কী অভিধায় তবে অভিহিত করা যায় বিভূতি সিকদারকে? গণিতপ্রেমী, তরুণ কবি, উঠতি গায়ক, ধীমান গীতিকার, নাকি মেধাবী শিক্ষার্থী? যদি বলি সব পদবিই সমানভাবে মানিয়ে যায় বিভূতির নামের আগে, তাতেও বুঝি অত্যুক্তি হয় না! কি কাব্যে, কি গানে, কি বিজ্ঞানে—সব রাজ্যেই যে সমান আধিপত্য তাঁর। বিভূতি তাঁর মেধার সাম্রাজ্য বাড়িয়েছেন দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতায়। তাই সম্প্রতি মিলেছে তাঁর অসামান্য মেধার স্বীকৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর—দুই পরীক্ষার ফলাফলেই হয়েছেন প্রথম শ্রেণীতে প্রথম। প্রথম হয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদেও। গলায় ঝুলিয়েছেন প্রধানমন্ত্রীর দেওয়া স্বর্ণপদক।এ পর্যন্ত পড়ে মনে হতে পারে, বিভূতি বুঝি খুবই বৈষয়িক। মোটেও তা নয়। তিনি অনেকটা মন যা চায়, তা-ই করি ভাই স্টাইলে জীবন যাপন করেন। কখনো মনের ঘুড়ি আকাশে উড়িয়ে লেখেন কবিতা। কখনো ছন্দে মাতাল হয়ে সেই কবিতায় ঢালেন সুর। সেই সুরে আবার নিজের কণ্ঠে বাঁধেন গান। আছে বিজ্ঞানের সঙ্গে তাঁর গোপন প্রণয়। তাই তাঁর কবিতা ও গানের শরীরে অবলীলায় ঢুকে পড়ে গণিত ও পদার্থ। তাঁর কাব্যগ্রন্থের নাম হয় ৩৬০ ডিগ্রি প্লাস। একদা বিজ্ঞানের টানেই পাড়ি জমিয়েছিলেন ভারতে। সেটা উচ্চমাধ্যমিক-পরবর্তী সময়ে। ভারত সরকারের আইসিসিআর মেধাবৃত্তি নিয়ে পড়তে গিয়েছিলেন কম্পিউটার সায়েন্সে। কিন্তু বিধি বাম। এক বছর পরই শরীরে বাসা বাঁধল অসুস্থতা। তাই বাধ্য হয়ে ‘খোকা বাবুর প্রত্যাবর্তন’ হলো দেশে।তাই বলে বিভূতি বসে থাকার পাত্রটি নন। ভর্তি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। এখানেই চেনালেন তাঁর আসল জাত। তার পরের গল্প তো জেনেছেন শুরুতেই। বাকি গল্পজুড়ে আছে বিভূতির বাবা, মা, বড় দুই বোন, অসংখ্য বন্ধুবান্ধব আর একটুকরা গোপালগঞ্জ।বিভূতির জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তবে বেড়ে ওঠা গোপালঞ্জ সদরে। বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আর মা গৃহিণী। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে বিভূতিই ছোট। ছোট—তাই সবার আদরে আদরে ‘বাঁদর’ হতে পারতেন বিভূতি। তা না হয়ে সেই শৈশব থেকেই মেধার পরিচয় দিতে শুরু করলেন। পঞ্চম ও অষ্টম—দুই শ্রেণীতেই বাগিয়ে নিলেন সাধারণ গ্রেডে বৃত্তি। এরপর এসএসসির পাট চুকালেন গোপালগঞ্জের এসএম মডেল সরকারি উচ্চবিদ্যালয় থেকে। আর এইচএসসির সনদ নিলেন সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে।বিভূতির এখন সময় কাটে কবিতা, গান, চলচ্চিত্র আর দেশের বাইরে পিএইচডি করার পথ-ঘাট খুঁজতে। ‘বিশ্বের সেরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি শেষ করতে চাই আমি। সে জন্য আবেদনও করে যাচ্ছি অনলাইনে। স্বপ্ন দেখি শিক্ষক হওয়ার।’ বলছিলেন বিভূতি সিকদার।তা হলে গণিত, কবিতা, গান? আমাদের উৎকণ্ঠিত মুখ দেখে হেসে ফেলেন বিভূতি। ‘ওসব তো আমার রক্তের সঙ্গে মিশে গেছে। যত দিন বেঁচে থাকব, তত দিন শিল্পের সঙ্গে থাকব, বিজ্ঞানের সঙ্গে থাকব। বিশেষ করে কবিতা আর গান নিয়ে অনেক নিরীক্ষা করার ইচ্ছা আছে আমার।’আসছে বইমেলায় দুটি বই বের করার পরিকল্পনা করছেন এই মেধাবী। গিটার শিখছেন প্রায় তিন বছর ধরে। গান লিখেছেন দেড় শতাধিক। খুব শিগগির গানের ভুবনেও আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটবে বলে জানালেন তিনি।আমরা অপেক্ষায় আছি বিভূতির মেধার শরীরে নতুন নতুন ভূষণ দেখার আশায়।