প্রাথমিক শিক্ষা শেষ করার আগেই প্রায় বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়ার বড় কারণ হচ্ছে দারিদ্র্য। এ ছাড়া অভিভাবকদের সচেতনতার অভাব ও বিভিন্ন এলাকার অনুন্নত যোগাযোগব্যবস্থাও ঝরে পড়ার কারণ। তবে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ফলে ঝরে পড়ার হার কমছে। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন এ কথা বলেন।বিদ্যালয় থেকে শিশুদের ঝরে পড়া রোধে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, শিশুদের ঝরে পড়া রোধে নানা ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে এবং হচ্ছে। সারা দেশে ৭৮ লাখ শিশুকে উপবৃত্তির আওতায় আনা হয়েছে, যা মোট শিক্ষার্থীর প্রায় ৪৫ শতাংশ। ৯৬টি উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। পুষ্টিকর খাবার দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে। আনন্দ স্কুলের মাধ্যমেও ঝরে পড়া কমানো হচ্ছে। এ ছাড়া যেসব শিশু ঝরে পড়ছে তাদের আবারও বিদ্যালয়মুখী করার জন্য ‘রিচিং আউট অব স্কুল চিলড্রেন’ প্রকল্প চালুর জন্য পুনরায় চুক্তি হতে যাচ্ছে। শিশুদের বিদ্যালয়ে ধরে রাখার জন্য অবকাঠামোগত উন্নয়নও করা হচ্ছে। বিদ্যালয়বিহীন দেড় হাজার গ্রামে বিদ্যালয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় ৮০০ বিদ্যালয় স্থাপনও প্রায় শেষ হয়েছে। এসব পদক্ষেপের ফলে ঝরে পড়া অনেক কমেছে।প্রতিবন্ধী শিশুদের দেখভালের বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কেন—এ প্রশ্নের জবাবে আফছারুল আমীন জানান, যারা অতিমাত্রায় প্রতিবন্ধী তাদের বিষয়টি সমাজকল্যাণ মন্ত্রণালয় দেখে। যেভাবেই হোক তাদের শিক্ষা দেওয়া হচ্ছে। শুধু তা-ই নয়, ধর্ম মন্ত্রণালয়ের অধীনেও শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হচ্ছে। এতে খুব সমস্যা হচ্ছে না।ভাষাগত সমস্যার কারণে আদিবাসী অনেক শিশুই বিদ্যালয়ে আসে না। এ সমস্যা সমাধানে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, ‘প্রাক-প্রাথমিক শিক্ষায় একটি ভীতি থাকে। দেশে প্রায় ৭২টির মতো ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে। আমরা সব গোষ্ঠীর অক্ষর সংগ্রহ করতে পারিনি। তবে প্রাক-প্রাথমিক শিক্ষায় শিশুদের মধ্যে যাতে ভীতির সঞ্চার না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাদের ভাষাতেও পাঠদানের কথাবার্তা চলছে। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এ নিয়ে কথাবার্তা ও সেমিনারও হয়েছে। আমরা সুন্দর সমাধানের জন্য কাজ করছি।’ সাক্ষাৎকার নিয়েছেন মোশতাক আহমেদ