বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ক্যারিয়ারবিষয়ক সেমিনার। ১৯ ফেব্রুয়ারি প্রবর্তক সেন্টারে ‘ফ্রান্সে উচ্চ শিক্ষা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছাত্র-ছাত্রীরা ফরাসি ভাষার গুরুত্ব তুলে ধরতে নাটিকা পরিবেশন করেন।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ফরাসি দূতাবাসের কালচারাল অ্যাটাসে এমিলি শেসানিয়া। তিনি তরুণদের উচ্চশিক্ষা গ্রহণে প্যারিসে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ফরাসি ভাষা শিখে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণেরা এখন সহজেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা পেতে পারে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বিশ্বে এই ভাষার প্রতি সবার আগ্রহ বাড়ছে। আর তাই সবাই এখন ক্যারিয়ার গড়তে ফরাসি ভাষাকেই বেছে নিচ্ছেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রামের পরিচালক রাফায়েল ইয়েগার।
ইউএসটিসি: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি)-এর প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের আয়োজনে শেষ হলো দুই দিনব্যাপী অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার ‘পিসিম’ ও ‘ম্যাটল্যাব’ কর্মশালা। মূলত যেকোনো নতুন পাওয়ার প্লান্ট ও বিভিন্ন ধরনের ইলেকট্রিক সার্কিটের ডিজাইনের জন্য এই সফটওয়্যার দুটি ব্যবহূত হয়। গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের প্রভাষক সজীব চক্রবর্তী ‘পিসিম’ ও ৭ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ প্রভাষক সুদীপ্ত দে ‘ম্যাটল্যাব’ সফটওয়্যারের ওপর প্রশিক্ষণ দেন। কর্মশালায় প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের বিভিন্ন বিভাগের ৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়: ১৭ ফেব্রুয়ারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে ‘সাকসেস ইকোয়েশন’ শীর্ষক সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রণজিত কুমার ধর। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রভাষক সৈয়দ মিনহাজ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য মো. রফিকুল আলম। মূল প্রবন্ধ পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগের প্রধান সুদীপ্ত দেব। তিনি বলেন, ‘এর মাধ্যমে বিদ্যুৎ প্রবাহের সমীকরণ ব্যবহার করে মানবজীবনেও কিছু ক্ষেত্রে সফল হওয়া যায়। সমাজবিজ্ঞানে এর প্রভাব সূদূরপ্রসারী হতে পারে।’