বিভীষিকাময় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার্লির বয়স ৫০ ছুঁইছুঁই। যুক্তরাষ্ট্রের মিশিগানের এ লোকটির প্রিয় খেলা রাগবি। ছয় ফুট উচ্চতা আর ৩১৫ পাউন্ড ওজনের মানুষটি হইহুল্লোড় ছাড়া থাকতে পারেন না। আড্ডা শেষে বাড়ি ফিরতে ফিরতে প্রায় প্রতিদিনই রাত হয়। তবে আজকাল আর কোনো কিছুতেই মন বসে না। কিছুদিন হলো হারিয়েছেন বাবাকে। বান্ধবীর সঙ্গেও সম্পর্কটা ভালো যাচ্ছে না। ঘর থেকে বের হন না খুব একটা। যথাসম্ভব এড়িয়ে চলেন কাছের বন্ধুদের। তবে বসে বসে ঝিমানো চার্লির ধাতে নেই। তাই তিনি বের হলেন বাইরে। পাহাড়ে চড়া চার্লির পুরোনো শখ। শখটা ঝালিয়ে নিতে আপত্তি নেই। তাই তাঁবু, পাঁচ দিনের পর্যাপ্ত খাবার আর কম্পাস নিয়ে তিনি রওনা দিলেন সিয়েরা নেভাডার উদ্দেশে। গল্পটা ভালোয় ভালোয় শেষ হতে পারত। ঠিক পাঁচ দিন পরই সুস্থ শরীরে ফিরে আসতে পারতেন চার্লি, কিন্তু তা হয়নি। আচমকা ঝড় ওলটপালট করে দেয় সব। পাহাড়ে পথ হারান তিনি। কোনো রকম সাহায্য ছাড়াই অসহায় চার্লি ঘুরতে থাকেন দিগ্বিদিক। সিয়েরা নেভাডা সব সময়ই টানে চার্লিকে। বন্ধুদের সঙ্গে কয়েকবার ঢুঁ মারা হয়েছে ওদিকটায়। তাই বিপদের কথা একদমই ভাবা হয়নি। দিনক্ষণ ঠিক করে সেপ্টেম্বরের ১৭ তারিখ রওনা দিলেন তিনি। আবহাওয়া চমত্কার। আকাশে মেঘের ছিটেফোঁটাও নেই। বান্ধবী জুলিকে জানানো হলো সব। জুলি আপত্তি করল না। চার্লি ঠিক থাকুক এটাই তাঁর চাওয়া। দেখতে দেখতে চার্লি পৌঁছে গেলেন এডিসনে। নয় হাজার ২০০ ফুট উচ্চতায় পৌঁছে ভালোই লাগল তাঁর। সঙ্গে পর্যাপ্ত খাবার আছে। স্টোভে গরম করে নিলেই হলো। মাছ ধরে সময় কাটে চার্লির। টানানো হয়েছে তাঁবু। রাতে মস্ত আকাশজুড়ে থাকে অজস্র তারা। স্লিপিং ব্যাগে ঢুকে ঘুম দেন তিনি। মন্দ কাটে না সময়টা। চার্লির পরবর্তী গন্তব্য লেক ইতালি। দূরত্ব ১৫ মাইল। কম্পাসে দিক ঠিক করে রওনা দেওয়া হয়। প্রথম ১০ মাইল ঝামেলা হয়নি কোনো। নির্বিঘ্নে পথ পাড়ি দেওয়া হচ্ছিল। পথ যাতে ভুল না হয়, সে জন্য গাছের গায়ে দাগ কেটে রাখতেন তিনি। দিন ফুরোতে থাকে। শুক্রবার ভোরবেলা। ঘুম থেকে উঠে চার্লি দেখলেন, সূর্যটা ঢাকা পড়ে গেছে মেঘে। অন্ধকার চেপে বসেছে চারপাশটায়। দমকা হাওয়া বইছে। বোঝা যায় ঝড় আসবে। নতুন কম্পাসটা কাজ করছে না। সেই সঙ্গে শুরু হয়েছে তুষারপাত। এর তীব্রতা বাড়ছে ধীরে ধীরে। এখানে এসে প্রতিদিনই ডায়েরি লেখা হয়। আজ তিনি ডায়েরিতে লিখলেন, ‘পথ হারিয়েছি। ঝড় আসছে। সস্তা কম্পাসটা নিয়ে পড়েছি বিপদে। জানি না এরপর কী হবে।’ সেদিন দিনভর তুষারপাত হলো। ফুরিয়ে এসেছে খাবার। চার্লি হারিয়েছেন তাঁর মানচিত্র। ঘড়িতে সময় দেখলেন তিনি। আবহাওয়ার মতিগতি বোঝার উপায় নেই। এখন রাত না দিন, তা-ই ঠাওর করা যাচ্ছে না। প্রচণ্ড খিদের কষ্ট। তীব্র শীতে ঠকঠক করে কাঁপছিলেন চার্লি। এ মুহূর্তে দূরে বহু দূরে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কী-ই বা করার আছে। তাই তিনি তাকিয়েছিলেন হতবিহ্বল হয়ে হাজার ফুট নিচের পাথরে। বেঁচে কি ফিরতে পারবেন তিনি?রাতভর কেঁদেছেন জুলি। ঘুম হয়নি বলে চোখের নিচে পড়েছে কালি। চার্লি বেঁচে আছেন কি না, কে জানে। নিশ্চিত এই ঝড়ে পথ হারিয়েছেন তিনি। ঝড় হওয়ার সময় পার হয়েছে ৪৮ ঘণ্টা। ঘরে বসে না থেকে বের হলেন জুলি। কিন্তু গ্রান্টকে নিয়ে গেলেন পুলিশের কাছে। জানানো হলো সব। উদ্ধারকর্মীরা সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন। কিন্তু এ মস্ত পাহাড়ে খোঁজা যেন খড়ের গাদায় সুচ খোঁজা। চার্লিও বসে থাকেন না। তবু গুটিয়ে হাঁটতে শুরু। শরীরে ভর করেছে ক্লান্তি। দুর্বল শরীরটা নিয়ে হাঁটতে ভয় হয়। ডায়েরিতে তিনি লিখলেন, ‘দুর্বল শরীর নিয়ে হাঁটছি আমি। উদ্ধারকারীরা খুঁজে পাবেন এই আশায়।’ জুলির কথা ভাবেন চার্লি। ভাবেন বন্ধুদের কথা, সবাই নিশ্চয়ই এতক্ষণে খুঁজতে বেরিয়েছে তাঁকে। মনে পড়ে বাবার কথা। কান্না পায় চার্লির। পুরো শরীরে ব্যথা। তীব্র শীতে অবশ শরীরটা। ধীরে মেঘ কাটে। কমে তুষারপাত। হঠাৎ একটা হেলিকপ্টারের পাখার আওয়াজ পাওয়া যায়। চিত্কার করতে থাকেন চার্লি। অত দূরে ডাক পৌঁছায় না। হেলিকপ্টারের লোকগুলো ঠিকই দেখতে পায় তাঁকে। মেসেজ পাঠায়, আপনি যদি চার্লি হন, তবে এক হাত ওপরে তুলুন। আনন্দে দুই হাতই ওপরে তুলে দেন চার্লি। একেই কি বলে বেঁচে থাকার আনন্দ! হেলিকপ্টার থেকে সিঁড়ি ফেলা হয় নিচে। কিন্তু এই শরীর নিয়ে ওপরে ওঠার সামর্থ্য নেই। অবশেষে বেঁধে তোলা হয় তাঁকে। দেওয়া হয় খাবার। একটু গরম কফি পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন চার্লি। অবশেষে এযাত্রা বাঁচা গেল। চোখ মেলে আর থাকা যায় না। ঘুমিয়ে পড়েন চার্লি। ঘুমিয়ে পড়েন প্রচণ্ড ক্লান্তিতে। ঘুম ভাঙে জুলির ডাকে। ‘পড়ে পড়ে আর কত ঘুমোবে। ওঠো এবার।’ বলে হাসতে থাকেন। কী সুন্দর লাগছে তাঁকে। হাসপাতালের শয্যায় শুয়ে সবকিছু স্বপ্ন মনে হয়। শরীর কিছুটা সুস্থ এখন। ঘুমানোর পর কেটেছে ক্লান্তিটা। উদ্ধারকর্মীরা তাঁকে সরাসরি নিয়ে আসেন হাসপাতালে। এভাবে বেঁচে ফেরাটা সত্যিই অলৌকিক বটে। চোখ বন্ধ করলেন চার্লি। পাহাড় তাঁকে ডাকে। সুস্থ হলেই আবার হয়তো যাওয়া হবে পাহাড়ে। ওয়েবসাইট অবলম্বনেকিঙ্কর আহ্সান