বিভ্রান্তি
অইন্যা চোরা ফিরে এসেছে। পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কেউ মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে, আবার কেউ বা অন্যত্র সরিয়ে রাখার কাজে ব্যস্ত। হাশিমের মায়ের মূল্যবান তেমন কিছু নেই। তার পরও পিতলের কলসিটা মাটিতে পোঁতার কাজ প্রায় শেষ পর্যায়ে। সবচেয়ে বুদ্ধির কাজ করছেন আসফিয়া বেগম। প্লাস্টিকের বয়ামে বীজ হিসেবে রাখা শিমের বিচি ভাজা করে খাওয়া হচ্ছে। তাঁর যুক্তি, চোরে খাওয়ার চেয়ে নিজে খাওয়াই উত্তম। এ যেন সম্পদের নিরাপত্তা বিধান ও ঝুঁকি হ্রাসের জীবন্ত মহড়া। প্রায় সবার মুখে একই কথা, এলাকার মানুষ বহুদিন সুখে ছিল। ব্যাটা আবার এলাকায় ঢুকেছে। সুতরাং চুরিচামারি এখন নিয়মিত ঘটবে। সে নাকি আবার ডাকাতদলের সঙ্গে মিশেছে। অতএব, রক্ষা নেই। হাটবাজার, চায়ের দোকান, সামাজিক অনুষ্ঠান—সব জায়গায় একই আলাপ, একই আশঙ্কা। কিন্তু যার বিরুদ্ধে এত বিষোদ্গার, তার সঙ্গে এ নিয়ে কেউ কথা বলতে রাজি না, পাছে তার নিশানায় পরিণত হয়। এত কিছু সত্ত্বেও গ্রামের কিছু লোক অইন্যা চোরার বিষয়ে নির্বিকার। সবচেয়ে বড় হতাশার কারণ, এলাকার সামাজিক বিচারক সবার প্রিয় মানুষ আনোয়ার পণ্ডিতও অইন্যা চোরাকে শায়েস্তা করার ব্যাপারে উদাসীন। তদুপরি কিছু মানুষ তাদের টাকাপয়সা, স্বর্ণালংকার ইত্যাদি অইন্যা চোরার কাছেই জমা রাখছে। তাদের ভাষায়, অনু বিশ্বস্ত। তার কাছে কিছু আমানত রাখা মানে নিশ্চিন্তে থাকা। বহুদিন ধরে তারা এই সুফল ভোগ করছে। এ দেখি পাগলের জনপদ!এদিকে গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবস্থা ত্রাহি ত্রাহি। কারণ, চলতি মাসে স্কুলে ছাত্রছাত্রীর উপস্থিতি কমে যাওয়ায় শিক্ষা অফিসার ক্ষুব্ধ। আর এ দেশের মতো বসবান্ধব দেশে বস ক্ষুব্ধ মানে জীবন অচল। তিনি শিক্ষা অফিসারকে বিনয়ের সঙ্গে জানান, ভয়ংকর অইন্যা চোরার হঠাৎ আগমন এবং স্কুলে যাওয়ার পথে চোরার বাড়িই এ অবস্থার কারণ। তিনি আরও জানান, তিন দিন আগে ঠিক স্কুল ছুটির সময় পথের মধ্যে অইন্যা চোরাকে দেখে স্কুলের বড় ছেলেদের চিৎকারে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রী অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফিরলে সে বলে ওঠে, ‘মা, চোরটি দেখতে ঠিক মানুষের মতোই!’ গ্রামবাসী ছাত্রছাত্রীদের ভয় পাওয়ার বিষয়টি সামাজিক বিচারক আনোয়ার সাহেবকে জানালে তিনি ছাত্রছাত্রীদের নিয়ে কাউনসেলিং সেশন আয়োজনের পরামর্শ দিয়ে বলেন, কথিত অইন্যা চোরার বিষয়ে কেউই সুনির্দিষ্ট কোনো অভিযোগ দিচ্ছে না। সবাই শুধু তাকে ভয়ই পাচ্ছে। আনোয়ার সাহেব আরও বলেন, ‘আমি ওসি সাহেবকেও বিষয়টি জানিয়েছি। তিনিও এ ব্যাপারে খোঁজখবর রাখছেন।’ সবাই যখন অইন্যা চোরার ভয়ে অস্থির তখন আচমকা আরেক কাণ্ড। সামাজিক বিচারক আনোয়ার সাহেবের কাছে উড়োচিঠি হাজির। চিঠিতে সেই অজ্ঞাতপরিচয় ডাকু সর্দার আসছে মাঘ মাসের ৫ তারিখে তাঁর বাড়ি ডাকাতি হবে মর্মে টাকাপয়সা জোগাড় করে রাখার পরামর্শ দিয়েছেন। অন্যথায় বড় ধরনের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে। এর ফলে ঘটনা অন্যদিকে মোড় নেওয়ার কথা। কিন্তু যত দোষ নন্দ ঘোষ। সব দোষ গিয়ে পড়ে শেষতক সেই অইন্যা চোরার ঘাড়ে। এ নিশ্চয় তারই কারসাজি। অতএব, ক্ষুব্ধ গ্রামবাসী আনোয়ার সাহেবের বাড়িতে একত্র হয়ে অইন্যা চোরাকে দোষারোপ করে তাকে শায়েস্তা করার প্রস্তাব দিলে আনোয়ার সাহেব গ্রামবাসীকে এবারও শান্ত থাকতে বললেন এবং ডাকাতের বিষয়ে কী করণীয় তার পরামর্শ চাইলেন। অনেক পরামর্শের মধ্যে ঠিক হলো, সম্ভাব্য ডাকাতির ঘটনার দিন রাতব্যাপী আনোয়ার সাহেবের বাড়ির আঙিনায় জারিগানের ব্যবস্থা করা হবে। সিদ্ধান্তমোতাবেক ওই দিন সন্ধ্যায় ১০টি হ্যাজাক লাইট দিয়ে বাড়ি আলোকিত করা হলো, বারেক কসাই দুটি ষাঁড় জবাই করলেন, শফি বাবুর্চি রান্নার আয়োজনে ব্যস্ত, দুজন ব্রাহ্মণ সনাতনদের জন্য নিরামিশ রান্নায় মনোনিবেশরত, বীরেন্দ্র কর্তার তামুক সাজতে বসেছেন করুণা পাল। বিশালদেহী হারুন বলি টেঁটা হাতে স্বেচ্ছাসেবক বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন। তাঁর ভুঁড়ির চাপে পড়লে যেকোনো ডাকাতের খবর আছে। ইতিমধ্যে চট্টলা থেকে কালাম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে জব্বর বয়াতি তাঁর দলবল নিয়ে হাজির। বিতর্ক হচ্ছে, কী বিষয়ে জারি চলবে। সিদ্ধান্ত হলো, কৃষি, কৃষক, তাদের অবদান ও বঞ্চনার বিষয়ে জারি হবে। কালাম বয়াতি নিলেন কৃষকের পক্ষ এবং জব্বর বয়াতি শিল্পপতির। কালাম বয়াতির জারিতে উঠে আসছে কৃষকের বঞ্চনা, কৃষিজমি হারানোর কাহিনি, অপরিকল্পিত উন্নয়নের ভয়ংকর থাবা, জনসংখ্যা বৃদ্ধির কুফল ইত্যাদির রসাত্মক বর্ণনা। ভোজের পর মধ্যরাতে জারির দ্বিতীয় পর্যায় চলছে। শত শত মানুষ আকৃষ্ট। ঠিক এমন সময় বাড়ির বাইরে চিৎকার। সবাই হতভম্ব। তাহলে ডাকাত এসেই পড়ল! হারুন বলি ছাড়া সব নিরাপত্তাকর্মী মুহূর্তের মধ্যে হাওয়া। গ্রামের সবচেয়ে শীর্ণকায় ব্যক্তি হাকিম সাহস করে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ডাকাত নয়, বড় খড়ের ঢিবিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ব্যস্ত হয়ে পড়ল সবাই। সেই সুযোগে আনোয়ার সাহেবের শূন্য ঘর থেকে ডাকাতদল সব লুট করে চম্পট দিল। হারুন বলি টেঁটা হাতে তখনো বাড়ির আঙিনায় দাঁড়িয়ে। আসলে বেচারার করার কিছু ছিল না। কারণ, চিৎকার শোনামাত্রই তিনি মূর্ছা গিয়ে টেঁটা হাতে ঠায় দাঁড়িয়ে ছিলেন। তাঁর নিরাপত্তা দলের অন্যরা পালানোর সুযোগ পেলেও তিনি তা ভোগ করতে পারেননি।ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল। ক্ষুব্ধ গ্রামবাসী আনোয়ার সাহেবের কথা অমান্য করে ছুটে গিয়ে অইন্যা চোরার বাড়িতে আগুন দিল। ঘুমন্ত অইন্যা চোরা ঘরে আটকা পড়ল। জ্বলন্ত ঘর থেকে একপর্যায়ে সে আধাদগ্ধ অবস্থায় একটি বাক্স নিয়ে কোনোরকমে বেরিয়ে এল। আনোয়ার সাহেব তাঁকে উদ্ধার করে বাক্সসহ হাসপাতালে নিলেন। অইন্যা চোরার মুমূর্ষু অবস্থা। সে বাক্সটি আনোয়ার সাহেবকে নিতে বলেই অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান অবস্থায় ১২ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করে হেরে গেল। উল্লসিত গ্রামবাসী অইন্যা চোরার মৃত্যুতে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ করল। হারুন বলি একাই ১০টি মিষ্টি গিললেন। ওসি সাহেব গ্রামে এলেন। তাঁর সামনে একান্তে আনোয়ার সাহেব বাক্সটি খুলে দেখলেন, সেখানে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকাপয়সা।ঘটনার অনেক দিন পর হঠাৎ একদিন ওসি সাহেব বদলির প্রাক্কালে আনোয়ার সাহেবকে ডেকে পাঠিয়ে ক্ষমা চেয়ে বললেন, ‘আপনি কথিত অইন্যা চোরার বিষয়ে আমার সহযোগিতা চেয়েছিলেন। কিন্তু ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সঠিক পদক্ষেপ নিতে পারিনি। অইন্যা চোরা কথিত চোর, নিজেই অপপ্রচারের শিকার বলে আপনি আমাকে ইঙ্গিত দিয়েছিলেন। আমাদের গোপন তদন্তে সেটাই প্রমাণিত হয়েছে। অন্তর্মুখী অনু মিয়া (অইন্যা চোরা) আসলে একা মানুষ। ছোটবেলায় বাপ-মাকে হারিয়ে অনেকটা অনাদরে-অবহেলায় দূর-আত্মীয়ের কাছে বড় হয়। কিশোর বয়সের ছোটখাটো চৌর্যবৃত্তিকে অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিল কয়েকজন ধূর্ত লোক। বিভ্রান্ত সহজ-সরল গ্রামবাসীর মধ্যে একটি প্রবল জনমত তৈরিতে তারা সক্ষম হয়। অনু মিয়া হয়ে যায় অইন্যা চোরা।’মোহাম্মদ রেয়াজুল হক ঠিকানা পাওয়া যায়নি