ফেনী ও সোনাগাজী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। সোনাগাজী পৌরসভায় বিএনপি-সমর্থিত দুই প্রার্থী ছাড়াও চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামী-সমর্থিত একজনও মেয়র পদে প্রার্থী হয়েছেন। এতে একদিকে বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েছেন। অন্যদিকে দলের সাধারণ সমর্থক ও ভোটারদের মধ্যে দেখা দিয়েছে বিভ্রান্তি। এ ছাড়া, সোনাগাজীতে জোটের মধ্যেও টানাপোড়েন শুরু হয়েছে।এদিকে, সোনাগাজী পৌরসভায় আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক রফিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। তবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম মিস্টারও মেয়র পদে প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, তাঁকে দল থেকে বহিষ্কার করা হলেও তিনি নির্বাচন করবেন। তাঁর দাবি, সাধারণ ভোটার ও দলীয় কর্মী-সমর্থকেরা তাঁর সঙ্গে রয়েছেন।দলীয় সূত্র জানায়, জেলা বিএনপির পক্ষ থেকে জেলা কমিটির সদস্য ও ফেনী শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুক হারুনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টারও নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। দলীয় অঙ্গসংগঠন ও কর্মী-সমর্থকদের নিয়ে সভা করছেন। পাড়া-মহল্লা, বাড়ি বাড়ি ও দোকানপাটে গিয়ে গণসংযোগ করে ভোট চাইছেন। অপর দিকে ফেনী পৌরসভার বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল আবসারও নিজেকে বিএনপির প্রার্থী দাবি করে প্রচারণা চালাচ্ছেন। তাঁর সঙ্গেও বেশ কিছু বিএনপি ও ছাত্রদল নেতা-কর্মীকে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন মিস্টার প্রথম আলোকে জানান, তাঁদের দলীয় প্রার্থী মো. ফারুক হারুন। নুরুল আবসার এখন দলের কোনো পর্যায়ে নেই। তাঁকে দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া বা সমর্থন দেওয়ার প্রশ্নই আসে না। অপরদিকে নুরুল আবসারের দাবি, তিনি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করে দলীয় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। ফখরুল ইসলাম তাঁকে প্রার্থী হতে বলেছেন। তাঁর (আবসারের) সঙ্গে ফেনী পৌর বিএনপির বেশির ভাগ নেতা-কর্মী কাজ করছেন। সোনাগাজী পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু নিজেকে জেলা বিএনপির প্রার্থী দাবি করছেন। ফেনী জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সৈয়দ আলম ভূঁঞারও দাবি তিনি স্থানীয় বিএনপির প্রার্থী। এই দুজনের পক্ষেই দলীয় নেতা-কর্মীরা নির্বাচনী মাঠে কাজ করছেন বিভক্ত হয়ে। এলাকায় প্রচার আছে সেন্টু জেলা বিএনপি সভাপতি সাঈদ এস্কান্দর সমর্থিত আর সৈয়দ আলম স্থানীয় সাংসদ মোশাররফ হোসেনের আর্শীবাদপুষ্ট। এদিকে, সোনাগাজী পৌরসভায় চারদলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর মোহাম্মদ হোছাইন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চারদলীয় জোটে টানাপোড়ন দেখা দিয়েছে। তবে সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা প্রথম আলোকে জানান, তাঁদের একই প্রার্থী গত নির্বাচনেও প্রার্থী ছিলেন। তাঁদের নির্বাচনের প্রস্তুতিও আগে থেকে ছিল। জয়ের ব্যাপারেও তাঁরা আশাবাদী। সোনাগাজী উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন বলেন, ‘আমরা আমাদের দলের দুই প্রার্থীকে এক করার চেষ্টা করছি। এ ছাড়া, জামায়াতের সঙ্গেও আলোচনার চেষ্টা চলছে। আশা করি কোনো একটা উপায় বের করা যাবে।’বিএনপি সমর্থিত ভোটার আবুল কালাম ও আবু আহমদ বলেন, ‘একাধিক প্রার্থী থাকায় আমরা এখনো কাকে ভোট দেব ঠিক করতে পারছি না।’ এ অবস্থা চলতে থাকলে তা জোটের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে তাঁরা মন্তব্য করেন।