১৯৭৭ সালের ২৮ সেপ্টেম্বর। ফ্লাইট ৪৭২ নামের একটি জাপানি বিমান ১৫৬ জন যাত্রী নিয়ে ফ্রান্সের প্যারিস থেকে জাপানের টোকিওর হেনাডা বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে যাত্রাবিরতি ছিল ভারতের মুম্বাইয়ে।মুম্বাই থেকে ওড়ার পর ‘ইউনাইটেড রেড আর্মি’ নামে জাপানের বামপন্থী সশস্ত্র সংগঠনের সদস্যরা বিমানটি ছিনতাই করে নিয়ে আসে ঢাকা বিমানবন্দরে। এই ঘটনা নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ইউনাইটেড রেড আর্মি নির্মাণ করেন বাংলাদেশের তরুণ চলচ্চিত্রকার নাঈম মোহায়মেন। চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের উদ্যোগে ২৪ মে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে এ প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়।জাপানের বিমান ছিনতাই নাটকের আড়ালে চাপা পড়ে যাওয়া বাংলাদেশের সেই সময়কার পরিস্থিতিই যেন এই চলচ্চিত্রে তুলে ধরতে চেয়েছেন পরিচালক। বাংলাদেশ টেলিভিশনে যখন ফলাও করে প্রচার করা হচ্ছিল জাপানি বিমান ছিনতাইয়ের গল্প, তখন দেশের সেনা শিবিরে চলছিল অস্থিরতা। জাপানি বিমান ছিনতাই রক্তপাতহীনভাবে শেষ হলেও সেই সময়কার ঘটনায় রক্তস্নাত হয়েছিল বাংলাদেশ। চলচ্চিত্রটির বেশির ভাগ দৃশ্যেই ছবির চেয়ে কথার প্রাধান্য ছিল বেশি। ভিন্নধর্মী এ প্রামাণ্যচিত্র নির্মাণ করায় পরিচালককে সাধুবাদ জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ঢালী আল মামুন। তিনি বলেন, ‘তথাকথিত চলচ্চিত্র নির্মাণের ধারণা থেকে বেরিয়ে এসে পরিচালক যে ধরনের ব্যতিক্রমী চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছেন, এটি অসাধারণ!’প্রদর্শনীর পর প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাদিয়া আক্তার বলেন, ‘শব্দ যে ছবির চেয়েও শক্তিশালী হয় এবং শুধু শব্দ দিয়েই যে একটি চলচ্চিত্র নির্মাণ করা যায়, এটি তার উৎকৃষ্ট প্রমাণ।’চলচ্চিত্র প্রদর্শনী শেষে পরিচালক নাঈম মোহাইমেন দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি বলেন, ‘সব সময় ঘটনার পেছনের রহস্য নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। যে ঘটনা কেউ কখনো জানেনি, আগে সেটা নিয়েই কাজ করতে চাই। এই প্রামাণ্যচিত্রটিও এ ধরনের একটি চেষ্টা।’