায়াতে ইসলামীও রোডমার্চকে ঘিরে সচল হয়ে উঠেছে। তারা আলাদাভাবে ২০টি গাড়ি নিয়ে রোডমার্চে অংশ নেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেছেন, ‘সদর থেকে ২০টিসহ জেলা থেকে ৮৯টি গাড়িতে করে বিএনপির নেতা-কর্মীরা রোডমার্চে গেছে। অন্যদিকে জেলার সাংগঠনিক সম্পাদক আবদুল মাবুদ ও যুবদলের কেন্দ্রীয় আদিবাসীবিষয়ক সম্পাদক মংশৈ ম্রাই মারমা বলেছেন, ‘জেলা সদরের ২৬টি ও উপজেলার ৭০টি মোট ৯৬টি গাড়িতে প্রায় আড়াই-তিন হাজার নেতা-কর্মী রোডমার্চে অংশ নেন।’ ১৩০টি এসেছে বাঁশখালী থেকে১৩০টি গাড়ি নিয়ে বাঁশখালী থেকে বিএনপি-জামায়াতের প্রায় ১৩ হাজার কর্মী-সমর্থক যোগ দিয়েছেন মহাসমাবেশে। নেতা-কর্মীদের যাতায়াতের খরচ দিয়েছেন দলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। কোনো কোনো এলাকায় কর্মীদের খরচের জন্য জনপ্রতি ২০০ টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে সমাবেশকে ঘিরে ১০ থেকে ১২ লাখ টাকা খরচ হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর কবির চৌধুরী জানান, রোডমার্চের জন্য ১০০টি গাড়ি ঠিক করা হয়েছে। ১০ হাজার মানুষ এতে অংশ নেয়। নেতা-কর্মীদের সব খরচ দিচ্ছেন দলীয় সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী। বাঁশখালীর জামায়াতের পক্ষ থেকে ৩০টি গাড়ি ভাড়া করা হয়েছে। পুরো উপজেলা থেকে দলের তিন হাজার নেতা-কর্মী যোগ দিয়েছেন। গণ্ডামারা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহাদত ইউসুফ চৌধুরী বলেন, ‘আমার ইউনিয়ন থেকে রোডমার্চে অংশ নেওয়া দুই হাজার মানুষকে খরচের জন্য জনপ্রতি ২০০ টাকা করে দেওয়া হয়েছে।’ কক্সবাজারের খরচ কোটি টাকা দুই গ্রুপে বিভক্ত হয়ে চট্টগ্রামের সমাবেশ ও রোডমার্চে অংশ নিল কক্সবাজার জেলা বিএনপি। গতকাল সকাল আটটা থেকে জেলা বিএনপির কার্যালয় থেকে সাংসদ লুৎফর রহমানের নেতৃত্বে প্রায় আড়াই শ গাড়ি রওনা দেয়। অপর দিকে জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর নেতৃত্বে আজিজনগর থেকে ছেড়ে যায় ছয় শতাধিক গাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতার মতে, যানবাহন ও খাওয়া বাবদ প্রায় কোটি টাকা খরচ হয়েছে। চারদলীয় ঐক্যজোটের শরিকদল জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট পৃথকভাবে দেড় শতাধিক গাড়ি নিয়ে রোডমার্চে অংশ নেয়। বিএনপির দুই গ্রুপের নেতারা দাবি করেন, কক্সবাজার জেলা থেকে প্রায় এক হাজার গাড়িবহর নিয়ে ২০ হাজার নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে পর্যবেক্ষণে দেখা গেছে প্রায় ১৫ হাজার নেতা-কর্মী এতে যোগ দিয়েছেন। চন্দনাইশে বিএনপি ও এলডিপির শক্তি পরীক্ষা চন্দনাইশ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আলাদাভাবে রোডমার্চ ও মহাসমাবেশে অংশ নিয়ে নিজেদের শক্তির পরীক্ষা দিয়েছে। তবে এ নিয়ে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের কোনো তৎপরতা চোখে পড়েনি। তবে তাঁরা বিএনপির গাড়িবহরে কিংবা নিজ নিজ উদ্যোগে রোডমার্চ ও সমাবেশে যোগ দেন বলে জানা গেছে। চন্দনাইশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘বিএনপি একাই শতাধিক গাড়িবহর নিয়ে রোডমার্চ ও সমাবেশে যোগ দিয়েছে। তিনি বলেন, চারদলীয় ঐক্যজোটের সহযোগী হিসেবে এলডিপি আলাদাভাবে রোডমার্চ ও সমাবেশে অংশ নেয়।’ফটিকছড়ি থেকে দুই গ্রুপফটিকছড়ি উপজেলা বিএনপির দুই গ্রুপের প্রায় পাঁচ হাজার মানুষ আলাদাভাবে শতাধিক গাড়ির বহর নিয়ে রোডমার্চে যোগ দিয়েছে। এক গ্রুপের নেতৃত্বে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন এবং অপর গ্রুপের নেতৃত্বে ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক। যাতায়াত ও খাওয়ার জন্য খরচ হয়েছে ১০ লাখ টাকার বেশি। এ ছাড়া, জামায়াত ১০টি বাস, ১০টি মাইক্রোবাসে ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে কর্মসূচিতে অংশ নেয়। এক সপ্তাহ ধরে বিভিন্ন এলাকা থেকে গাড়িভাড়া করেন স্থানীয় নেতারা। উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন জানান, ফটিকছড়ি থেকে রোডমার্চে অংশ নেওয়ার জন্য ছোট-বড় শতাধিক গাড়ি ঠিক করা হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মো. ওমর ফারুক বলেন, ‘উপজেলা থেকে আমার নেতৃত্বে ৬৫টি বাস এবং শুভাকাঙ্ক্ষীদের ব্যক্তিগত ২৫টি প্রাইভেট গাড়ি রোডমার্চে অংশ নিয়েছে।’ কাপ্তাই থেকে গাড়ি আসেনিকাপ্তাই থেকে ভাড়া করা কোনো গাড়ি আসেনি রোডমার্চে। উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী ৭০টি ডিজিটাল ব্যানার নিয়ে সাধারণ যাত্রীবাহী বাসে করে রোডমার্চে অংশ নেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. দিলদার হোসেন বলেন, ‘প্রতিবন্ধকতা এড়াতে নেতা-কর্মীরা রিজার্ভ বাসে না গিয়ে যাত্রীবাহী বাসে করে রোডমার্চে অংশ নিতে গেছেন। কারণ, গত বছর খালেদা জিয়ার আগমন উপলক্ষে চট্টগ্রামের জনসভার উদ্দেশে যাওয়া বাসগুলোর ওপর সন্ত্রাসীরা হামলা চালায়।’ উপজেলা বিএনপির সহসভাপতি জাফর আহমদ জানান, চট্টগ্রাম যাওয়া-আসা এবং রাতে থাকা-খাওয়ার খরচ ব্যক্তিগতভাবে দেওয়া হয়। কাপ্তাইয়ে অবস্থানকারী রাঙামাটি জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম জানান, অধিকাংশ নেতা-কর্মী ৮ জানুয়ারি চট্টগ্রাম শহরে চলে যান। তাঁরা আত্মীয়স্বজনের বাসা-বাড়ি ছাড়াও বিভিন্ন হোটেলে অবস্থান করেন।খাগড়াছড়ির সমীরণ গ্রুপ যোগ দেয়নিখাগড়াছড়ির ৮ উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের (আবদুল অদুদ ভূঁইয়া সমর্থক) নেতা-কর্মীরা ৩০৬টি বাস, মাইক্রোবাস, কার নিয়ে রোডমার্চ ও সমাবেশে অংশ নিয়েছেন। কর্মসূচিতে যাতায়াত খাতেই খরচ হয়েছে অন্তত ২৫ লাখ টাকা। খাওয়া খরচসহ তা ৩০ লাখ টাকা হবে। তবে সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন অংশ কর্মসূচিতে অংশ নেয়নি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ইউসুফ চৌধুরী জানান, ‘কর্মসূচির জন্য কেন্দ্র থেকে কোনো টাকা দেওয়া হয়নি। জেলার ৩৬টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা থেকে অংশগ্রহণকারী প্রত্যেকের কাছ থেকে ৩০০ টাকা করে নেওয়া হচ্ছে।’খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপ এবং ফেনী-খাগড়াছড়ি সড়ক পরিবহন সমিতির কর্মকর্তারা জানান, প্রতিটি বাসের ভাড়া ১০ থেকে ১৪ হাজার টাকা।জেলা বিএনপির সমীরণ দেওয়ানের নেতৃত্বাধীন অংশের যুগ্ম সম্পাদক বাবুর্চে মারমা জানান, রোডমার্চ ও মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য তাঁরা কোনো কর্মসূচি নেননি। সমীরণ গ্রুপের কমিটি অনুমোদন না দেওয়ায় তাঁরা কর্মসূচিতে অংশ নেয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। পটিয়ার খরচ ৬০ লাখ টাকাগতকালের রোডমার্চ ও সমাবেশে পটিয়া থেকে বিএনপি, জামায়াতে ইসলামী ও এলডিপির থেকে প্রায় ২০ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। গতকাল সকাল আটটা থেকে বিভিন্ন ধরনের তিন শতাধিক গাড়িতে নেতা-কর্মীরা শহরের উদ্দেশে রওনা দেন। কর্মসূচিতে খরচ হয়েছে প্রায় ৬০ লক্ষাধিক টাকা। জানা গেছে, উপজেলা বিএনপির তিনটি গ্রুপ পৃথকভাবে কর্মসূচিতে অংশ নেয়। সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েলের গ্রুপের নেতৃত্ব দেন আবদুল জলিল চৌধুরী ও মাহমুদল হক। দ্বিতীয় গ্রুপের নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান ইদ্রিচ মিয়া ও খোরশেদ আলম। তৃতীয় পক্ষে ছিলেন স্থানীয় বিএনপির নেতা এনামুল হক। বিএনপির স্থানীয় একাধিক নেতা জানান, আড়াই শতাধিক গাড়িতে করে তিন গ্রুপের প্রায় ১৫ হাজার নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন। যানবাহনভাড়া, নেতা-কর্মীদের দুপুরের খাওয়া, ব্যানারসহ সব মিলিয়ে খরচ ধরা হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। সাবেক সাংসদ গাজী মোহাম্মদ শাহজাহান জানান, তাঁর সমর্থিত নেতা-কর্মীদের খরচের জন্য তিনি উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাদের হাতে ইতিমধ্যে ২০ লাখ টাকা দিয়েছেন। এনামুল হক জানান, তিনি একাই ১১৭টি গাড়ি দিয়েছেন। সব মিলে খরচ হচ্ছে ১২ লাখ টাকা। এলডিপি থেকে কর্মসূচিতে প্রায় দুই হাজার নেতা-কর্মী অংশ নেন। দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক এম এয়াকুব আলী জানান, তাঁর প্রায় ১০ লাখ টাকা খরচ হচ্ছে। জমায়াতের পটিয়া উপজেলা আমির মুকিবুল ইসলাম ফারুক বলেন, জামায়াত-শিবিরের সাড়ে তিন হাজার নেতা-কর্মী কর্মসূচিতে অংশ নেন।