বিভিন্ন স্থানে উন্নয়ন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলার বিভিন্ন স্থানে গতকাল বুধবার শেষ হয়েছে উন্নয়ন মেলা। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রম তুলে ধরা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
উখিয়া: কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। গত সোমবার বিকেলে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুদ্দিন মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হামিদুল হক চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম শাহরিয়ার নজরুল, আনসার ভিডিপির কর্মকর্তা মোস্তাফা কামাল, একটি বাড়ি একটি খামার প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আবদুল করিম প্রমুখ।
মেলায় সমাজসেবা, মহিলা অধিদপ্তর, কোডেক শিশুবান্ধব কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা অফিস, সমবায় কার্যালয়, শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, উপজেলা ভূমি অফিস, ব্র্যাকসহ ১৯টি স্টল স্থান পায়।
সাতকানিয়া: সাতকানিয়া উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত তিন দিনের উন্নয়ন মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। মেলা শুরু হয় ২৮ সেপ্টেম্বর। ওই দিন দুপুরে মেলার উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন। এর আগে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মেলায় ২১টি স্টলে উপজেলা ও ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্র, একটি বাড়ি একটি খামার প্রকল্প, প্রাণিসম্পদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য কমপ্লেক্স, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয়সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান দেশের উন্নয়নমূলক নানা তথ্য তুলে ধরে। মেলার উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাংসদ মো. নজরুল ইসলাম চৌধুরী, ইউএনও মোহাম্মদ উল্যাহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আছিয়া খাতুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিছবাহ উদ্দীন আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রমুখ।
মহেশখালী: গত দুই বছরে মহেশখালী উপজেলার ১১৬টি গ্রামীণ রাস্তা সংস্কারের পাশাপাশি ২০টি নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। এ ছাড়া মসজিদ, মন্দির, বিদ্যালয়সহ ২৮০টি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। গতকাল কক্সবাজারের মহেশখালীতে শেষ হওয়া উন্নয়ন মেলায় উপজেলার উন্নয়নের এই চিত্র তুলে ধরা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয় ২৮ সেপ্টেম্বর। মেলা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আশেকুল্লাহ রফিক। মেলায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় ডিজিটাল ব্যানারের মাধ্যমে গ্রামের উন্নয়নের চিত্র তুলে ধরে। এরপর মেলা উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হয়।
উন্নয়ন মেলা উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতি ছিলেন ইউএনও মোহাম্মদ আবুল কালাম। সভায় বক্তব্য দেন, উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ হোছাইন ইব্রাহিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক এম আজিজুর রহমান, ওসি মোহাম্মদ দিদারুল ফেরদাউস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল আলম প্রমুখ।
উন্নয়ন মেলায় মহেশখালীকে ঘিরে বর্তমান সরকারের নেওয়া বড় প্রকল্পগুলোও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে ১৫ হাজার মেগাওয়াট ধারণক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প, সোনাদিয়ার গভীর সমুদ্রবন্দর ও চারটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এসব প্রকল্প বাস্তবায়িত হলে বদলাবে এই এলাকার চিত্র। এ ছাড়া মেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে উপজেলার স্বাস্থ্যসেবা প্রদানের চিত্রও তুলে ধরা হয়।